চি ঠি প ত্র
মুঠোফোন রিচার্জ কমিশনবাংলাদেশ মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ীরা বহু বছর ধরে চলে আসা হাজারে ২৭ টাকার পরিবর্তে ১০০ টাকা কমিশন বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন ধরে সভা-সমাবেশ, মিছিল, ক্ষোভ-বিক্ষোভ ও মানববন্ধন থেকে শুরু করে নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন-সংগ্রাম চালিয়ে আসছে। এমনকি মুঠোফোন কর্তৃপক্ষ, সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর-অধিদপ্তর কর্মকর্তাদের সঙ্গে দফায় দফায় আলোচনায় দাবির ন্যায্যতা স্বীকার করে আশাতীত আশ্বাসে আমরা শুধু আশান্বিতই হয়েছি, কাজের কাজ কিছুই হয়নি। এ রকম একটা অনিশ্চিত অবস্থায় মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের নেতাদের সামনে বিকল্প কোনো কর্মসূচি না থাকায় নিতান্ত বাধ্য হয়ে গত ২০ সেপ্টেম্বর ঢাকা মহানগরের উত্তর ঢাকার সর্বত্র রিচার্জ কার্যক্রম বন্ধ রাখার কর্মসূচি পালন করে। পূর্বঘোষিত এই কর্মসূচি সফলভাবে পালিত হলেও এতে জনসাধারণ যেমন ভোগান্তিতে পড়েছেন, তেমনি হয়রানির শিকারও হয়েছেন অনেক। যদিও এর কোনোটাই আমাদের কাম্য ছিল না। কিন্তু এক হাজার টাকায় মাত্র ২৭ টাকা কমিশনের বিনিময়ে এমন একটি কষ্টসাধ্য সেবা প্রদান করা যে আসলেই অমানবিক ও অবিচেনাপ্রসূত, এ বিষয়টিও আমাদের জনগণের অনেকেই অনুভব করেছেন। ফলে ভোগান্তির শিকার হলেও আমাদের আন্দোলনের প্রতি জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন লক্ষ করেছি। অন্যদিকে সেদিনকার কর্মসূচি কত ব্যাপক ছিল, তা-ও বোঝা গেছে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত সংবাদ বুলেটিনে। কিন্তু এত কিছুর পরও এ ব্যাপারে যাদের টনক নড়ার কথা, তাদের তরফ থেকে আজ পর্যন্ত কোনো রকম পদক্ষেপ আমাদের দৃষ্টিগোচর না হওয়ায় শুধু হতাশা নয়, ক্ষোভের মাত্রাটাও বাড়ছে। জানি না এর অবসান কখন কীভাবে হবে। তবে অচিরেই কোনো সুরাহা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বাংলাদেশের প্রায় পাঁচ লাখ রিচার্জ ব্যবসায়ী। মুঠোফোন কোম্পানিগুলো প্রতিষ্ঠালগ্ন থেকে নামমাত্র কমিশনের বিনিময়ে যে সেবামূলক কাজটি অত্যন্ত সুচারুভাবে আদায় করে নিচ্ছে, তাতে কোনো রকম ছেদ পড়ুক, তা আমাদের কাম্য নয়। যদি সত্যি সত্যি কোনো ব্যত্যয় ঘটে, তবে আমাদের মতো খেটে খাওয়া স্বল্পপুঁজির ব্যবসায়ীদের দায়ী করার কোনো যৌক্তিক কারণও হয়তো থাকবে না। তাই মোবাইল ফোন কোম্পানিগুলোর প্রতি আবারও এই সমস্যা সমাধানে খোলা মন নিয়ে আলোচনায় এগিয়ে আসার আহ্বান জানাই।জনৈক ভুক্তভোগী ব্যবসায়ী