চি ঠি প ত্র
বাসভাড়ার নৈরাজ্যবছর খানেক আগে বিআরটিএ কর্তৃক সর্বশেষ বাসভাড়া পুনর্নির্ধারণের পর থেকেই বাসমালিক-শ্রমিকেরা নানা কৌশলে ও প্রতারণার মাধ্যমে সেটি উপেক্ষা করে যাত্রীদের কাছ থেকে তাদের ইচ্ছামাফিক পর্যায়ক্রমে বাড়তি ভাড়া আদায় শুরু করে। সরকারিভাবে এরপর নতুন কোনো বাসভাড়ার হার নির্ধারণ বা ঘোষণা না হলেও বর্তমানে কোনো কোনো রুটে নির্ধারিত ভাড়ার চেয়ে ২৫-৫০ শতাংশ পর্যন্ত বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। অসহায় যাত্রীদের পক্ষে এমন অত্যাচার নীরবে সহ্য করা ছাড়া মনে হয় আর কোনো গত্যন্তর নেই। আসলে বিআরটিএ কর্তৃক বাসভাড়া নির্ধারণের বর্তমান পদ্ধতিটিই ত্রুটিপূর্ণ মনে হয়। কারণ, দেশে খুচরা পয়সার কোনো প্রচলন না থাকলেও বাসভাড়ার ক্ষেত্রে কিলোমিটারপ্রতি টাকার ভগ্নাংশ ব্যবহার করে ঘোষণা দিতে দেখা যায় (যেমন, কিলোমিটারপ্রতি ১.০৫ টাকা ইত্যাদি)। আপাতদৃষ্টিতে মনে হয় যেন অনেক সুষ্ঠুভাবে চিন্তাভাবনার পর এভাবে নির্ধারণ করা হয়েছে। আসলে এটি সম্পূর্ণ ভণ্ডামি ছাড়া আর কিছু নয়। কারণ, নগরের রাস্তাগুলোতে মহাসড়কের মতো দূরত্ব নির্দেশক কোনো মাইলফলক বসানো থাকে না। ফলে এখানে যাত্রীদের পক্ষে প্রকৃত দূরত্ব সম্পর্কে সহজে নিশ্চিত হওয়া সম্ভব নয়। আর এ সুযোগে বাসমালিকেরা যেকোনো গন্তব্যের প্রকৃত দূরত্ব কারসাজি করে বাড়তি ভাড়া আদায় করলেও যাত্রীদের বাধ্য হয়ে তাই মেনে নিতে হচ্ছে। শুধু তাই নয়, কখন কোন গাড়ি লোকাল থেকে গেটলক, সিটিং থেকে স্ট্যান্ডিং যাত্রী নিয়ে চলবে অথবা নির্ধারিত রুট অনুযায়ী চলাচলের বদলে মাঝপথে গাড়ি ঘুরিয়ে যাত্রা সমাপ্ত বা শুরু করা হবে এবং চালক-হেলপারের ইচ্ছামতো গন্তব্য এবং ভাড়ার পরিমাণ ঠিক করে চিৎকার করে ডেকে ডেকে যাত্রী ওঠানো-নামানো হবে অথবা একই দূরত্বে সময়ভেদে, আপ এবং ডাউন পথে যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায়ে তারতম্য করা হবে, তা বোঝা বড়ই কষ্টকর। অথচ এসব নৈরাজ্য দেখার যেন কেউ নেই। যাত্রীস্বার্থ বিবেচনায় নগর পরিবহনের বাসগুলোতে কিলোমিটারপ্রতি ভাড়ার হার নির্ধারণের বদলে প্রতিটি রুটের স্টপেজের সংখ্যা এবং প্রকৃত দূরত্বের কয়েকটি স্তর নির্ণয় করে সে অনুযায়ী ভাড়ার হার ঘোষণা ও বাস্তবায়ন নিশ্চিত করা জরুরি। তা ছাড়া পরিবহন খাতের ব্যাপক চাঁদাবাজি এবং নগরের রাস্তায় অসহনীয় জানজট নিরসন, বেশিসংখ্যক বিআরটিসি ডবল ডেকার বাস সার্ভিস চালুর মাধ্যমে নগর পরিবহনের বর্তমান নৈরাজ্য অনেকটা হ্রাস করা সম্ভব বলে অনেকেই মনে করেন।শহীদুল আলমমিরপুর, ঢাকা।