চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবে পাব এমপিওশিক্ষকেরা হলেন সমাজের বাতিঘর। সামাজিক ও জাতীয় উন্নয়নে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে শিক্ষকের ভূমিকা সর্বাধিক। শিক্ষকেরা উপেক্ষিত মানে সামাজিক ও জাতীয় উন্নয়ন বাধাগ্রস্ত। সমাজের প্রত্যেক পেশাজীবীই শিক্ষকদের সৃষ্টি। বাতিঘরের অবস্থা আজ নুন আনতে পান্তা ফুরোয়। বেসরকারি নন-এমপিও শিক্ষকেরা যখন তাঁদের বেতন আর মর্যাদার জন্য রাস্তায় নামেন, তা প্রত্যেক বিবেকবান মানুষকেই আহত করে। প্রায় দুই বছর যাবৎ সারা দেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের এমপিও দেওয়া হচ্ছে না। তাঁরা অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছেন। বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে সমাজে বসবাসরত অন্যান্য পরিবার যখন আনন্দ উৎসব পালন করছে, তাঁরা তখন কালো ব্যাজ ধারণ করছেন। শিক্ষা বিস্তারের দায়িত্ব যে শিক্ষকদের ওপর ন্যস্ত, সেই শিক্ষকসমাজ আজ পদে পদে বৈষম্যের শিকার। চরমভাবে উপক্ষিত ও অবহেলিত। নানাভাবে হয়রানি ও নির্যাতনের শিকার হচ্ছেন। সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মধ্যে বিরাট পেশাগত বৈষম্য সৃষ্টি হয়ে আছে। উভয় প্রতিষ্ঠান একই পাঠ্যক্রম ও পাঠ্যসূচি অনুসরণ করে। দেশের মোট শিক্ষার্থীর ৯০ শতাংশের দায়িত্ব নিচ্ছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা, কিন্তু সুযোগ-সুবিধার ক্ষেত্রে মাত্র ১০ শতাংশ ভোগ করেন তাঁরা, আর ৯০ শতাংশ সুযোগ-সুবিধা ভোগ করেন সরকারি শিক্ষক-কর্মচারীরা। বর্তমান সরকার শিক্ষাবান্ধব। তাই শিক্ষকদের এমপিও প্রদান ও পেশাগত বৈষম্য দূরীকরণে এই সরকার যুগান্তকারী ভূমিকা পালন করবে বলে আশা করি। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের একজন শিক্ষক-কর্মচারী বাড়িভাড়া পান ১০০ টাকা, চিকিৎসা ভাতা ১৫০ টাকা। অথচ আজকের বাজার অর্থনীতিতে ১০০ টাকা দিয়ে বাড়িভাড়া তো দূরের কথা গাছতলাও ভাড়া পাওয়া যায় না। একজন শিক্ষককে শ্রেণীকক্ষে গিয়ে সংসার কীভাবে চলবে, সেই চিন্তা যদি করতে হয়, তবে সেই শিক্ষকের কাছে বেশি কিছু প্রত্যাশা করা অনৈতিক। পৃথিবীর অন্যান্য দেশে শিক্ষকেরা যখন সামাজিক মর্যাদা ও সর্বোচ্চ বেতনকাঠামো ভোগ করছেন, আমরা তখন অনিশ্চয়তার মধ্যে বিনা বেতনে শিক্ষকতা করছি। আমাদের দেশের শিক্ষকেরা ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতাসংগ্রাম এবং নব্বইয়ের গণ-অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ও সাহসী ভূমিকা পালন করেন। বেসরকারি নন-এমপিও শিক্ষকদের এমপিও করার জন্য পর্যাপ্ত টাকা নেই—এই বক্তব্য সত্য নয়। স্বাধীনতা-পরবর্তী সময়ে দেশে কোটিপতি ছিল দুজন আর স্বাধীনতার ৪১ বছরে দেশে হাজার কোটি টাকার মালিক হয়েছে চার হাজার পরিবার। ঋণখেলাপি ও কালোটাকার পরিমাণ প্রায় ৯০ হাজার কোটি টাকা। এই টাকা রাষ্ট্রের। যদি এমপিও করার টাকা না-ই থাকে, তবে শিক্ষকদের নিয়োগ দেওয়া হয়েছিল কেন? দেশের আমলাতান্ত্রিক জটিলতার কারণে বেসরকারি শিক্ষক-কর্মচারীরা অনিশ্চিত ভবিষ্যৎ সামনে রেখে শিক্ষকতার মতো মহান পেশায় যোগদান করেন। শিক্ষকদের এই অনিশ্চিত ভবিষ্যৎ নিশ্চিত করার দায়িত্ব সরকারের। শিক্ষা প্রত্যেক মানুষের জন্মগত অধিকার এবং শিক্ষার আর্থিক দায়িত্ব রাষ্ট্রের। একটা স্বাধীন দেশে শিক্ষকদের সামাজিক মর্যাদা ও অর্থনৈতিক নিশ্চয়তা থাকবে না, এটা স্বাধীন দেশের সভ্য রীতি হতে পারে না। দুই বছর যাবৎ নিবন্ধনকৃত নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের এমপিও বন্ধ হয়ে আছে। কবে এই শিক্ষকেরা এমপিও পাবেন? কবে কাটবে আঁধার, কবে ঘুচবে দুর্দিন? আমরাও চাই, শিক্ষকেরা থাকবেন শিক্ষার জন্য নিবেদিতপ্রাণ। তাঁরা শ্রেণী কার্যক্রমের বাইরের সময়ে শিক্ষা, জাতির উন্নয়নসহ নানা বিষয়ে গবেষণায় ব্যস্ত থাকবেন; শিক্ষা, সমাজ আর রাষ্ট্রের উন্নয়নই হবে শিক্ষকদের ধ্যান-জ্ঞান।সুধীর বরণ মাঝি, ধানমন্ডি, ঢাকা।