চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাণ্ডবগত ২১ নভেম্বর সংবাদমাধ্যমে যে ছবিটি দেখলাম, তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। দেখলাম কতিপয় সন্ত্রাসীর হাতে লন্ডভন্ড হচ্ছে আমার মতো হাজারো শিক্ষার্থীর প্রিয় বিদ্যাপীঠ—কবি নজরুল সরকারি কলেজ। অত্যন্ত তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অন্য একটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ রকম নারকীয় তাণ্ডব চালাতে পারেন তা ভাবতে গা শিউরে ওঠে। তাঁদের হামলায় কলেজের মূল ফটক, একাডেমিক ভবন, শ্রেণীকক্ষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অত্যন্ত বর্বরোচিতভাবে তাঁরা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন শিক্ষকদের ব্যক্তিগত গাড়িতে। নির্বিচারে তাঁরা মারধর করেন নিরীহ শিক্ষার্থীদের। তাঁদের হামলা থেকে রেহাই পাননি সাংবাদিক, পুলিশ ও পথচারীরাও। ইতিমধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও কবি নজরুল সরকারি কলেজ কর্তৃপক্ষ পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে। কর্তৃপক্ষের কাছে বিনীত নিবেদন, এ ঘটনায় দায়ী শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে ভবিষ্যতে কেউ শিক্ষার্থী পরিচয়ে এ ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে না পারে। কলুষিত করতে না পারে আমাদের ছাত্র পরিচয়কে। মো. কামরুল হাসান কবি নজরুল সরকারি কলেজ, ঢাকা। ভাতের মাড়গত ২১ নভেম্বর প্রথম আলোয় প্রকাশিত ইফতেখার মাহমুদের লেখা ‘ভাতের মাড় ফেলে দিলে ১৫ শতাংশ পুষ্টি নষ্ট হয়’ লেখাটি পড়ে খুব উপকৃত হলাম। আমাদের অবশ্যই সব খাদ্যের পুষ্টি বজায় রেখে রান্না করা প্রয়োজন। আমরা একটু অভ্যাস করলেই বসাভাত বা পুষ্টিভাত রান্না করতে পারি, যা শুধু খাদ্যের অপচয় নয়, পুষ্টিও বজায় রাখে। ইফতেখার মাহমুদের লেখায় বিস্তারিত তা আছে। আমি শুধু এতটুকু বলতে চাচ্ছি, যত দিন আমরা পুষ্টিভাত রাঁধতে না পারি (চেষ্টা করতে হবে) তত দিন যেন ভাতের মাড়টা না ফেলে দিই। ভাতের মাড়ের বহু ব্যবহার আছে, যা এখানে বিস্তারিত লেখা সম্ভব নয়। আমরা প্রতিদিন যে ডাল রান্না করি, ডালে পানি না দিয়ে ভাতের মাড়টা দিতে পারি। তাতে ডালের স্বাদ কমবে না, বরং আরও বাড়বে। যেকোনো মাংস ও মাছ রান্নার সময় পানির বদলে ভাতের মাড় দিতে পারি। তা ছাড়া ভাতের মাড় দিয়ে আমরা প্রতিদিনই ‘স্যুপ’ করতে পারি, স্যুপ মানেই দামি খাবার না। যেকোনো সবজি দিয়ে স্যুপ করা যায়; ডিম, মাংস নাই বা থাকল। এভাবে প্রতিদিনই ধনী-গরিব সবাই ভাতের মাড়ের ব্যবহার করতে পারি। তবে অবশ্যই আমাদের বসাভাত বা পুষ্টিভাত রাঁধতে হবে, ভাতের পুষ্টি বজায় রাখতে হবে। নূরজাহান আহমেদ, ষষ্ঠিতলা, যশোর।