চি ঠি প ত্র
আমরা ক্ষমাপ্রার্থী, স্যারকিছুদিন আগে প্রথম আলোতে মুহম্মদ জাফর ইকবাল স্যারের ‘তোমরা যারা শিবির করো’ লেখাটি পড়ে মনে হচ্ছিল, যদি স্যারকে সামনে পেতাম, তাঁর সামনে মাথা নত করে ক্ষমা চেয়ে বলতাম, স্যার, আমাদের ক্ষমা করুন। আমাদের কারণে আপনাকে বিস্মিত হতে হচ্ছে। আমাদের কারণে আপনি লজ্জিত, শঙ্কিত। আমরা পারিনি আশা পূরণ করতে। আমাদের হাত এতই দুর্বল যে লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া এই দেশের স্বাধীনতা রক্ষার মাস্তুল ধরার ক্ষমতা নেই। অথচ কতই না সহজে এই হাতে চাপাতি, হকিস্টিক, রড ও ইট ধরতে পারি! আমাদের কাঁধ এতই অকেজো যে দেশের সুন্দর ভবিষ্যৎ গড়ার ভার তুলে নিতে কষ্ট হয়। অথচ দেশের মানুষকে অবরুদ্ধ করতে কতই না অবলীলায় রাজপথে নেমে রক্তারক্তি করার ভার কাঁধে তুলে নিই। সেই দায়বদ্ধতার ভারে আমরা নুয়ে পড়েছি। আমাদের ক্ষমা করবেন, স্যার। আমরা, এই প্রজন্মের তরুণেরা মুক্তিযুদ্ধ দেখিনি। কিন্তু সেই ছোট্টটি থেকে বড়দের মুখে শুনে আসা যুদ্ধের একেকটি কাহিনির বর্ণনা আমাদের এর স্বাদ বুঝিয়ে দিয়েছে। স্যার, বিশ্বাস করুন, টিভি, সিনেমা ও গণমাধ্যমগুলোর মাধ্যমে মুক্তিযুদ্ধের কাহিনি জানলে, মুক্তিযোদ্ধাদের দেখলে বা দেশাত্মবোধক কোনো গান শুনলে আমাদের চোখের কোণ ছলছল করে ওঠে। হূৎপিণ্ডটা ধকধক করে ওঠে আর বলে, ‘যদি একাত্তর পেতাম, যুদ্ধে যেতামই যেতাম।’ আমরা সত্যিই দুর্ভাগা। তবু আপনাকে আশার বাণী শোনাব, এখনো স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়নি। এই আমাদেরই এক দল যখন নরপিশাচগুলোকে বাঁচাতে রাজপথ অবরোধ করছে, আরেক দল এই যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে রাজপথে নামছে। কিন্তু ভরসার কথা এই, কোনো ঝড় বা মেঘই পারে না সূর্যকে আড়াল করে রাখতে। রোজিটি নাজনীন, সৈয়দপুর, নীলফামারী।