চি ঠি প ত্র
আরও সচেতনতাবাংলাদেশ টেলিভিশনসহ অন্যান্য স্যাটেলাইট টেলিভিশনে ইদানীং প্রায়ই লক্ষ করা যাচ্ছে, বিগত শতাব্দীর ষাট ও সত্তরের দশকের জনপ্রিয় সুমধুর গানগুলো নতুন শিল্পীদের কণ্ঠে বিভিন্ন সংগীতানুষ্ঠানে পরিবেশিত হচ্ছে। তবে সেই অনুষ্ঠানগুলোতে গীত গানগুলোর মধ্যে কিছু কিছু গীতিকার, সুরকার ও সংগীতশিল্পীদের নাম ভুল টেলপ যাচ্ছে ও প্রচারিত হচ্ছে। যেমন—বছর খানেক আগে চ্যানেল আই সেরা কণ্ঠে ‘এই পৃথিবীর পরে কত ফুল ফোটে আর ঝরে’ গানের গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের লেখা বলা হলেও গানটির মূল রচয়িতা মুস্তাফিজুর রহমান। দেশ টিভির এবারের ঈদুল আজহার ষাটের দশকের গান অনুষ্ঠানে কণ্ঠশিল্পী বাদশা বুলবুল গীত ‘নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা’ গানটির কণ্ঠশিল্পী মাহমুদুন্নবীর নাম বলা হলেও প্রকৃতপক্ষে বহুলশ্রুত জনপ্রিয় এই গানটির কণ্ঠশিল্পী খন্দকার ফারুক আহমেদ। অনুরূপভাবে একই ঈদে এটিএন বাংলার সংগীতানুষ্ঠান ত্রয়ীতে ‘আমি সাত সাগরের ওপার হতে তোমায় দেখেছি’ গানের কণ্ঠশিল্পী ফেরদৌসী রহমানের নাম টেলপে এসেছে। প্রকৃতপক্ষে বহুলশ্রুত এই জনপ্রিয় গানটির দ্বৈত শিল্পী মোহাম্মদ আবদুল জব্বার ও শাহনাজ রহমাতুল্লাহ। এ ছাড়া বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত এজাতীয় অনুষ্ঠানে ছায়াছবির গানগুলোর প্রকৃত শিল্পীর স্থলে ভিন্ন শিল্পী, গীতিকার ও সুরকারের নাম টেলপে প্রদর্শন ও প্রচারিত হচ্ছে।এই অবস্থায় প্রকৃত নাম, সঠিক বানান ইত্যাদি উদ্ধার করে প্রচার ও টেলপে প্রচারে যেমন অধিকতর সচেতনতা অবলম্বন করা উচিত, তেমনি প্রচারমাধ্যমগুলোরও এ বিষয়ে আরও যত্নবান হওয়া জরুরি। নইলে ভবিষ্যৎ প্রজন্ম কীর্তিমানদের প্রকৃত তথ্য জানতে পারবে না।সাঈদ আহমদ মোহাম্মদপুর, ঢাকা।বেনাপোল-ঢাকা ট্রেনযশোর জেলায় অবস্থিত বেনাপোল দেশের প্রধান স্থলবন্দর। বেনাপোল বন্দর ব্যবহার করে প্রতিদিন হাজার হাজার মানুষ বাংলাদেশ-ভারতে যাওয়া-আসা করে। অত্র এলাকার জনগণ রাজধানী ঢাকায় চাকরি ও ব্যবসা-বাণিজ্য করে থাকে। দীর্ঘদিন ধরে বেনাপোল-ঢাকা রুটে চলাচল করে এসি, নন-এসি, চেয়ার কোচসহ বিলাসবহুল বাস। দেশের সব কটি নামীদামি পরিবহন কোম্পানিসহ ২০টিরও অধিক পরিবহন কোম্পানির বাস এই রুটে চালু আছে। দিনে-রাতে বিভিন্ন সময়ে চলাচল করে এসব কোম্পানির বাস। পরিতাপের বিষয়, দেশের এত বড় একটা উল্লেখযোগ্য স্থান হওয়া সত্ত্বেও এতগুলো পরিবহন কোম্পানির বাস এই রুটে চলাচল করা সত্ত্বেও রাজধানী ঢাকার সঙ্গে সরাসরি কোনো ট্রেন চলাচল করে না। উল্লেখ্য, বিভাগীয় শহর খুলনার সঙ্গে ট্রেন সার্ভিস চালু রয়েছে দীর্ঘদিন ধরে। এদিক থেকে বিচার করলেও পুরোপুরি অবকাঠামো সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও শুধু উদ্যোগের অভাবেই বাংলাদেশ রেলওয়ে রাজস্ব হারাচ্ছে। নিরাপদ ও আরামদায়ক ভ্রমণের জন্য মানুষ ট্রেনে যাতায়াত করে। বাস্তবতার পরিপ্রেক্ষিতে বেনাপোল-ঢাকা রুটে অতি দ্রুত ট্রেন চালু করতে মাননীয় রেলমন্ত্রী, যোগাযোগমন্ত্রীসহ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করছি।মো. তৌহিদুর রহমানবেনাপোল, যশোর।পিএসসির প্রশ্নপত্র ফাঁসআবারও পিএসসি কর্তৃক আয়োজিত বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পরিপ্রেক্ষিতে পরীক্ষার আগের রাতে তা স্থগিত করার ঘোষণাদানের মতো ন্যক্কারজনক ঘটনা ঘটল। অতীতে বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষায় এ ধরনের প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটলেও তার সুষ্ঠু তদন্ত এবং দোষী ব্যক্তিদের উপযুক্ত শাস্তির তেমন কোনো দৃষ্টান্ত না থাকায় বারবার এমনটি ঘটছে বলে অনেকের ধারণা। সবচেয়ে দুঃখজনক হলো, আমাদের দেশে যখনই কোনো বড় ধরনের অঘটন ঘটে, তদন্তের আগেই সরকারি দল এবং বিরোধী দল যেভাবে পরস্পর দোষারোপ করে, ঠিক একইভাবে পিএসসি ও বিজি প্রেস সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় নিজেদের ব্যর্থতার দায়ভার একে অপরের ওপর চাপিয়ে দিতে ব্যস্ত হয়ে পড়ে। আর এতে করে প্রকৃত অপরাধীরা আড়ালে চলে যাওয়ার সুযোগ পায়। পিএসসি কর্তৃক আয়োজিত যেকোনো ধরনের নিয়োগ পরীক্ষা বা বিভাগীয় পরীক্ষার যাবতীয় কার্যক্রমের পূর্ণ নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষার দায়িত্ব মূলত পিএসসির ওপরই বর্তায়। এর কোনো ব্যত্যয় ঘটলে সাংবিধানিক এ প্রতিষ্ঠানটি অন্যের ওপর দায়ভার চাপিয়ে দিয়ে কোনোভাবেই মুক্ত হতে পারে না। তাই প্রয়োজনে পিএসসিকেই তাদের মনোনীত দু-একজন কর্মকর্তার প্রত্যক্ষ তত্ত্বাবধান ও নজরদারির মাধ্যমে বিজি প্রেস থেকে পূর্ণ গোপনীয়তা বজায় নিশ্চিত করে প্রশ্নপত্র ছাপানোর কাজ সম্পন্ন করিয়ে নিতে হবে। সাংবিধানিক এমন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানটির নিজেদের ব্যর্থতার দায়ভার বারবার অন্যের ওপর চাপিয়ে দিয়ে লাখ লাখ বেকার চাকরিপ্রার্থীর ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা কোনোভাবেই কাম্য নয়।শাহীদুল আযমমিরপুর, ঢাকা।