চি ঠি প ত্র
যুদ্ধবিধ্বস্ত শিশুরা১৮ নভেম্বর প্রথম আলোর সারা বিশ্ব পাতায় গাজায় ইসরায়েলি বিমান হামলায় আহত এক শিশুর মাথায় রক্তের ছোপ, হাতে ব্যান্ডেজ বাঁধা কান্নারত ছবি প্রকাশিত হয়েছে, যা যেকোনো সুস্থ বিবেককেই নাড়িয়ে দেওয়ার মতো। নতুন করে ইসরায়েলি হামলায় ইতিমধ্যেই অনেক বেসামরিক ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে অসহায় নারী ও শিশুর সংখ্যা কম নয়। আত্মরক্ষা ও শান্তি প্রতিষ্ঠার নামে যে ধরনের বিদ্বেষমূলক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে, তার বিরূপ প্রভাব নিরপরাধ সাধারণ মানুষকে ভোগ করতে হচ্ছে। ছবির ওই নিষ্পাপ শিশুটির কী অন্যায় ছিল যে তাকে এভাবে গোলাবারুদের আঘাতে কষ্ট পেতে হচ্ছে কিংবা যেসব শিশু মারা গেছে তাদেরই বা কী অপরাধ? কেন তারা বেড়ে ওঠার স্বাভাবিক পরিবেশ পাচ্ছে না? ওদের একটা সুস্থ ও শান্তির পৃথিবী দেওয়া তো বড়দেরই দায়িত্ব। আমাদের কারও অধিকার নেই ওসব নিষ্পাপ শিশুর স্বাভাবিক জীবন ও বৃদ্ধিকে বাধাগ্রস্ত করার। আমরা কি আরেকটু গভীর ও ব্যাপকভাবে সমঝোতার মাধ্যমে ত্যাগী মনোভাব নিয়ে শান্তির কথা ভাবতে পারি না?সাকিবুল হাসানমাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।বাবুই পাখিরজনীকান্ত সেনের বিখ্যাত ‘স্বাধীনতার সুখ’ কবিতার সেই বাবুই পাখির কথা মনে পড়ে? হ্যাঁ, কবিতার বাবুই পাখির কথা খুব মনে পড়ে, কিন্তু বাস্তবের বাবুই পাখিরা এখন কেমন যেন অচেনা। এ পাখির পরিচিত এখন শুধুই ছড়ার বইতে। বাস্তবে তাদের দেখা মেলা ভার। অথচ একসময় গ্রামগঞ্জ-শহরসহ সবখানে তাল, সুপারি, খেজুর ও নারিকেলগাছের দিকে তাকালেই তাদের বাসা চোখে পড়ত। কিন্তু এখন এ প্রজাতির পাখি আর দেখা যায় না। শহরের অনেকেই দৃষ্টিনন্দন এ পাখির বাসা দেখেনি। তবে খুদে এই শিল্পী পাখির পরিত্যক্ত বাসা শহরে দেদার বিক্রি হয়। তা ছাড়া অনেকে ড্রয়িং রুমে সাজিয়ে রাখে। কালের বিবর্তনে বাবুই পাখির বাসা এখন আর গ্রামীণ জনপদেও দেখা যায় না। নির্বিচারে বন উজাড়, নতুন বনায়ন ও শিকারির ফাঁদসহ নানা কারণে প্রকৃতির স্থপতি বাবুই পাখি ক্রমান্বয়ে প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে। এ পাখিকে সামাজিক বন্ধনের প্রতীক মনে করা হয়। তাদের টিকিয়ে রাখার দায়িত্ব আমাদের। প্রকৃতির ভারসাম্য রক্ষায় তাদের বসবাসের উপযুক্ত পরিবেশ তৈরি করে দিতে হবে। জাহেদুর রহমান, বাগমারা, রাজশাহী।