চি ঠি প ত্র
স্টুডেন্ট কাউন্সেলিংপ্রতিদিন পত্রিকার পাতা ওল্টালেই বিভিন্ন ধরনের বিজ্ঞাপন আমাদের দৃষ্টি আকর্ষণ করে। সেগুলোর মধ্যে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা বিভিন্ন ‘স্টুডেন্ট কাউন্সেলিং ফার্ম’-এর বিজ্ঞাপন অন্যতম। তারা প্রতিনিয়ত বিভিন্ন চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে দেশের কোমলমতি ছাত্রছাত্রী ও তাঁদের অভিভাবকদের নানাভাবে প্ররোচিত করে বিদেশে পড়ালেখার জন্য উৎসাহ প্রদানে ব্যস্ত। তারা প্রকৃত তথ্য গোপন করে নানা ধরনের লোভনীয় প্রস্তাব দিয়ে থাকে, যা বাস্তবতাবিবর্জিত ও কাল্পনিক। আমাদের দেশের অনেক ছাত্রছাত্রী ও তাঁদের অভিভাবকেরা বিদেশে পড়ালেখা করার স্বপ্ন দেখেন, কিন্তু তাঁরা সঠিক তথ্যের অভাবে অনেক সময় এ ধরনের ভুঁইফোড় কাউন্সেলিং ফার্মের শরণাপন্ন হন এবং বিভ্রান্তিকর ও ভুল তথ্য পান। উল্লেখ্য, তথ্যপ্রযুক্তির এই যুগে বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি ও ভিসার সঠিক তথ্য সংগ্রহ করা কঠিন কোনো বিষয় নয়। একটু মাথা খাটিয়ে ইন্টারনেটে খোঁজ করলেই সঠিক ও নির্ভুল তথ্য পাওয়া সম্ভব। কোনো কিছু না জেনে, না শুনে কোনো এজেন্সি বা তথাকথিত স্টুডেন্ট কাউন্সেলিং ফার্মে যাওয়া উচিত নয়। কারণ, এই ফার্মগুলো নানাভাবে ছাত্রছাত্রী ও তাঁদের অভিভাবকদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার কৌশলে লিপ্ত থাকে। যেমন: ফাইল ওপেনিং চার্জ, অ্যাপ্লিকেশন ফি, অফার লেটার চার্জ, কুরিয়ার সার্ভিস চার্জ, অ্যাডভান্স টিউশন ফি এবং ভুয়া স্পন্সর সাপোর্ট, সার্ভিস চার্জ ইত্যাদি, যা অধিকাংশ ক্ষেত্রেই নিতান্তই অপ্রয়োজনীয় ও ভিত্তিহীন।অনেকেই জানেন না যে অনেক ক্ষেত্রে ছাত্রছাত্রী ভিসা না পেলেই বরং কাউন্সেলিং ফার্মের অধিক লাভ হয়। কারণ, তাতে ছাত্রছাত্রীদের কাছ থেকে নেওয়া অগ্রিম টিউশন ফির একটি উল্লেখযোগ্য অংশ কেটে রাখতে সুবিধা হয় এবং এটাই অনেকের প্রধান ‘ব্যবসা’! তাই সবার এ ব্যাপারে সচেতন হওয়া বিশেষ প্রয়োজন। অন্যথায় সম্মানিত অভিভাবকদের কষ্টার্জিত টাকা যেমন অপাত্রে ব্যয় হবে, তেমনি মূল্যবান সময় ও শ্রম নষ্ট হবে। ফলাফল হিসেবে ছাত্রছাত্রীদের মূল্যবান পাসপোর্টে দূতাবাস কর্তৃক একাধিক প্রত্যাখ্যানের সিল পড়বে। বিদেশে পড়ালেখার ব্যাপারে বিস্তারিত সঠিক তথ্য পাওয়ার জন্য সংশ্লিষ্ট বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখা যেতে পারে এবং সংশ্লিষ্ট দেশের বাংলাদেশে অবস্থিত দূতাবাসে যোগাযোগ করা যেতে পারে। এ ব্যাপারে বিদেশে গমনে ইচ্ছুক সব ছাত্রছাত্রী, তাঁদের অভিভাবক এবং সংশ্লিষ্ট সবার বিশেষ সতর্কতা ও সচেতনতা একান্তভাবে কাম্য। পাশাপাশি সরকারের এ বিষয়ে সজাগ দৃষ্টি দেওয়া উচিত এবং অবৈধ, নামসর্বস্ব ও ভুয়া স্টুডেন্ট কাউন্সেলিং ফার্মের বিরুদ্ধে অচিরেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত।কাজী মহিউদ্দিনদক্ষিণখান, উত্তরা, ঢাকা