চি ঠি প ত্র
সমৃদ্ধিশালী দেশযুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান লেগাটুম ইনস্টিটিউট ১৪২টি দেশকে নিয়ে বিশ্বের সমৃদ্ধিশালী দেশের তালিকা তৈরি করেছে। অর্থনীতি, শিক্ষা, উদ্যোগ ও সুযোগ, শাসনব্যবস্থা, স্বাস্থ্য, নাগরিক স্বাধীনতা, নিরাপত্তা ও সামাজিক পুঁজি—এই আটটি বিষয় বিবেচনায় নিয়ে সমৃদ্ধিশালী দেশের এই তালিকা তৈরি করা হয়। তালিকায় বাংলাদেশের অবস্থান ১০৩তম। প্রথম আলোয় প্রকাশিত ‘বাংলাদেশ ১০৩তম সমৃদ্ধিশালী দেশ’ শিরোনামে লেখাটি পড়ে নিজ দেশের অবস্থান জেনে হতাশ হলাম। যে দেশ মাত্র নয় মাস যুদ্ধ করে স্বাধীন হতে পারে, সে দেশ কখনো পিছিয়ে থাকতে পারে না। বাংলাদেশ স্বাধীনতা লাভের পরবর্তী এতগুলো বছরে এগিয়ে যাওয়ার কথা অনেক দূর সমৃদ্ধির পথ ধরে। কিন্তু তা হয়েছে কতটুকু? এখনো দারিদ্র্যসীমার নিচে বাস করে অনেক মানুষ। জিনিসপত্রের দামের ঊর্ধ্বগতিতে মানুষের জীবনযাত্রায় স্বাচ্ছন্দ্য কম। কমে যাচ্ছে সঞ্চয়ের প্রবৃত্তি। নানা জটিলতায় মানুষের স্বাস্থ্যসেবার সঠিক মান সব সময় নিশ্চিত হচ্ছে না। ব্যয়বহুল চিকিৎসা করানো থেকে বঞ্চিত হচ্ছে গরিব মানুষ। সামাজিক সচেতনতার অভাবে অনেক মানুষ এখনো স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন নয়। পত্রপত্রিকায় প্রতিদিন চোখ খোলা রাখলে মনে হবে নাগরিক জীবনের নিরাপত্তা অনেকখানি প্রশ্নের সম্মুখীন। সারা বছরই ক্ষমতায় টিকে থাকা আর ক্ষমতায় যাওয়ার রাজনৈতিক উত্তাপে দেশের সমৃদ্ধিটা পড়ে থাকে তলানিতে।লেগাটুম ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী জেফারি জেডমিন বলেন, ‘সমৃদ্ধির এই সূচক থেকে আমরা এটা বলতে পারি, একটি দেশকে সত্যিকারের সমৃদ্ধিশালী হতে হলে কী প্রয়োজন হয়। সম্পদগত সমৃদ্ধির সঙ্গে দেশের নাগরিকের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তাবোধ এবং তাদের ব্যক্তিগত স্বাধীনতাকে যোগ করে এই তালিকা তৈরি করা হয়।’ রামুর বৌদ্ধপল্লিতে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটল, তাতে কীভাবে একটি নাগরিকের স্বাধীনতা নিশ্চিত হয়? মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বারবার। সড়ক দুর্ঘটনায় একের পর এক প্রাণ হারানোর ঘটনাগুলো জীবনের নিরাপত্তায় সংশয় প্রকাশ করছে। জনসংখ্যা বৃদ্ধিতে মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ অসম্ভব হয়ে পড়ছে। কমছে সুযোগ-সুবিধা। বাড়ছে বেকারত্ব। শিক্ষার হার বাড়ছে। কিন্তু শিক্ষার মান এখনো প্রশ্নবিদ্ধ। উচ্চশিক্ষায় পদার্পণের আগেই ঝরে পড়ছে অনেক শিক্ষার্থী। ২০০১ সালে প্রথমবারের মতো অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই এবার জেএসসি পরীক্ষা দিচ্ছে। ১ নভেম্বর ২০১২ তারিখে প্রথম আলো পত্রিকায় তথ্য দেখলাম, এই তিন বছরে ঝরে গেছে দুই লাখ ১৭ হাজার ৩৮৮ জন শিক্ষার্থী। অন্যদিকে আমাদের দেশে উদ্যোগের পাশাপাশি উদ্যোক্তার অভাব নেই। অভাব শুধু পুঁজি, নিশ্চয়তা আর আন্তরিক সদিচ্ছার।এত আশা-নিরাশার মধ্যেও আমরা আশাহত নই। আমাদের দেশে যেসব প্রাকৃতিক সম্পদ আছে, জনবলকাঠামো আছে, মেধা আছে, প্রযুক্তি আছে, সর্বোপরি মানুষের মধ্যে যে দেশপ্রেম আছে, তাকে যদি কাজে লাগানো যায়, তবে বিশ্বে সমৃদ্ধিশালী দেশগুলোর মধ্যে শীর্ষে অবস্থান করাটা অবাস্তব কিছু নয়।সঞ্জয় কুমার ভৌমিকবসুন্ধরা আ/এ, শ্রীমঙ্গল।ডিআইবিএসউচ্চমাধ্যমিক পর্যায়ে ‘ব্যবসায় শিক্ষা’ সমমানের ১৬টি গভ. কমার্শিয়াল ইনস্টিটিউট, একটি বেসরকারি কারিগরি কলেজ ও নট্রামসসহ ১৮টি প্রতিষ্ঠানে দুই বছর মেয়াদি ডিআইবিএস (ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ) কোর্স চালু রয়েছে। প্রতি শিক্ষাবর্ষে ওই কোর্সে প্রায় চার হাজার শিক্ষার্থী ভর্তি হয়ে থাকে। ১৯৮৪ সালে ডিআইবিএস কোর্সটি কারিগরি শিক্ষা বোর্ড থেকে আলাদা করে ঢাকা শিক্ষা বোর্ডের নিয়ন্ত্রণে নেওয়া হয়। ডিপ্লোমা কোর্স হিসেবে বাংলা টাইপ, ইংরেজি টাইপ ও সাঁটলিপি বিষয়গুলো পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত থাকাতে অতীতে পাস করার পর শিক্ষার্থীদের চাকরি পাওয়ার অধিকতর সুযোগ ছিল। কিন্তু বর্তমানে বাংলা টাইপ ও ইংরেজি টাইপ গুরুত্বহীন হলেও ডিআইবিএস কোর্সে ওই বিষয় দুটোসহ আবশ্যিক ১২০০ নম্বরের পরীক্ষা নেওয়া হয়। অথচ ব্যবসায় শিক্ষায় আবশ্যিক ১০০০ নম্বরের পরীক্ষা নেওয়া হয়। তা ছাড়া কর্তৃপক্ষ প্রতিষ্ঠানগুলোতে টাইপ মেশিন সরবরাহ বন্ধ রাখায় পুরোনো মেশিন দিয়ে ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা নেওয়া কঠিন হচ্ছে এবং প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশও বাজারে পাওয়া যাচ্ছে না।ডিআইবিএস কোর্সে বাংলা ও ইংরেজি বিষয় দুটো ব্যবসায় শিক্ষা পাঠ্যসূচির সঙ্গে অনেক অমিল রয়েছে। তা ছাড়া প্রতি বিষয়ে ১০০ নম্বরের মধ্যে ৮০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হয় এবং ২০ নম্বর সেশনাল (অভ্যন্তরীণ পরীক্ষার নম্বর) হিসেবে দেওয়া হয়। বিদ্যমান নম্বর বণ্টন-পদ্ধতি অনুযায়ী ওই কোর্সে সৃজনশীল পদ্ধতি চালু করা মোটেই সম্ভব নয়।অতীতে ১৬টি গভ. কমার্শিয়াল ইনস্টিটিউটে ইনস্ট্রাক্টররা পাঠদান করতেন। পরবর্তী সময়ে ইনস্ট্রাক্টরদের পদ বিলোপ করে ওই পদে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের শিক্ষকদের নিয়োগ দেওয়া হয়। মেধাবী শিক্ষকেরা নিয়োগ পেলেও ডিআইবিএসের বর্তমান পাঠ্যসূচি অনুযায়ী শিক্ষার্থীদের মেধা বিকাশের সুযোগ সীমিত। ফলে পাস করার পর উচ্চশিক্ষার জন্য ভর্তি প্রতিযোগিতায় তারা অনেক পিছিয়ে থাকে।ডিআইবিএস কোর্সে এখনো সৃজনশীল পদ্ধতি চালু না হওয়ায় ক্লাসে পুরোনো সিলেবাসের বই পড়াতে হচ্ছে। এতে আগামী শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের পাঠ্যবই সংগ্রহে বিড়ম্বনার শিকার হতে হবে এবং তাদের পড়ালেখার ভিত্তি হবে বিগত ৮-১০ বছরের পরীক্ষার প্রশ্ন ও গাইড বই। অথচ ভর্তিকৃত শিক্ষার্থীরা এসএসসিতে সৃজনশীল পরীক্ষা পদ্ধতিতে পাস করেছে।বাস্তব অভিজ্ঞতার আলোকে আমার অভিমত হচ্ছে, ডিআইবিএসের পাঠ্যসূচি পরিবর্তন করে ব্যবসায় শিক্ষার পাঠ্যসূচি চালু করা হোক এবং ওই প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ অঞ্চল ভিত্তিতে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের অধীনে নেওয়া হোক। বিষয়টিতে শিক্ষামন্ত্রীসহ শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করছি।মো. আবুল হোসেন সরকারগভ. কমার্শিয়াল ইনস্টিটিউট, কুমিল্লা।