চি ঠি প ত্র
পয়লা বৈশাখে ছুটি চাইসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা অন্যান্য চাকরিজীবীর তুলনায় অনেক কম বেতন পান। তাঁদের অর্জিত ছুটিও অর্ধেক। প্রধান শিক্ষকদের হাতে সংরক্ষিত মাত্র তিন দিন ছুটি, যা তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দিতে পারেন না। জাতীয় দিবসগুলোয় অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে ছুটি থাকলেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের হাজিরা দিতে হয়। তাই একুশে ফেব্রুয়ারি, ১৭ মার্চ, ২৬ মার্চ, পয়লা বৈশাখ, ১৬ ডিসেম্বর কর্মদিবস হিসেবে না রাখাই বাঞ্ছনীয়।এসব জাতীয় দিবসের অনুষ্ঠানে অসুস্থ কিংবা পারিবারিক অসুবিধার কারণে কোনো শিক্ষক না এলে শোকজ করা হয়।পয়লা বৈশাখ বাঙালি সংস্কৃতির একটি বিশেষ দিন। শিশুরা মনের আনন্দে মা-বাবার সঙ্গে ঘুরে বেড়াবে, মেলায় যাবে—এটাই স্বাভাবিক। শ্রেণীকক্ষের ভেতর তাদের আটকে রেখে কি আনন্দ দেওয়া যায়? এসব অনুষ্ঠানের জন্য কোনো আর্থিক বরাদ্দ নেই। আয়োজন করার কথা বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির। কিন্তু অনেক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি এ ব্যাপারে আগ্রহ দেখায় না। ফলে গাঁটের পয়সা খরচ করে শিক্ষকদের এসব অনুষ্ঠান আয়োজন করতে হয়। সরকারের কাছে আবেদন, অন্তত পয়লা বৈশাখের দিনটিতে যেন শিক্ষক ও শিক্ষার্থীদের স্কুলে আসতে বাধ্য না করা হয়। তারাও চায় এই দিনটিতে পরিবার-পরিজনের সঙ্গে বাইরের উৎসবে শরিক হতে। অনুস্মিতা খানসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, ঢাকা।লিমনের জন্য এলিজিজনগণের করের টাকায় কেনা বুলেট যদি লিমনের মতো নিরীহ দরিদ্র মেধাবী ছাত্রের এক পা চিরদিনের মতো কেড়ে নিতে পারে, তবে সে বুলেট কেনার জন্য আমরা কেন কর দিয়ে যাব? যাঁরা ঠান্ডা মাথায় হাজার হাজার কোটি টাকা ছিনতাই করে পরিকল্পিতভাবে ‘খুন’ করেছেন লাখ লাখ আমজনতাকে, তাঁদের পা তো দূরে থাক, পায়ের ধুলা স্পর্শ করার ক্ষমতাও দেখছি কারও নেই! প্রিয় লিমন, তুমি এক পায়ে দাঁড়িয়ে প্রমাণ করে দাও—মানুষের দুই পা থাকা পাপ! মহাপাপ! বোধহীন নাগরিক সমাজের পক্ষে—শ্যামসন বুড়নসাভার, ঢাকা।শিক্ষাপদ্ধতি বাংলাদেশের একটি স্বনামধন্য বেসরকারি ব্যাংকের চাকরির বিজ্ঞপ্তি দেখে মনে হলো, কিছু একটা লেখা উচিত। চাকরির বিজ্ঞপ্তি অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা হিসেবে অবশ্যই যা থাকতে হবে তা হলো: ও-লেভেল, এ-লেভেল, চারটি প্রথম বিভাগ/শ্রেণী এবং বিবিএ/এমবিএ/এমবিএম। তার মানে কলা ও মানবিক, সমাজবিজ্ঞান ও বিজ্ঞান অনুষদ থেকে পাস করা কোনো ছাত্র-ছাত্রী আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবে না। ও-লেভেল এবং এ-লেভেল না থাকলে সব অনুষদের ছাত্রছাত্রীরা তাদের যোগ্যতা হারাবে। যোগ্যতা হারাবে যদি তারা বাংলাদেশ সরকারের শিক্ষাপদ্ধতি অনুসরণ করে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় পাস করে থাকে। লক্ষ করলে দেখা যাবে, শিক্ষাগত যোগ্যতা হিসেবে কিছু বিষয় উল্লেখ করা এ সময়কার ব্যাংকগুলোর একটা সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এখানে আমার প্রশ্ন, যে বিষয়গুলো বিজ্ঞপ্তিতে থাকছে না সেগুলো কি আমরা পড়া বাদ দেব? আমার খুব ইচ্ছে করছে জরিপ করে দেখার, যেসব কর্তাব্যক্তি এ রকম নিয়ম করছেন, তাঁদের মধ্যে কতজনের একই সঙ্গে ও-লেভেল, এ-লেভেল এবং বিবিএ/এমবিএ/ এমবিএম করা আছে। যদি বেশির ভাগের না থাকে এবং তা সত্ত্বেও যদি তাঁরা এত বড় বড় প্রতিষ্ঠানের নীতিনির্ধারক হতে পারেন, তাহলে কোন যুক্তিবলে এই ধরনের নিয়মগুলো আরোপ করা হচ্ছে। সর্বোপরি যেহেতু পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের মধ্য থেকে বাছাই করে নিয়োগ দেওয়া হয়, সেহেতু সবার জন্য কেন উন্মুক্ত নয়? এভাবে চলতে থাকলে সরকারের যে উদার শিক্ষানীতি সফল হতে পারবে না তা বলাই বাহুল্য। কারণ, ছাত্রছাত্রীরা যে বিষয়গুলো এবং যে মাধ্যমে পড়াশোনা করলে ভবিষ্যতে চাকরি পাবে না, তারা সে বিষয়গুলো এবং সে মাধ্যমে পড়বেই বা কেন? এ ধরনের নিয়মগুলো সরকারি শিক্ষাপদ্ধতির প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রকাশ করছে কি না, তা বিবেচনার দায়িত্ব পাঠককুলের ওপর ছেড়ে দিলাম। মো. তারেক ফেরদৌস খানপ্রভাষক, পরিসংখ্যান বিভাগকুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা