চি ঠি প ত্র
আর কত প্রতীক্ষাপ্রদীপের নিচে অন্ধকার—এ প্রবাদটি বাঙালি সমাজে সর্বজনবিদিত। দর্শন বিভাগে মানবতার পাঠ দেওয়া হয়, পড়ানো হয় নীতিশাস্ত্র। এসব বিষয়ের ওপর গবেষণা হয়, এমফিল ও পিএইচডি ডিগ্রি দেওয়া হয় এ বিভাগ থেকে প্রতিবছর। অথচ মানবতার অবমাননা, অসততা ও বঞ্চনার মতো অনৈতিক কর্মকাণ্ড যদি এ বিভাগে হতে দেখা যায় এবং আমরা শিক্ষকেরাই যদি জড়িত থাকি এ ধরনের প্রতারণার সঙ্গে, তাহলে বিস্মিত হতে হয়। আরও বিস্ময়ে অবাক হতে হয়, যদি এরূপ গুরুতর অন্যায়ের বিরুদ্ধে জোরালো কোনো প্রতিবাদ না ওঠে। মুখে প্রতিবাদ করেও যখন সমস্যার সমাধান হয় না, তখন বিবেকের যন্ত্রণায় কলম ধরা ছাড়া উপায় কী। যার সঙ্গে প্রতারণা করা হয়েছে, বছরের পর বছর যাকে প্রত্যাশা দেওয়া হয়েছে, তার নাম আবু সাঈদ। আজ থেকে ২০ বছর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের তদানীন্তন সভাপতি ও সিনিয়র শিক্ষকদের মৌখিক প্রতিশ্রুতি অনুসারে আবু সাঈদ পিয়ন হিসেবে কাজে যোগদান করে। যাঁরা তাকে চাকরি দেওয়া হবে বলে প্রত্যাশা দিয়ে কাজে নিযুক্ত করেছিলেন, তাঁরা সবাই বর্তমানে অবসরপ্রাপ্ত, কেউবা পরলোকগত। অতএব, তাঁরা সবাই দায়মুক্ত। এরপর কত পিয়ন নেওয়া হয়েছে, কত শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে, তাঁদের সংবর্ধনা দেওয়া হয়েছে, কতজনের কতবার পদোন্নতি হয়েছে; কিন্তু কেবল সাঈদের ভাগ্যের চাকা ঘোরেনি। প্রতিবছর কত অনুষ্ঠানের আয়োজন করা হয় এ বিভাগে, আর এসব অনুষ্ঠানের আয়োজনে ঘাম ঝরে আবু সাঈদের সর্বাঙ্গ থেকে। বাজার থেকে ফুলের মালা-পুষ্পস্তবক কেনা, সম্মানিত অতিথি ও বিভাগীয় শিক্ষকদের আপ্যায়নে যাতে কোনো ত্রুটি না হয়, সে জন্য অম্লান বদনে হন হন করে আবু সাঈদ ২০ বছর ধরে ছুটেছে এবং অদ্যাবধি ছুটছে—কারণ একটি চাকরির প্রত্যাশা তার। তার জীবন থেকে ২০টি বছর কেটে গেছে; যায়নি তার মন থেকে স্যারদের দেওয়া প্রত্যাশা। এ নিয়েই সে বেঁচে আছে এখনো। সে তাকিয়ে আছে তার স্যারদের ইনসাফের প্রতি।আমার বিশ্বাস, হতভাগা সাঈদের দুর্ভাগ্যের জন্য যতটা না বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দায়ী, তার চেয়ে অধিক দায়ী এ দর্শন বিভাগের কতিপয় ক্ষমতাধর শিক্ষক। যাঁরা বিভিন্ন সময়ে প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে বিশেষত নিয়োগদানে জড়িত ছিলেন এবং থাকেন—আন্তরিকভাবে তাঁরা চাইলে আবু সাঈদের চাকরি না হওয়ার কোনো কথা নয়। ২০ বছর আগে যে ছেলেটি শিক্ষকদের মৌখিক আশ্বাসে কাজে যোগদান করেছিল, আজ সে গতযৌবনা। অর্ধাহারে-অনাহারে এখনো যে লোকটি খেটে যাচ্ছে নাকের ডগায় মুলোর ঝুঁটি ঝুলিয়ে রাখা সাহেবের গাধার মতো, তার কথা বিভিন্ন সময়ের ক্ষমতাধর অধ্যাপকেরা কেউই প্রশাসনকে বোঝাতে পারেননি, এ কথা কি বিশ্বাসযোগ্য? শোনা যায়, তাঁরাও অনেক পিয়ন, কর্মচারী, কর্মকর্তা নিয়োগ দিয়েছেন এবং দিয়ে থাকেন। তবে আপনজনকে যাঁরা আত্মীয়, তা তদ্রূপ ঘনিষ্ঠ। কিন্তু সাঈদ তাঁদের কারও আপনজন হতে পারেনি। সে ডিপার্টমেন্টের সবার, কারও একার নয়। অতএব, সে ‘ভাগের মা’। কথায় বলে, ‘ভাগের মা গঙ্গা পায় না।’ সাঈদের ভাগ্যে তাই এত দুর্দশা!একটা চাকরির জন্য আর কত মূল্য দিতে হবে সাঈদকে? আর কত কাল?জিতেন্দ্র নাথ সরকারঅধ্যাপক, দর্শন বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।প্রাণীবিদ ও প্রাণবৈচিত্র্যগত ২২ নভেম্বর ২০১২ প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী সংখ্যায় (‘উজ্জ্বল অর্জন’: পৃষ্ঠা ২২) জীববৈচিত্র্য বিষয়ে ড. রেজা খানের ‘বিশ্ব মানচিত্রে বাংলাদেশ’ লেখাটি পড়েছি। আমরা যারা জীববৈচিত্র্য নিয়ে গবেষণা করি, এ লেখা থেকে তাঁরা খুবই উপকৃত হয়েছি। তবে এ লেখায় দেশের প্রাণীবিজ্ঞানীদের আরও কিছু সাফল্যের কথা যুক্ত হতে পারে। দু-একটি তথ্যের সংশোধনও প্রয়োজন।পাহাড়ি কাছিম সম্পর্কে রেজা খান লিখেছেন, ‘২০১১ সালের শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যার অধ্যাপক মনিরুল এই প্রজাতি প্রথম শনাক্ত করেন।’ তথ্যটি যথার্থ নয়। ২০০৯ সালে সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন নেচারাল রিসোর্সেস অ্যান্ড ম্যানেজমেন্ট (ক্যারিনাম) বাংলাদেশে কাছিম ব্যবসা নিয়ে জরিপ শুরু করে। একপর্যায়ে অস্ট্রিয়ার বিজ্ঞানী ড. পিটার প্রাসচাগ, ভারতের রুপালি ঘোষ ক্যারিনামের জরিপের কাজে যোগ দেন। জরিপের একপর্যায়ে ফেনীতে এক কাছিম ব্যবসায়ীর কাছে আমরা একটি পাহাড়ি কাছিম শনাক্ত করি। তিনি জানান, সেটি পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশের সীমানার ভেতর থেকে সংগ্রহ করা। বাংলাদেশ ও ভারতের মধ্যে অবৈধ উপায়ে অনেক সময় কাছিম লেনদেন হয় বলে আমরা তাঁর কথা বিশ্বাস করিনি। নভেম্বর ২০১০-এ ফেনী নদীতে জেলেদের হাতে ধরা পড়া পাহাড়ি কাছিমের আরেকটি নমুনা পাই। এবার আমরা নিশ্চিত হই যে বন্য অবস্থাতেই বাংলাদেশে কাছিমের এ প্রজাতি পাওয়া যায়। ফেব্রুয়ারি ২০১১-তে সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশীয় কাছিম সংরক্ষণ কর্মশালায় বাংলাদেশে পাহাড়ি কাছিমের অস্তিত্বের কথা প্রথমবারের মতো প্রকাশ করা হয়। বাংলাদেশের তরুণ প্রাণীবিদ সাজীদ আলী হাওলাদার বাংলাদেশের বন্য প্রাণী-গবেষণার গুরু মরহুম অধ্যাপক কাজী জাকের হোসেনের সম্মানে ব্যাঙজাতীয় প্রাণীর একটি গণের নাম ‘জাকেরানা’ রেখেছেন এবং এ বিষয়ে প্রবন্ধ প্রকাশ করেছেন। ইন্টারন্যাশনাল কমিশন ফর জুলজিক্যাল নোমেনক্লেচারে এটি গৃহীতও হয়েছে।চট্টগ্রামে হজরত বায়েজিদ বোস্তামীর (রহ.) মাজারসংলগ্ন পুকুরের বোস্তামি কাছিম নিয়ে রহস্যের অন্ত ছিল না। আমি ও আমার সহযোগীরা গবেষণা করে দেখিয়েছি যে, এ কাছিম আমাদের দেশেরই একটি প্রজাতি, সুদূর ইরান থেকে এটি আসেনি। আমরা যারা বাংলাদেশের প্রাণীবিদ, তাদের জন্য এটি একটি আনন্দদায়ক অনুভূতি ছিল। কারণ, এই প্রজাতি প্রকৃতি থেকে বিলুপ্ত হয়ে গেছে বলে আইইউসিএন তাদের লাল তালিকায় উল্লেখ করেছিল।এস এম এ রশীদনির্বাহী প্রধান, ক্যারিনাম।