চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ শিক্ষার্থীদের দুর্দিন আশীষ স্যারকে বেশ হাসিখুশি দেখাচ্ছে। নিশ্চয় কোনো সুসংবাদ! অধীর আগ্রহে ক্লাসের সবাই স্যারের দিকে তাকিয়ে আছি। স্যারও বলতে শুরু করলেন, ‘তোমাদের অনেক দিনের কষ্টের সমাপ্তি ঘটতে যাচ্ছে, এখন থেকে আর নোট বইয়ের পাতা মুখস্থ করতে হবে না। প্রশ্নপত্র হবে সৃজনশীল। বুঝেই উত্তর দিতে হবে।’খুশিতে আত্মহারা হয়ে আমরা সেদিন হাজারো করতালিতে স্যারের প্রস্তাবকে স্বাগত জানিয়েছিলাম। অনেক দিন পার হয়ে গেলে। আমি শহরে চলে আসি। গেল বছর এসএসসি পরীক্ষা দিই। বিশ্লেষণ করে দেখি ফলাফল সম্পূর্ণ শহরকেন্দ্রিক। যে আশীষ স্যারের স্কুল থেকে আগে দু-একটা জিপিএ-৫ পেত, এবার তাও পায়নি। অথচ তুলনামূলকভাবে ভালো ছিল এই ব্যাচের পরীক্ষার্থীরা। সৃজনশীলের সংবাদে যে শিক্ষার্থীরা উল্লাসে ফেটে পড়েছি, আজ বিষণ্ন বেদনাই কেবল তাদের সঙ্গী। আশীষ স্যারের মুখে আজ সেদিনের মুখভরা হাসির দেখা মেলে না। শুধু আশীষ স্যারের স্কুলই নয়, মফস্বলের এ রকম হাজার হাজার শিক্ষানিকেতনই আজ ফলাফলের দিক দিয়ে পিছিয়ে পড়েছে। সেই বুকভরা স্বপ্ন দেখা শিক্ষার্থীদের জন্য অনেক কষ্ট হয়। তাই দেশের বিভিন্ন অঞ্চলে পরিচিত আত্মীয়স্বজন ও বন্ধুদের কাছ থেকে তথ্য নিয়ে জানতে পারি, আশীষ স্যারদের স্কুলের ব্যর্থ ফলাফলের জন্য তাঁরা দায়ী নন। দায়ী নয় শিক্ষার্থীরা এবং সৃজনশীল পদ্ধতিও। তাহলে দায়ী কে বা কারা? দায়ী হলো আমাদের শিক্ষাব্যবস্থা। উদাহরণ দিয়ে বলছি, কোনো কারখানা থেকে ভালো উৎপাদন পেতে হলে সেই কারখানায় চাই দক্ষ ও যথোপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত কারিগর। ঠিক তেমনি শিক্ষাপ্রতিষ্ঠান ও ভালো ফলাফল পেতে চাইলে তার প্রয়োজন দক্ষ ও সৃজনশীল প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক। আসল সমস্যাটা এখানেই। সৃজনশীল জিনিসটা কী সেটা সম্পর্কে যদি শিক্ষার্থীরা ভালো ধারণা না পায়, তাহলে তাদের ভালো ফলাফল করার প্রশ্নই ওঠে না। সৃজনশীল পদ্ধতিতে যে শুধু শিখলেই নাম্বার পাওয়া যায়, তা কিন্তু সঠিক নয়। এতে কিছু নিয়মকানুন আছে, যা শিক্ষার্থীরা শিখবে শিক্ষকের কাছ থেকে। আর সে লক্ষ্যে কয়েক বছর থেকে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কিন্তু দুঃখের বিষয় এই যে, সেই প্রশিক্ষণও শহরকেন্দ্রিক! মফস্বলের আশীষ স্যাররা এমন কি দোষ করেছেন যে, তাঁরা প্রশিক্ষণ পাবেন না? আজ আমরা যে সৃজনশীল পদ্ধতিতে পড়ালেখা করছি, আমি নিশ্চিতভাবে বলতে পারি, দেশ আগামী ১০ বছর পর হলেও এর সুফল ভোগ করবে। যদি জাতি গঠনের এই মহান কাজে প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা, নদী-সমুদ্রের ফরমালিনমুক্ত মাছের মাথা খাওয়া, গাভির খাঁটি দুধ খাওয়া মফস্বলের ওই আশীষ স্যারের স্কুলের বুকভরা স্বপ্ন দেখা ছাত্রদেরও সুযোগ করে দেওয়া হয়, তবেই আমরা সত্যিকার মুক্তির পথ খুঁজে পাব। শিক্ষাব্যবস্থায় গ্রাম-শহরের বৈষম্য কমিয়ে আনতে শিক্ষামন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। ইদ্রিস খান মুরাদ সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম।