চি ঠি প ত্র
আদমশুমারিগত ১৫-১৯ মার্চ দেশব্যাপী আদমশুমারি ও গৃহগণনা সম্পন্ন করা হলো। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর লোকবল-সংকট এবং ভাড়ায় খাটানো অদক্ষ লোক দিয়ে জরিপকাজ সম্পন্ন করায় অনেক লোক ও গৃহ যেমন গণনা থেকে বাদ পড়েছে, তেমনি জগাখিচুড়ি এই আদমশুমারিতে উল্লিখিত তথ্যের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন রয়েছে। অথচ এমন এক জরিপের জন্য সরকারের প্রচুর অর্থ ব্যয় হয়ে গেল। পরিসংখ্যান ব্যুরোর মাঠপর্যায়ের অন্য তথ্যগুলোতেও অতীতে গরমিল লক্ষ করা গেছে। শস্য উৎপাদনের ভুল তথ্য উপস্থাপন করায় স্বয়ং বর্তমান কৃষিমন্ত্রী এই পরিসংখ্যান ব্যুরোর কার্যক্রমের সমালোচনা করেছিলেন কয়েক মাস আগে। এ ক্ষেত্রে তাদের অজুহাত হচ্ছে ‘লোকবলের সংকট’। এবং এই অজুহাতের কাছে সরকারও অসহায়। সত্যি কথা বলতে সংকটটি আসলেই চরম। শুমারির ফলাফল প্রকাশের জন্য তারা যে সময়ের উল্লেখ করেছে, তাতেই বিষয়টি স্পষ্ট। অথচ এই শুমারির মাঠপর্যায়ের দায়িত্ব যদি ইউনিয়ন পরিষদের ওপর ন্যস্ত করা হতো, তাহলে এত লোকবল, অর্থ ও সময়ের প্রয়োজন হতো না। অন্যদিকে জরিপের তথ্যও বেশ গ্রহণযোগ্য হতো। ইউনিয়ন পরিষদের ওয়ার্ড মেম্বাররা নিজের এলাকায় কার ঘরের গাভি কত সের দুধ দেয়, তার খবরও রাখেন। ইউনিয়ন পরিষদ উপজেলা তথ্য অফিসে তথ্য পৌঁছাবে, উপজেলা থেকে জেলা এবং জেলা থেকে বিভাগীয় পর্যায় ঘুরে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অফিসে চূড়ান্ত ফলাফল পৌঁছাবে। এভাবে করা হলে প্রতি ১০ বছর নয়, প্রতিবছরই দেশে কত লোক বাড়ল বা মারা গেল, কতটি ঘর নির্মাণ করা হলো বা ভাঙা হলো, তার সঠিক হিসাব পাওয়া যাবে। উপরন্তু ১০ বছরের শুমারির বাজেট দিয়ে একবার নয়, ১০ বার শুমারি করা যাবে বলে আমি মনে করি। প্রস্তাবটি ভেবে দেখার জন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি। মোহাম্মদ রুহুল কুদ্দুস চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।