চি ঠি প ত্র
নারীর কর্মপরিবেশআমাদের কর্মস্থল, কর্মপরিবেশ কতটুকু নারীবান্ধব? কতটুকু সাহস কিংবা শক্তি রাখি এই নিয়ে কথা বলার? আমরা শুধু নিম্নবিত্ত শ্রেণীর মেয়েদের নিরাপত্তাহীনতা নিয়ে কথা বলি কিংবা বলতে ভালোবাসি। এর কারণ কি তাঁদের অসহায়ত্ব? নাকি তাঁরা বলছেন, আমরা বলছি না। আমরা বলতে পারছি না। তাঁরা সাহস করে পথে নামছেন, আমরা নামছি না।বাংলাদেশের নারী পিছিয়ে নেই। সর্বত্রই পুরুষের পাশাপাশি নারীর দৃপ্ত পদচারণ। আমরা গর্বিত। গর্ব করার মতোই বিষয়। কিন্তু দৃপ্ত এসব নারীর ভেতরের অসহায়ত্ব, হাহাকার আমরা কজন জানি? জানতে চাই কি? কখনো বুঝতে চেষ্টা করেছি কি? নিরাপত্তা এবং নারীবান্ধব কর্মপরিবেশের অভাবে কতজন নারী প্রতিনিয়ত ঝরে পড়ছেন, তার কোনো পরিপূর্ণ হিসাব আছে কি? অথচ ঝরে পড়া রোধেই আমরা কাজ করে যাচ্ছি প্রতিনিয়ত। শিক্ষাপ্রতিষ্ঠানের মতো ঝরে পড়া রোধে কর্মস্থলেও চাই সচেতনতা বৃদ্ধি, সম্মিলিত প্রচেষ্টা এবং প্রয়োজনীয় পরিকল্পনা। শিক্ষিত স্বাবলম্বী একজন নারী যথাযোগ্য স্থানে যেতে পারছেন না। গেলেও বারবার বাধাগ্রস্ত হচ্ছেন। পিছিয়ে পড়ছেন। অন্ধকার হয়ে এলে পুরুষ সহকর্মীর জন্য বাড়ি ফেরাটা যতটা নিরাপদ, একজন নারী সহকর্মীর জন্য ততটাই নিরাপদহীন। তাহলে কেন জোর গলায় নিরাপত্তার দাবি তুলছি না?শিক্ষিত মেয়ে চাকরি করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু স্বামী, সন্তান, পরিবারকে বাদ দিয়ে তো নয়! কর্মক্ষেত্র, কর্মপরিবেশ এ ক্ষেত্রে কতটুকু সহায়ক? যোগ্যতা, চেষ্টা, মেধা—সবকিছু থাকা সত্ত্বেও কর্মস্থলে হীনম্মন্য পুরুষের প্রতিহিংসার বলি হচ্ছেন হাজারো নারী। ৩০ নভেম্বর ২০১২ কর্তব্যরত অবস্থায় খুন হন একজন নারী চিকিৎসক। এর আগে একজন পুরুষ সহকর্মীর বোমার আঘাতে আহত হন একজন নারী। এ তো গেল সহিংসতার চূড়ান্ত রূপ। এর চেয়ে নিচে আর নামা যায় না। এ রকমই কত নিঃশব্দ সহিংসতা মেনে নিয়ে কর্মস্থলে কর্মরত নারী প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। শুধু গার্মেন্টস নয়, প্রতিটি প্রতিষ্ঠানে কেমন আছেন নারী শ্রমিক, কর্মচারী, কর্মকর্তারা—জানতে হবে, জানাতে হবে। নিজেদের সমালোচনা করতে হবে বলে কথা বলব না কিংবা প্রতিবাদ করব না, তা তো হওয়ার নয়। আমরাও নিরাপদ নই, এ কথা বললে সম্মান যাওয়ার কিছু নেই। সম্মান একান্ত নিজস্ব। আচরণ ও শিক্ষার মতো। যা কেউ চাইলেও কেড়ে নিতে পারবে না। শিক্ষিত, সুবিধাভোগী শ্রেণীভুক্ত হওয়ার পরও আমরা মুখ বুজে সয়ে যাই। এ বড় লজ্জার। এ লজ্জা আমাদের।সাকিলা মতিন, ঢাকা।