চি ঠি প ত্র
ফুটপাতে মোটরসাইকেলঢাকা মহানগরের জনসংখ্যা দিন দিন বেড়েই চলেছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে যানবাহনের সংখ্যাও। এমনিতেই ঢাকার রাস্তাগুলোতে ব্যাপক যানজট থাকে, তার ওপর বাড়তি যানবাহন যানজটকে আরও ভয়াবহ করে তুলছে। ইদানীং দেখা যাচ্ছে, মোটরসাইকেলচালকেরা যানজটের হাত থেকে বাঁচতে নতুন এক পন্থা অবলম্বন করছেন। সুযোগ পেলেই তাঁদের মোটরসাইকেলগুলো ফুটপাতে উঠিয়ে চালানো শুরু করেন, ভাবখানা এমন যে ফুটপাতই রাজপথ! নগরের বিভিন্ন ব্যস্ত সড়কে এ ঘটনা প্রতিদিনই ঘটছে। ট্রাফিক পুলিশের সামনে এ ধরনের ঘটনা ঘটলেও তারা থাকে নির্বিকার। এমনিতেই মহানগরের বেশির ভাগ ফুটপাত অবৈধ ব্যবসায়ীদের দখলে। তার ওপর ফুটপাতে এই মোটরসাইকেল মহড়া সাধারণ পথচারীদের ব্যাপক ভোগান্তিতে ফেলছে। অনেক সময় ঘটছে ছোট-বড় নানা দুর্ঘটনা। এ দেশের বড় বড় রাস্তা সাধারণ পথচারীদের জন্য এক মৃত্যুফাঁদ। এখন যদি ফুটপাতগুলোতেও এভাবে মোটরসাইকেল চলাচল অব্যাহত থাকে, তবে সাধারণ পথচারীরা কোন পথ দিয়ে হাঁটবে? এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।মো. মাকসুদুল হাসানদর্শন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।নিজেদের নিয়ে ভাবি‘হোয়াইট হাউসের কাছে একটি ভোটকেন্দ্রের বাইরে নিরুত্তাপ দীর্ঘ সারি দেখলাম। সেটি ছিল একটি স্কুলে। ভোটের জন্য স্কুল বন্ধ করে দেওয়া হয়নি বলেই হয়তো বাইরে লাইন দেখা গেছে। ভোটের জন্য কোনো সরকারি ছুটি ছিল না। কোথাও কোনো অস্বাভাবিক বা বিশেষ জীবনযাত্রা চোখে পড়েনি। নিরাপত্তাব্যবস্থা ঢেলে সাজানো কিংবা টান টান উত্তেজনা অথবা উৎসাহের কিছুই ছিল না। ভোটকেন্দ্রের ত্রিসীমানায় পুলিশ বা তাদের টহল গাড়ি—কিছুই দেখা যায়নি। প্রধান দুই দলের কর্মীরা নীরবে সক্রিয় ছিলেন।’ ৮ নভেম্বর প্রথম আলোয় এই প্রতিবেদন পড়ে রীতিমতো বিশ্বাস হচ্ছিল না। স্বপ্ন হলেও এটাই সত্যি। এমন একটি প্রতিবেদন প্রকাশের জন্য প্রতিবেদকসহ প্রথম আলোকে ধন্যবাদ।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে শেষ পর্যন্ত সব কৌতূহলের অবসান ঘটিয়ে রিপাবলিকান চ্যালেঞ্জারকে হারিয়েছেন বারাক ওবামা। ৫৩৮টি ইলেকটোরাল কলেজ (নির্বাচকমণ্ডলী) ভোটের মধ্যে বারাক ওবামা পেয়েছেন ৩০৩ ভোট। যেখানে জয়ের জন্য প্রয়োজন ২৭০ ভোট। প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির প্রার্থী মিট রমনি পেয়েছেন ২০৬ ভোট। বারাক ওবামাকে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানাই।ফল ঘোষণার পর প্রেসিডেন্ট ওবামাকে অভিনন্দন জানিয়ে রিপাবলিকান পার্টির পরাজিত প্রার্থী মিট রমনি তাঁর ভাষণে বলেন, ‘একটু আগেই আমি প্রেসিডেন্ট ওবামাকে ফোন করেছি। বিজয়ী হওয়ায় অভিনন্দন জানিয়েছি তাঁকে। এই অভিনন্দন তাঁর সমর্থক ও প্রচারণার সঙ্গে যুক্ত ব্যক্তিদেরও প্রাপ্য।’ এই ধৈর্যশীল, সুন্দর আচরণ কতটা আনন্দের, ভাবা যায়, যখন জয়ী প্রার্থী ভাবতে পারছেন, বিরোধী দল (পরাজিত প্রার্থী) দেশের স্বার্থে একত্রে কাজ করতে ইচ্ছুক। রায় মেনে নেওয়ার এই প্রবণতার মধ্যেই উৎকৃষ্ট গণতন্ত্র নিহিত।সামনে শুরু হতে যাচ্ছে আমাদের দেশে জাতীয় সংসদ নির্বাচনের উত্তাপ। প্রশ্ন হলো, আমাদের রাজনীতিবিদ তথা রাজনৈতিক দলগুলো কী ভাবছে? কেননা, বিশ্ববাসীও পর্যবেক্ষণ করবে আমাদের নির্বাচন। আমরাও বিশ্বাস করি, আমরা সুন্দর গণতন্ত্রে বিশ্বাসী, সুষ্ঠু নির্বাচনে আগ্রহী। আর সে জন্য প্রয়োজন ধৈর্য, সহনশীলতা আর বিশুদ্ধ রাজনীতির চর্চা।সঞ্জয় কুমার ভৌমিকবসুন্ধরা আ/এ, শ্রীমঙ্গল।