চি ঠি প ত্র
ফুটওভারব্রিজরাজধানী ঢাকা শহরে ব্যস্ত ফুটওভার- ব্রিজগুলোর মধ্যে অন্যতম খিলক্ষেত ফুটওভারব্রিজ। ব্যস্ত এই ফুটওভারব্রিজ দিয়ে প্রতিদিন হাজার হাজার লোকের চলাচল। অনেক সময় এখানে এত ভিড় হয় যে তখন ওভারব্রিজ পার হওয়া সম্ভব হয় না। ঢাকা শহরের ব্যস্ত পথগুলো পারাপার হওয়ার জন্য ফুটওভারব্রিজ বা আন্ডারপাস খুবই গুরুত্বপূর্ণ। কেননা, প্রধান রাস্তা দিয়ে পথ চলাচলে যেকোনো সময় জীবনহানি ঘটতে পারে। তবু আমরা পথ চলাচলে সঠিকভাবে ফুটওভারব্রিজগুলো ব্যবহার করি না। খিলক্ষেত ফুটওভারব্রিজে এত ভিড় হওয়ার কারণ নিচ দিয়ে বিমানবন্দর-মহাখালী অতি ব্যস্ত সড়কে কোনো পথে চলার স্থান নেই। এ কারণে ফুটওভারব্রিজের ওপর সব চাপ পড়ে। অবশ্য এমনই তো হওয়া উচিত। নিরাপত্তার খাতিরে আমাদের সব সময় ফুটওভারব্রিজ বা আন্ডারপাস ব্যবহার করা উচিত। যাহোক, এত ব্যস্ততা সত্ত্বেও আমরা সাধারণ পথচারী ফুটওভারব্রিজটি সঠিকভাবে ব্যবহার করতে পারি না। ব্রিজের অর্ধেক থাকে হকারের দখলে। দিনরাত সব সময় হকার ছাড়াও ফকিরদের আস্তানা এই ফুটওভারব্রিজ। এর দুই পাশে ওঠা-নামার স্থান দখল করে রেখেছেন ফলমূলের ব্যবসায়ীরা। এসব কারণে পথচারীদের স্বস্তি নেই। ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি করে পার হতে গিয়ে পথচারীদের বিড়ম্বনার শিকার হতে হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এসব দেখার কথা থাকলেও উল্টো তাঁরা নজরানা পেয়ে হকারদের বসার সুযোগ করে দেন। এই সমস্যার সমাধান দরকার। অন্যতম ব্যস্ত এই ফুটওভারব্রিজের ওপর থেকে হকার ও ফকিরদের সরিয়ে দেওয়া হোক। রাস্তা চলাচলে নিরাপদ পরিবেশ সবার কাম্য। মাঝেমধ্যে সরকারপ্রধান বা রাষ্ট্রীয় অতিথিদের যাওয়া-আসার সময় সব ফাঁকা করে পরিবেশ সুন্দর করা হয়। তবে নিজেদের মধ্যে সৌন্দর্য ধারণ না করে অন্যদের দেখানোর কোনো মানে নেই। জাহেদুর রহমান পুরানা পল্টন, ঢাকা।