চি ঠি প ত্র
শুভ জন্মদিন প্রথম আলো৪ নভেম্বর প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী। প্রথম আলো পূরণ করছে ১৪ বছরের বিরাট মাইলফলক। এই সুদীর্ঘ পথে আমি প্রথম আলোর একজন নিয়মিত পাঠক প্রতিষ্ঠার সময় থেকে। কথায় বলে, ‘জন্ম হোক যথাতথা কর্ম হোক ভালো।’ প্রথম আলোর আবির্ভাবটা যেমন জাঁকজমকপূর্ণ হয়েছিল, তেমনি এর কর্মপরিধিটা হয়েছে বৈচিত্র্যময় আর বিশালতায় পরিপূর্ণ। প্রচারসংখ্যায়, সততায়, নিষ্ঠায়, আধুনিকতায় সর্বদা শীর্ষস্থান ধরে রাখাটা প্রথম আলোর জন্য হয়েছে একটা নিয়মিত ব্যাপার। এটা বিশাল গর্বের। শুধু সংবাদ পরিবেশন ছাড়াও দুস্থ-অসহায় মানুষের পাশে সব সময় দাঁড়িয়েছে প্রথম আলো। যে ঋণ শোধ করার মতো নয়। শিক্ষামূলক কাজ আর বিজ্ঞানের প্রযুক্তির সঙ্গে ছাত্রছাত্রীদের এগিয়ে যাওয়ার জন্য প্রথম আলো অবদান রাখছে নানাভাবে, যা সত্যি প্রশংসনীয়। ১৯ অক্টোবর সারা দেশে শেষ হলো ইন্টারনেট উৎসব। নারীদের অধিকার আদায় থেকে শুরু করে সামনে এগিয়ে চলার পথ সুগম করতে প্রথম আলো নানাভাবে প্রশংসনীয় কাজ করছে। প্রথম আলোর রয়েছে বিশাল বন্ধুসভা। যার রয়েছে হাজার হাজার বন্ধু ও শুভাকাঙ্ক্ষী। আমি নিজেও বন্ধুসভার একজন বন্ধু (বন্ধু নং ৩০৯৫)। এই বন্ধুসভা একদিকে যেমন পাঠকের পাশাপাশি লেখক সৃষ্টি করছে, তেমনি অন্যদিকে বন্ধুসভার বন্ধুরা শীতবস্ত্র বিতরণ, বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহ ইত্যাদি আরও নানা সামাজিক কাজ করে যাচ্ছে সাধারণ মানুষের কল্যাণার্থে। প্রথম আলো এগিয়ে যাবে—এটাই প্রত্যাশা। জন্মদিনে প্রথম আলোর জন্য রইল অজস্র শুভেচ্ছা আর হূদয়ের অফুরন্ত ভালোবাসা। সঞ্জয় কুমার ভৌমিকবসুন্ধরা আ/এ, শ্রীমঙ্গল।বাল্যবিবাহগত ১৭ অক্টোবর প্রকাশিত প্রথম আলোয় সাকিলা মতিনের লেখা ‘বাল্যবিবাহ রোধ নিশ্চিত জন্মসনদের বিধান জরুরি’ বিষয়ক লেখাটি পড়লাম। ভালো লাগল এবং নিজের মধ্যে আত্মোপলব্ধি জাগল। ধন্যবাদ সাকিলা মতিনকে তাঁর এমন একটি সময়োপযোগী সচেতনতামূলক লেখার জন্য। আসলে বাল্যবিবাহ পুরোপুরি বন্ধ হয়তো করা যাবে না, কিন্তু তা কমিয়ে আনার চেষ্টা হয়তো করা যেতে পারে। আসলে এখনো জনসচেতনতার যথেষ্ট অভাব রয়েছে। আছে জন্মসনদ দেওয়ায় গলদ। মেয়েদের নিরাপত্তার বরাবরই অভাব, সর্বোপরি দারিদ্র্য থাকায় বাল্যবিবাহ হ্রাস হচ্ছে না। এটাই বাস্তবতা। আমি বাংলাদেশের একটি বড় এনজিওর শিক্ষা কর্মসূচিতে কাজ করি। এই শিক্ষা কর্মসূচির মাধ্যমে আমরা গ্রাম ও আরবান এলাকায় একটি স্কুলঘর ভাড়া নিয়ে একই এলাকার আট থেকে ১৪ বছর বয়সী দরিদ্র ছেলেমেয়েদের নিয়ে চার বছর মেয়াদে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষা দিয়ে থাকি। শিক্ষার্থীদের মধ্যে ৭০ শতাংশই মেয়ে। স্কুলগুলোতে ঝরে পড়ার হার নেই বললেই চলে। যদিও হয়, তা-ও মেয়ে এবং কারণ বাল্যবিবাহ। অভিভাবকেরা যাতে মেয়েদের বাল্যবিবাহ দিতে না পারেন, সে জন্য আমরা স্কুলে ভর্তির সময়ই শিক্ষার্থীদের মূল জন্মসনদটি অফিসে জমা নিয়ে নিই, কিন্তু তার পরও ভুয়া জন্মসনদের মাধ্যমে বাল্যবিবাহ দেওয়ায় প্রবণতা থেকেই যাচ্ছে। সম্প্রতি আমাদের স্কুলের চতুর্থ ও পঞ্চম শ্রেণীর দুজন মেয়ের বিয়ে হয়ে গেছে। জন্মসনদ অনুযায়ী একজনের বয়স ১২ বছর, আরেকজনের বয়স ১৪ বছর। এই হলো বাস্তবতা। তাই বাল্যবিবাহ রোধে চাই আইনের সঠিক প্রয়োগ। আবু সুফিয়ানসাঘাটা, গাইবান্ধা।আর মাত্র ১১ জন১৩ সেপ্টেম্বর মন্ত্রিসভার আকার বাড়ানোয় মন্ত্রীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৩। এ ছাড়া আছেন প্রধানমন্ত্রীর সাতজন উপদেষ্টা। সাতজনের মধ্যে ছয়জন পূর্ণ মন্ত্রীর মর্যাদায় এবং একজন প্রতিমন্ত্রীর মর্যাদায়। বাংলাদেশের সংবিধানে সর্বোচ্চ অথবা সর্বনিম্ন কতজন মন্ত্রী নিয়ে মন্ত্রিসভা গঠন করা যাবে, তা উল্লেখ নেই। মন্ত্রিসভার আকার বৃদ্ধি অথবা হ্রাস, দপ্তর বণ্টন বা পুনর্বণ্টন করা প্রধানমন্ত্রীর এখতিয়ার। উপদেষ্টা নিয়োগ দেওয়াও তাঁর এখতিয়ার।বাংলাদেশ ৬৪টি জেলা নিয়ে গঠিত। আর মাত্র ১১ জন মন্ত্রী নিয়োগ দিলে প্রতিটি জেলার জন্য একজন করে মন্ত্রী হবেন। প্রতিটি জেলা থেকে সাংসদ অথবা অ-সাংসদকে মন্ত্রী বানাতে হবে এমন কোনো কথা নেই। যে জেলায় একাধিক মন্ত্রী আছেন, তাদের একজনকে মন্ত্রীবিহীন জেলার মন্ত্রীর দায়িত্ব দেওয়া যেতে পারে। তাতে মন্ত্রীবিহীন জেলার লোকদের মন্ত্রী না থাকার ক্ষোভ থাকবে না।মু. আ. সালামসালাম কর্নার, মালতিনগর, বগুড়া।সহিষ্ণুতাগত দুর্গাপূজার সময় একদিন আমি মন্দিরের পাশ দিয়ে হেঁটে রাস্তা দিয়ে আসছিলাম। পরিচিত এক কনস্টেবলকে জিজ্ঞেস করলাম, ডিউটিতে কোনো অফিসার আছেন কি না! তিনি নিরুত্তর। ফোনেও ওসিকে পেলাম না। পরদিন সন্ধ্যায় কোর্ট এলাকা থেকে ফেরার পথেও সেখানে পোশাকধারী কোনো অফিসার দেখলাম না। এখন প্রশ্ন হলো, রামুতে এত বড় অঘটনের পরও পুলিশ এমন দায়িত্বহীন আচরণ করল কীভাবে? এটাই কি তাদের জবাবদিহির নমুনা? তার পরও এবারে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদ্যাপিত হয়েছে। কোথাও গোলযোগ হয়নি। এতে প্রমাণিত হলো, বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় এবং ধর্মীয় সহিষ্ণুতায় বিশ্বাসী। মো. ইছাউল হকপটুয়াখালী।