চি ঠি প ত্র
মেডিকেলে ভর্তি পরীক্ষাঅনেক তর্কবিতর্ক, আলোচনা-সমালোচনার পর গৃহীত হয়েছে একটি সুন্দর সিদ্ধান্ত। আর তা হলো, মেডিকেলে ভর্তি পরীক্ষা। এ সিদ্ধান্তকে আমি সমর্থন করি। কিন্তু ব্যাপারটি অনিশ্চিত যে পরবর্তী বছরগুলোতে মেডিকেলে ভর্তি পরীক্ষা হবে কি না। শিক্ষার জন্য চাই চর্চা। এ চর্চা যত বেশি করা যায়, জ্ঞান তত বাড়ে, তা কে না জানে। মেডিকেলে ভর্তি পরীক্ষা অব্যাহত থাকাটা জ্ঞান বাড়াতে সাহায্য করে। কেননা, এতে আরও বেশি দিন শিক্ষার্থীরা পাঠ্যবই চর্চার ওপর থাকবে। আবার অনেক সময় দেখা যায়, প্রস্তুতি অনেক ভালো হওয়া সত্ত্বেও শিক্ষার্থীরা পরীক্ষায় ভালো করতে পারে না। ফলে এসএসসি বা এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পায় না। অথচ তারা মেধাবী। অসুস্থতা বা পারিপার্শ্বিক কোনো কারণে তাদের এমন ফল হয়েছে। এ ক্ষেত্রে মেডিকেলে ভর্তি পরীক্ষা তাদের জন্য আশার আলো। কিন্তু এর দুয়ারই যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে আলো ছড়াবে কোন দিক দিয়ে? কর্তৃপক্ষের কাছে আমার বলা, আপনারা কি চান আপনাদের এই ফুলের মতো এত সুন্দর শিক্ষার্থীরা অকালেই ঝরে পড়ুক? আপনারা কি চান যে আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম পঙ্গু হোক? না, আপনারা তা চান না। কাজেই আপনাদের কাছে অনুরোধ, দয়া করে মেডিকেলে ভর্তি পরীক্ষা বন্ধ করবেন না। অন্যদের শাস্তি দিতে গিয়ে নতুন পথের যাত্রীদের আহত করবেন না। দেশের একজন নাগরিক, একজন শিক্ষার্থী, একজন মানুষ হিসেবে আপনাদের কাছে আমার এই বিনীত অনুরোধ। নোশিন, রংপুর, বাংলাদেশ।শহীদদের তালিকাস্বাধীনতার পর থেকে সব সরকারই উদ্যোগ নিয়েছে স্বাধীনতাসংগ্রামে অংশ নেওয়া মুক্তিযোদ্ধাদের একটা সঠিক ও নির্ভুল তালিকা তৈরি করার জন্য। যে কারণেই হোক, এ পর্যন্ত তা সফল হয়নি। বর্তমান সরকার সেটি যথাযথভাবে সম্পন্ন করার কাজে হাত দিয়েছে। আমাদের কাছে নিশ্চয়ই তা আশাব্যঞ্জক। বর্তমান তো বটেই, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাজটা অত্যন্ত প্রয়োজনীয়। তাই এটা সুষ্ঠুভাবে হোক, এটা আমরা চাই।কিন্তু সঙ্গে সঙ্গে আরেকটি কথা, বাংলাদেশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন ৩০ লাখ মানুষ। সুতরাং আমাদের অর্জিত স্বাধীনতায় তাঁদেরও অবদান কম নয়; বরং অনেক বেশি। তাঁরাও আমাদের অনেক শ্রদ্ধা ও সম্মানের পাত্র। জাতি চিরকৃতজ্ঞ তাঁদের প্রতি। স্মৃতির মণিকোঠায়, স্বাধীনতার ইতিহাসে তাঁদেরও সংরক্ষণ শুধু প্রয়োজনই নয়, আমাদের জাতীয় দায়িত্ব। তাই তাঁদেরও একটা তালিকা প্রণয়ন অবশ্যই কর্তব্য। কাজটা অনেক দেরি হয়ে গেছে। আর দেরি না করে এখনই এ ব্যাপারে উদ্যোগী হওয়ার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। মোহাম্মদ বাবর, নলতা, সাতক্ষীরা।দরিদ্রতম প্রেসিডেন্ট‘জরাজীর্ণ বাড়ি। বাড়ির সামনেই কাপড় মেলা হয়। উঠানজুড়ে আগাছা। সেই উঠানে আছে কূপ। এই কূপ থেকেই পানি সংগ্রহ করা হয়। নিরাপত্তা বলতে মাত্র দুজন পুলিশ কর্মকর্তা আর ম্যানুয়েলা (তিন পেয়ে একটি কুকুর)। এটা হলো একজন প্রেসিডেন্টের বাড়ির বর্ণনা। তিনি উরুগুয়ের প্রেসিডেন্ট হোসে মুজিকা।’ ১৬ নভেম্বর প্রথম আলো পত্রিকায় এই প্রতিবেদনটি পড়লাম। যেন রূপকথার গল্পের মতোই কিংবা কোনো মহাপুরুষের জীবনকাহিনি পড়ছিলাম। এমন প্রতিবেদনগুলো পড়লে সশ্রদ্ধচিত্তে মাথা নত হয় এমন আদর্শের কাছে।প্রেসিডেন্ট হওয়ার পর রাষ্ট্রের পক্ষ থেকে বরাদ্দকৃত বিলাসবহুল বাড়িতে না উঠে তিনি বসবাস করছেন স্ত্রীর খামারবাড়িতে। এ রাষ্ট্রনায়ক তাঁর বেতনের বেশির ভাগটাই দুস্থদের মধ্যে দান করেন। প্রেসিডেন্ট হোসে মুজিকা বলেন, ‘আমাকে বলা হয় দরিদ্রতম প্রেসিডেন্ট, কিন্তু আমি তা মনে করি না; বরং দরিদ্র হলো তাঁরাই, যাঁরা ভোগবিলাসের জন্য কাজ করেন এবং সব সময়ই বলেন—আরও চাই, আরও চাই।’ এই কথাগুলো খুবই ইতিবাচক। কেননা সীমাহীন চাহিদার কারণেই মানুষের মন দরিদ্র হয়, অশান্ত হয়। পরোপকারের চিন্তা মাথায় আসে না, যা কখনোই কাম্য নয়।প্রথম আলোর প্রতি অনুরোধ, এমন সাদা মনের মানুষগুলোর খবর সব সময় যেন পাই; যাতে সেই আদর্শকে আমরাও লালন করতে পারি হূদয়ে সযত্নে।সঞ্জয় কুমার ভৌমিকবসুন্ধরা আ/এ, শ্রীমঙ্গল।