চি ঠি প ত্র
সেমিস্টার-পদ্ধতিশিক্ষার মান উন্নত করা, সেশনজট কমানো ইত্যাদি কারণ দেখিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শুরু থেকেই অর্থাৎ ২০০৫-০৬ শিক্ষাবর্ষ থেকে সেমিস্টার-পদ্ধতি সব বিভাগে চালু করা হয়। কিন্তু আজ অর্ধযুগ পার করে এসে বিচার-বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে জবিতে সেমিস্টার-পদ্ধতি চালু করা হয়েছিল, তা সফল হয়নি। এর কারণ হলো, বিভিন্ন বিভাগে সেমিস্টারভিত্তিক কোর্সের পরিকল্পনাহীনভাবে শিক্ষাদান এবং শিক্ষকদের আন্তরিকতার অভাব। শিক্ষার্থীরা কী পড়বেন, কীভাবে পড়বেন, কোথা থেকে পড়বেন—এসব ব্যাপারে সঠিক কোনো দিকনির্দেশনা নেই। দায়সারাভাবে কোর্স পড়িয়ে দেওয়া হচ্ছে। নির্দিষ্ট কোর্সের কিছু শিট ধরিয়ে দেওয়া হচ্ছে কিংবা গৎবাঁধা নোট ফটোকপি ও মুখস্থ করে শিক্ষাজীবন পার করছেন শিক্ষার্থীরা। কোনো কোনো সেমিস্টার শেষ হতে নয় মাস লেগে যাচ্ছে। আবার দায়সারাভাবে কোনো সেমিস্টার পাঁচ মাসে শেষ করে দেওয়া হচ্ছে। এতে শিক্ষার্থীরা বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বিদ্যা অর্জন করতে পারছে না। ফলে বাড়ছে সেশনজট। ২০০৫-০৬ শিক্ষাবর্ষের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের এত দিনে মাস্টার্স শেষ হওয়ার কথা। কিন্তু তাঁরা এখনো মাস্টার্সে প্রথম সেমিস্টারে অধ্যয়নরত। জীবন থেকে ইতিমধ্যে আড়াই বছর হারিয়ে গেছে। ব্যবহারিক ক্লাসে পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাবে বিজ্ঞানের শিক্ষার্থীদের ভুগতে হচ্ছে সবচেয়ে বেশি। সেমিস্টার শুরুর প্রথম দিকে ব্যবহারিক ক্লাস না করিয়ে শেষের দিকে তাড়াহুড়ো করে ব্যবহারিক ক্লাস-পরীক্ষা শেষ করতে অতিরিক্ত সময় লেগে যাচ্ছে।তা ছাড়া, বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে পুস্তকের সংকট, বিভাগগুলোতে কম্পিউটার ল্যাব না থাকা, আবাসন সংকট, পরিবহনব্যবস্থার অপ্রতুলতা এবং রাজনৈতিক হয়রানির ফলে শিক্ষার্থীদের জন্য কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ে সাধারণত গরিব মেহনতি মধ্যবিত্ত ঘরের সন্তানেরা তুলনামূলকভাবে ভালো মেধার পরিচয় দিয়ে শিক্ষা অর্জনে আসেন। বিশ্ববিদ্যালয়ের উচিত এসব মেধাবী শিক্ষার্থীর আরও বেশি সুযোগ-সুবিধা প্রদান এবং শিক্ষার মান উন্নত করার মাধ্যমে রাষ্ট্রকে ভবিষ্যতে সঠিক নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত করা। মনে রাখা দরকার, শিক্ষার্থীরা কখনোই শিক্ষকের প্রতিপক্ষ নয়। শিক্ষক কখনো শিক্ষার্থীর বন্ধু, আবার কখনো অভিভাবক। শিক্ষকের উৎসাহ-অনুপ্রেরণা শিক্ষার্থীদের অনেক দূর নিয়ে যেতে পারে। শিক্ষক-শিক্ষার্থীর মিলিত প্রচেষ্টায় যেকোনো সমস্যার সমাধান সম্ভব। তাই দরকার সঠিক পরিকল্পনা ও আন্তরিকতা। সেমিস্টার-পদ্ধতির আমূল পরিবর্তন দরকার।সাধন সরকারভূগোল ও পরিবেশ বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।