চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দরিদ্র হওয়াই অপরাধ!ভারতের বিভিন্ন হাসপাতালে গোপনে ক্লিনিক্যাল ট্রায়াল বা নতুন ওষুধ পরীক্ষা-নিরীক্ষায় ব্যবহার করা হচ্ছে দেশটির নিম্নবর্ণের হতদরিদ্র মানুষকে। বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, ‘বহুজাতিক ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো ভারতের নিম্নবর্ণের গরিব মানুষকে গিনিপিগ হিসেবে ব্যবহার করছে। গত সাত বছরে তিন হাজার ৩০০ রোগীর মধ্যে ৭৩টি ওষুধের পরীক্ষা চালানো হয়েছে ইন্দোরের মহারাজা যশবন্ত রাও হাসপাতালে। এর মধ্যে পরীক্ষায় ব্যবহূত মানুষের অধিকাংশই শিশু। ৩ নভেম্বর প্রথম আলো পত্রিকায় ‘গরিব বলেই তারা গিনিপিগ’ শিরোনামে প্রতিবেদনটি পড়ে রীতিমতো গা শিউরে উঠেছিল। কী ভয়ানক ব্যাপার, ভাবাই যায় না! সভ্যতার চরম উৎকর্ষে এসে এ ধরনের নিষ্ঠুরতা সত্যিই হতাশাজনক ও দুঃখজনক। এই মানুষগুলোর অপরাধ কী একটাই যে তারা দরিদ্র ও অসহায়?আজ সমাজের অনেক অসহায় মানুষের জীবনের চরম দুর্বিষহ অবস্থার কথা আমরা গণমাধ্যমের মাধ্যমে জানতে পারছি। এ জন্য সংবাদকর্মীদের সদিচ্ছা ও আন্তরিকতার দুঃসাহসিক প্রচেষ্টাকে অবশ্যই সাধুবাদ জানাই। কেননা, তাঁদের কল্যাণেই গরিব, অসহায় মানুষের খবর জানতে পারছেন আমাদের ধনিকশ্রেণীর মানুষেরা। সেই সঙ্গে জানতে পারছেন আমাদের রাজনীতিবিদেরা, যাঁরা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে দেশ পরিচালনার নেতৃত্বে নিয়োজিত। দরিদ্রদের সমাজের বিভিন্ন স্তরে গিনিপিগ হিসেবে ব্যবহার না করে বরং তাদের পাশে দাঁড়াতে হবে মানবতার মহান আদর্শকে সামনে রেখে। তা না হলে মনুষ্যত্ব হারিয়ে যাবে। কেননা, পেশিশক্তির দিন শেষ। মানুষ এখন গণণতন্ত্রে বিশ্বাসী, সাম্যতায় বিশ্বাসী।পরীক্ষা-নিরীক্ষার নামে এই দরিদ্র মানুষের যারা ব্যবহার করেছে, তাদের কঠোর শাস্তি হওয়া উচিত। প্রতিবেদনটিতে আরও বলা হয়, ‘ভারতে নতুন ওষুধ সেবনের পরিসংখ্যান অনুযায়ী সাত বছরে দুই হাজারের বেশি পরীক্ষা চালানো হয়েছে। ২০০৮ সালে ওষুধ পরীক্ষার কারণে ২৮৮ জন মারা যায়। ২০১১ সালে মৃতের সংখ্যা বেড়ে ৪৩৮ জনে পৌঁছায়।’ তা হলে যে দরিদ্র মানুষগুলো মারা গেল কিংবা ওষুধের প্রতিক্রিয়ায় পঙ্গু হলো, তাদের ক্ষতিপূরণ কীভাবে দেবে ভারত সরকার?সঞ্জয় কুমার ভৌমিক, বসুন্ধরা আ/এ, শ্রীমঙ্গল