চি ঠি প ত্র
সবার আগে দেশ৮ এপ্রিল প্রথম আলোর খোলা কলমে হাসান ফেরদৌসের ‘ক্রিকেট ও রাজনীতি’ শীর্ষক লেখাটি হূদয়ে নাড়া দেওয়ার মতো। গত ২৩ মার্চ ঢাকায় অনুষ্ঠিত পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচটির সময় গ্যালারিতে বাংলাদেশি দর্শকদের বেশির ভাগেরই পাকিস্তানের প্রতি অকুণ্ঠ সমর্থন হতাশাজনক। একাত্তরে আমাদের ওপর পাকিস্তানি সেনাদের বর্বরতার কথা কারোরই অজানা থাকার কথা নয়। আমরা খেলা উপভোগের জন্য পাকিস্তানি খেলোয়াড়দের ভালো খেলাকে সর্বোচ্চ হাততালি দিয়ে উৎসাহ দিতে পারতাম। কিন্তু যে বুকে আমরা বাংলাদেশের পতাকা ধারণ করি, সেই বুকে-মুখে পাকিস্তানের পতাকা এঁকে এত জোরালো সমর্থন কি স্বাধীনতাযুদ্ধে আমাদের বীর শহীদদের অমর্যাদা নয়? অনেকে পাকিস্তানকে সমর্থনের পেছনে ‘খেলার মধ্যে অন্য কিছু টেনে আনা ঠিক নয়’ জাতীয় যুক্তি দাঁড় করায়। কিন্তু খেলাটা যদি নিছক খেলার পর্যায়েই থাকত, তাহলে আমরা গ্যালারিতে মনমোহন সিং, ইউসুফ রাজা গিলানি, সোনিয়া গান্ধী কিংবা মাহিন্দা রাজাপক্ষের মতো ব্যক্তিদের দেখতে পেতাম না। একাত্তরের গণহত্যা ও বর্বরতার জন্য এখনো পাকিস্তান আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করে আমাদের কাছে ক্ষমা চায়নি। তাই সবার আগে দেশ, দেশের ভাবমূর্তি। কোনো দেশকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য খেলা অনেক বড় একটি মাধ্যম। কিন্তু আমরা আমাদের দেশকে কীভাবে তুলে ধরছি, সেটাই মুখ্য। আমাদের সবার আচরণ ও কাজ সম্পর্কে সচেতন হওয়া উচিত।সাকিবুল হাসান, টাঙ্গাইল।