চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতের অতিথি পাখিআমাদের দেশে শীতকালে কিছু ভিনদেশি পাখির আগমন ঘটে। দেখতে ও চলাফেরায় অনেকটা দেশি হাঁসের মতোই। এরা শীতের শুরুতে আসে আবার শীতকাল শেষ হলেই নিজ দেশে ফিরে যায়। হাড়গিলা, বালিহাঁস, বাটুল, চোখাচোখি, গগনভেদ প্রভৃতি নামের এই ভিনদেশি পাখিগুলোই অতিথি পাখি নামে পরিচিত। শীতের কয়েক মাসের জন্য আসে বলে আমরা এদের অতিথি পাখি বলি। অতিথি পাখির বাস মূলত শীতপ্রধান দেশে। শীতকালে সেসব দেশে তীব্র শীত বিরাজ করে। নদী ও খাল-বিলের ঠান্ডা পানি জমে বরফে পরিণত হয়। তুষারঝড়ে পথঘাট ঢেকে যায়। এ সময় তাদের খাদ্যাভাবসহ বসবাস এতটাই অনুপযোগী হয়ে ওঠে যে, প্রাণে বেঁচে থাকাই কঠিন হয়ে যায়। অনাহারে-অর্ধাহারে থাকা এসব পাখি তাই জীবন বাঁচানোর তাগিদেই কয়েক হাজার মাইল পথ পাড়ি দিয়ে ছুটে আসে আমাদের দেশে। নাতিশীতোষ্ণ অঞ্চল হিসেবে আমাদের দেশের বিল-ঝিল, হাওর-বাঁওড়ের মুক্ত আকাশে ঘুরেফিরে খাবার খাওয়া ও চলাফেরা করা এরা পছন্দ করে। বলা চলে, এ জন্যই প্রতিবছর আমাদের দেশে এদের আগমন। এখন হেমন্তকাল। শীত আগত। ইতিমধ্যেই অতিথি পাখির পদচারণে মুখরিত বৃহত্তম চলনবিলসহ দেশের অভ্যন্তরীণ হাওর-বাঁওড় ও বিল-ঝিল। আকাশে-বাতাসে যেন অতিথি পাখির কলরব। কিন্তু আফসোস, শীতের শুরুতে এই পাখিগুলো আসতে না-আসতেই প্রতিবছরের মতো এ বছরও কিছু স্বার্থলোভী মানুষ বিভিন্ন ফাঁদ পেতে অবাধে এসব পাখি নিধন করছে এবং তা স্থানীয় বাজারে প্রকাশ্যে বিক্রি করছে। এভাবে পাখিনিধন পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। প্রসঙ্গক্রমে বলা দরকার, দেশে পাখিনিধন আইন আছে। কিন্তু নেই শুধু এই আইনের যথাযথ প্রয়োগ। ফলে ওই সব সুযোগসন্ধানী মানুষের কাছে তাই আজ পাখিনিধন নিত্যদিনের স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাদের অনেকেই এখন পাখি শিকারকে মূল পেশা হিসেবে গ্রহণ করেছে এবং তারা সারা বছরই বিভিন্ন প্রজাতির পাখি নিধন করছে। আসলে পাখি যে শুধু আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে তা নয়, পাখি প্রকৃতির অলংকার। এই সম্পদ রক্ষা করা আমাদের সবার নৈতিক দায়িত্ব।তাই আসুন, শীতের অতিথিসহ সব ধরনের পাখিনিধন বন্ধের পাশাপাশি তাদের স্বাধীনভাবে বসবাসের যথোপযুক্ত পরিবেশ গড়ে তুলি। এ ব্যাপারে পরিবেশ ও বন অধিদপ্তর, সরকারি-বেসরকারি পরিবেশবান্ধব সংগঠনসহ সংশ্লিষ্ট সবাইকে দ্রুত এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।সৌরভ সোহরাবআয়েশ, সিংড়া, নাটোর।সচেতন হোনআমাদের জীবনে দুর্ঘটনা বেড়েই চলেছে। দুর্ঘটনা মানেই জীবন ও সম্পদের হানি। তাই এ ধরনের ঘটনা সবাইকে ব্যথিত করে, দুঃখ দেয়। কয়েক দিন আগে সিলেটে ট্রেনে কাটা পড়ে যে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল, তা সবাইকে মর্মাহত করেছে, ব্যথিত করেছে।চলার পথে আমাদের সতর্ক ও সচেতন হওয়া জরুরি। রেললাইনে বসে অসতর্ক হয়ে তিনি যে ভুল করেছেন, তাঁর মাশুল তাঁকে জীবন দিয়েই দিতে হলো। আমরা নিয়মিতই পথেঘাটে ও নানা কাজকর্মে অসচেতনতার পরিচয় দিই। মুঠোফোনে কথা বলতে বলতে গাড়ি চালানোর দৃশ্য এখন নিয়মিত চোখে পড়ে। এই অবস্থায় অনেকে রাস্তা পার হয়, অনেকে কানে ইয়ারফোন লাগিয়ে রাস্তায় চলাচল করে। এই বিষয়টি নিয়ে কেউ ভাবে না, দুর্ঘটনা একবারই ঘটে এবং এর ক্ষতি কোনো কিছু দিয়েই পূরণ করা যায় না।তাই আসুন, সবাই সতর্ক হই। গাড়ি চালানোর সময়, পথেঘাটে চলাফেরার সময় মুঠোফোনের ব্যবহার বন্ধ করি। সিলেটের ঘটনা থেকে আমরা শিক্ষা নিই।জাহেদুর রহমান পুরানা পল্টন, ঢাকা।