চি ঠি প ত্র
আমাদের ছাত্রসমাজ ১২ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের বাসের ট্রাফিক সিগন্যাল অমান্য করা নিয়ে পুলিশ-ছাত্র সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর ব্যস্ততম মোড় রাসেল স্কয়ার। আহত হন ১২ জন। এটা এখন আর নতুন কোনো ঘটনা নয়। হরহামেশাই এ ধরনের তুচ্ছাতিতুচ্ছ বিষয় নিয়ে রাস্তায় ছাত্র অসন্তোষ দেখা যাচ্ছে। কখনো লোকাল বাসের কন্ডাক্টরের অসদাচরণের অভিযোগ, কখনো পুলিশের, কখনো বা বিনা ভাড়ায় বাসে চলাচলের সুযোগ না দেওয়ায় উষ্মা। এর নেপথ্য কারণটা কী? অবশ্যই প্রথম কারণ আমাদের শিক্ষাব্যবস্থার দুর্বলতা। শিক্ষাঙ্গনে নীতিশিক্ষা তথা মানবিকতার চর্চা ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে এসেছে। এই হলো শিক্ষার দিক। আরেকটা দিক হলো, দশজন মিলে একটা অপরাধ করলে সেটা ‘জায়েজ’ করে দেওয়ার প্রবণতা আছে এ সমাজে। যেমন, ১২ এপ্রিলের ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মহোদয়ের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি তাঁর ছাত্রদের আচরণে দুঃখ প্রকাশ না করে পুলিশের কর্মপদ্ধতিগত ত্রুটি ধরতেই আগ্রহী ছিলেন। তাঁর মতে, পুলিশ সিগন্যাল অমান্যকারী গাড়িটিকে না ধরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানাতে পারত। কিন্তু এই সিগন্যাল অমান্যকারী গাড়িটাই পরক্ষণে যদি একটা দুর্ঘটনা ঘটিয়ে বসত, তখন তার দায়ভার কে নিত? কিছুদিন আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের চালককে প্রহার করেছে ছাত্ররা। দোষ: চালক তাদের কথামতো দেরিতে ট্রেন ছাড়তে রাজি হননি। আইন মেনে চলাই যেন অপরাধ! কী বিচিত্র মনোজগৎ নিয়ে বেড়ে উঠছে আমাদের ছাত্রসমাজ! অথচ এঁরাই ভবিষ্যতের নেতা-নেত্রী-প্রশাসক হবেন। এঁদের যদি সহিষ্ণুতা আর শ্রদ্ধাবোধের শিক্ষা না হয়, তাহলে তো আমাদের ভবিষ্যৎ তমসাচ্ছন্ন। জয়দীপ দেদক্ষিণ খুলশী, চট্টগ্রাম।