চি ঠি প ত্র
অপরিকল্পিত চিংড়ি চাষদক্ষিণাঞ্চলের খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলায় অপরিকল্পিত চিংড়ি চাষের ফলে এ অঞ্চলে সমস্যা ও সংকট ক্রমান্বয়ে বাড়ছে। অপরিকল্পিত চিংড়ি চাষের কারণে আইলাবিধ্বস্ত এলাকার বাঁধসহ অন্যান্য অবকাঠামোর ব্যাপক ক্ষতি হচ্ছে। আশির দশকে এ এলাকায় প্রথম চিংড়ির চাষ শুরু হয়। তখন চিংড়ি চাষে কোনো নিয়ম ছিল না। একশ্রেণীর লোক শহর থেকে এসে নানা প্রলোভন দেখিয়ে এলাকার মানুষকে চিংড়ি চাষে বাধ্য করে। এই অঞ্চলের পানি উন্নয়ন বোর্ডের বাঁধগুলো জরাজীর্ণ হয়ে গেছে। এ ছাড়া লবণাক্ত পানি দিয়ে চিংড়ি চাষের কারণে পানীয় জলের তীব্র সংকট হচ্ছে। এতে কৃষি, ফসল উৎপাদনসহ সবুজ বেষ্টনী তৈরির জন্য বৃক্ষ রোপণ করা সম্ভব হচ্ছে না। লবণাক্ততার কারণে গাছপালা মরে যাচ্ছে, এলাকায় কৃষিপণ্য উৎপাদিত হচ্ছে না এবং জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ছে। চিংড়ি চাষে বৈদেশিক মুদ্রা এলেও ধানসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। তাই এই অঞ্চলের সমস্যা সমাধানের জন্য অগ্রাধিকার ভিত্তিতে ১০ থেকে ১৫ বছর মেয়াদি পরিকল্পনা হাতে নেওয়া দরকার। সার্বিকভাবে সবার স্বার্থ রক্ষা করে চিংড়ি চাষকে বাধ্যতামূলক নিয়ন্ত্রণে আনা দরকার। জাহেদুর রহমান পুরানা পল্টন, ঢাকা।বৈষম্যের অবসান চাইসংস্থাপন মন্ত্রণালয় পত্র নং-সম/সওবা/টিম-১ (সংস্থাপন) সাঃকাঃ ২৪/৯৪-৯৭-এর মাধ্যমে সব সরকারি অফিসের নিম্নমান সহকারী কাম-মুদ্রাক্ষরিকদের পদবি পরিবর্তন করে অফিস সহকারী/অফিস সহকারী কাম-মুদ্রাক্ষরিক করা হয়েছে এবং সচিবালয়ে কর্মরত প্রধান সহকারী, শাখা সহকারী, উচ্চমান সহকারীদের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার এবং সাঁটলিপিকারদের ব্যক্তিগত কর্মকর্তা ঘোষণা করা হয়েছে। কিন্তু সচিবালয়ের বাইরের অফিসের সব কর্মচারী ওই পদবি পরিবর্তনের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। একই যোগ্যতা ও অভিজ্ঞতা থাকা সত্ত্বেও কেবল সচিবালয়ে কর্মরতদের পদবি পরিবর্তন সত্যিই দুঃখজনক। এ কারণে একই পেশায় জড়িত অন্যান্য বিভাগীয় প্রধান সহকারী, শাখা সহকারী, উচ্চমান সহকারী, সাঁটলিপিকারদের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে। এ ছাড়া বর্তমানে সাঁটমুদ্রাক্ষরিক এবং সাঁটলিপিকারদের (অর্থ মন্ত্রণালয় পত্র নং ০৭.১৬.০০০.০০.০০.০২১.২০১০-৩৭৩ তারিখ ২৫/১১/২০১০) মোতাবেক বেতন স্কেল (৫৫০০-১২০৯৫) একই করা হয়েছে। এতে সাঁটলিপিকার পদধারীরা আরও বৈষম্যের শিকার হয়েছেন। বর্তমানে উচ্চমান সহকারী এবং সাঁটলিপিকার পদে যোগদানকৃতদের পদোন্নতি দিয়ে সহকারী সচিব পদে পদায়ন করেছে।এ ব্যাপারে মাননীয় সংস্থাপন প্রতিমন্ত্রী ও সিনিয়র সচিব মহোদয় সমীপে বিনীত প্রার্থনা, সচিবালয়ে কর্মরত প্রধান সহকারী, শাখা সহকারী, উচ্চমান সহকারী, সাঁটলিপিকারদের পদবি পরিবর্তন করায় সচিবালয়ের বাইরের অন্যান্য সরকারি, স্বায়ত্তশাসিত, আধা সরকারি অফিসের প্রধান সহকারী, শাখা সহকারী, উচ্চমান সহকারী, সাঁটলিপিকারদের সচিবালয়ের মতো পদবি পরিবর্তন এবং সাঁটলিপিকারদের বেতন স্কেল উন্নীত করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। মো. মহিউদ্দিনদক্ষিণ মানিকদী, ঢাকা ক্যান্টনমেন্ট।নাগরিক অধিকারছোট্ট এই দেশে জনসংখ্যা যত বাড়ছে, ততই সমস্যা মোকাবিলা করতে নাভিশ্বাস উঠছে বিশাল এ জনগোষ্ঠীর। খুব প্রত্যুষে যাঁরা রাজধানীর বাইরে কর্মক্ষেত্রে বের হন, তাঁদের অভিজ্ঞতা রাজধানীর ভেতরের চেয়ে কোনো অংশে কম নয়। ধরা যাক, গাবতলীর মতো বিশাল বাসস্ট্যান্ড পার হয়ে যাঁরা চলাফেরা করেন, তাঁরা নিশ্চয়ই দেখেন, রাস্তার পাশে তিন সারিতে বিভিন্ন গাড়ি রাখা হয়, ফলে চলাচলের রাস্তা থাকে মাত্র একটা গাড়ির। এতে সৃষ্টি হয় তীব্র যানজট। সবার জন্যই কষ্টকর এবং বিরক্তিকর সময়ক্ষেপণ। অথচ এ ধরনের কর্মকাণ্ডকে কেউ কেউ অন্যায় বা অপরাধ বলে মনেই করে না। দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরাও যেন এই পরিস্থিতি সামাল দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন। তাই অন্যায়ের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থান নিলে এবং দোষী ব্যক্তিদের আইনানুযায়ী শাস্তি দিলে একটি ইতিবাচক প্রভাব আশা করা যায়, আর পাওয়া যায় একটি সুন্দর সকাল। তাই বলি, এ রকম একটা প্রাপ্তি প্রত্যেক সচেতন নাগরিকের নাগরিক অধিকার। ডা. নাসিমা, মোহাম্মদপুর, ঢাকা।