চি ঠি প ত্র
অতিথি পাখি হেমন্তকাল শুরু হয়েছে। শীত আসি আসি করছে। শীতকালে আমাদের দেশে ভিনদেশগুলো থেকে ঝাঁকে ঝাঁকে পাখি বেড়াতে আসে। শীত শেষে কয়েক মাস পর আবার চলে যায় বলে আমরা তাদের শীতকালের অতিথি পাখি বলি। শীতকালে তাদের দেশে প্রচণ্ড ঠান্ডায় পথঘাট, নদীনালায় পানি জমে বরফে পরিণত হয়। এ সময় তাদের খাদ্যে বা আবাসে খুব কষ্ট হয় বলে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে এ দেশে বেড়াতে আসে। ইতিমধ্যেই অতিথি পাখির পদচারণে মুখর হতে শুরু করেছে হাওর-বাঁওড় ও বিল-ঝিল। সর্বত্রই অতিথি পাখির কলরব। তবে দুঃখ এখানে যে প্রতিবারের মতো এবারও এই পাখিগুলোর ওপর চোখ পড়েছে স্বার্থলোভী সব মানুষের। হায়েনার মতো তারা এই অতিথি পাখিদের অপেক্ষা করে। নানা ফাঁদ পেতে এসব পাখি শিকার করে তারা অবাধে প্রকাশ্যে বাজারে বিক্রি করছে। পাখি নিধন পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। এ দেশে পাখি নিধনবিষয়ক আইন থাকলেও তার কোনো প্রয়োগ নেই। তাই স্বার্থান্বেষীদের কাছে পাখি নিধন স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। পাখি আমাদের কেবল পরিবেশের ভারসাম্য রক্ষা করে তা নয়, তারা এই পরিবেশেরও অলংকার।আমরা পাখি শিকারিদের বিরুদ্ধে জনমত গড়ে তুলি। জীববৈচিত্র্য রক্ষায় উপযুক্ত পদক্ষেপ নিই, এদের বসবাসের সুযোগ সৃষ্টি করি। জাহেদুর রহমান, পুরানা পল্টন, ঢাকা।