চি ঠি প ত্র
চাটখিলে ফায়ার সার্ভিসচাটখিল বাজারটি একটি জনাকীর্ণ শহর। অসংখ্য দোকানপাটে ঠাসা এ শহরে বারবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পরই এ বাজারে পাঁচবার আগুন লেগেছে। নিকটবর্তী হালিমা দীঘিরপাড় মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে একাধিকবার। ভয়াবহ এসব অগ্নিকাণ্ডে কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে। আশপাশে কোনো ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় অগ্নিকাণ্ড ভয়াবহ আকার ধারণ করে। সবচেয়ে নিকটবর্তী ফায়ার সার্ভিস স্টেশন হলো চৌমুহনী ও রামগঞ্জে। এত দূর থেকে সার্ভিসের গাড়ি আসতে অনেক দেরি হয়ে যায়। ততক্ষণে আগুন ব্যাপক বিস্তৃতি লাভ করে দোকানের পর দোকান পুড়ে যায়, যা নেভানোর উপায় থাকে না। অধিক ঘন ঘন অগ্নিকাণ্ডের কারণে ব্যবসায়ীরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। আর তাই চাটখিলে ফায়ার সার্ভিস স্টেশন এখন ব্যবসায়ীদের প্রাণের দাবি। তাঁরা বারবার দাবি জানালেও তা পূরণ করার যেন কেউ নেই। চাটখিল বাজারে ফায়ার সার্ভিস স্টেশন বসানোর জন্য যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।হাফেজ মুহম্মদ রফিকুল ইসলাম ছাত্র, চাটখিল কামিল মাদ্রাসা, নোয়াখালী। নিরাপত্তামানুষের মৌলিক চাহিদাগুলো হলো: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা। আর এই মৌলিক চাহিদাগুলো আপনি তখনই উপভোগ করবেন, যদি আপনি অনিরাপত্তায় না ভোগেন। কেননা, অনিরাপত্তাবোধ সব চাহিদার ভিত্তিকে দুর্বল করে দেয়। ১২ নভেম্বর প্রথম আলো পত্রিকায় ‘মায়ের বুকে গুলি করে শিশু অপহরণ’ শিরোনামে প্রতিবেদনটি (চিত্রসহ) পড়ে যতটা কষ্ট পেয়েছি, তার চেয়েও বেশি হতবাক হয়েছি এই ভেবে যে আমরা কোন জগতে বাস করছি? দিন দিন কি মনুষ্যত্ববোধ হারিয়ে যাচ্ছে? মায়ের বুক থেকে যারা বাচ্চাকে ছিনিয়ে নিয়ে যায়, তারা কত বড় পাষণ্ড হতে পারে, ভাবা যায় কী? বর্বর যুগ চলে গেছে। কিন্তু বর্বরতা এখনো রয়ে গেছে। যারা এই ঘৃণ্য কাজ করেছে, তাদের মতো বর্বরদের কঠোর শাস্তি হওয়া উচিত।১৩ নভেম্বর প্রথম আলোয় ‘পাহারা দিতে গিয়ে ধর্ষণ, পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা’ শিরোনামে প্রতিবেদনটি পড়ে লজ্জিত হলাম। রক্ষক যদি ভক্ষক হয়, তবে নিরাপত্তা চাওয়া কিংবা পাওয়াটা হবে সোনার হরিণ।পত্রিকা খুললেই বিভিন্ন ঘটনা ও দুর্ঘটনার খবরগুলো পড়লে মনে হয়, সাধারণ মানুষ কতটা নিরাপত্তাহীন। যাঁরা দেশকে নিয়ে ভাবেন, যাঁরা দেশকে পরিচালনা করেন, সাধারণ প্রতিটি মানুষের নিরাপত্তা দেওয়াটাও তাঁদের দায়িত্ব। মানুষ চায় নিরাপদে বসবাস করতে। কেননা, নিরাপত্তাহীনতা মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলে, যা কখনোই কাম্য নয়। সে জন্য প্রয়োজন আইনের সঠিক প্রয়োগ, দোষীদের শাস্তি এবং অধিকারের প্রতি সচেতনতাবোধ।সঞ্জয় কুমার ভৌমিকবসুন্ধরা আ/এ, শ্রীমঙ্গল।কাগজের নোট বাংলাদেশ ব্যাংক কর্তৃক সাম্প্রতিক কালে বাজারে ছাড়া কিছু ভিন্ন ভিন্ন মূল্যমানের কাগজের নোটের রং, আকার ও নকশায় এত বেশি মিল বা সাদৃশ্য রয়েছে যে নিরক্ষর মানুষ তো বটেই, শিক্ষিত মানুষকেও অনেক সময়ে বিভ্রান্ত হতে দেখা যায়। বিশেষ করে বর্তমানে বাজারে প্রচলিত ১০০ ও ৫০০ টাকার নোটের ক্ষেত্রে এমনটি বেশি ঘটে। অথচ আগে বিভিন্ন মানের নোট এমনভাবে ছাপানো হতো যার বৈশিষ্ট্যের ভিন্নতা এতটাই দৃশ্যমান ছিল, যে কেউ তা একনজর দেখেই সহজে ও সঠিকভাবে চিহ্নিত করতে সক্ষম হতো। তাই নতুন যেকোনো নোট ছাপানোর আগে সেটির রং, আকার, ডিজাইন প্রস্তুত ও অনুমোদনকালে সব শ্রেণীর মানুষের কথা বিবেচনায় রেখে এ বিষয়ে আরও সচেতন ও যত্নবান হওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। শহীদুল আলমমিরপুর, ঢাকা।