চি ঠি প ত্র
খাতা পুনর্মূল্যায়ন করুনআমি একজন মা, আমার ছেলে প্রতিদিন কাঁদছে, পাশে আমিও। সে ২০১২ সালের জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে, আশা ছিল জিপিএ-৫ পাবে। গত ২৮ ডিসেম্বর ফল প্রকাশিত হলো। সে জিপিএ-৫ থেকে অনেক দূরে। কীভাবে হলো? খাতা সঠিকভাবে মূল্যায়িত হয়েছে কি না, তা কার কাছে জানা যাবে? আরও অবাক ব্যাপার, যার পাস করা দুষ্কর ছিল সে জিপিএ-৫ পেয়েছে। সারা বছর যে একাধিক বিষয়ে ফেল করেছে, সে জিপিএ-৫ পেয়েছে। পরীক্ষার খাতায় যে ১০০ ভাগ উত্তর করেনি, সেও জিপিএ-৫ পেয়েছে। কীভাবে সম্ভব? মুহম্মদ জাফর ইকবাল আমার সন্তানের প্রিয় লেখক। তাঁকে, দেশের শিক্ষাবিদদের, এবং শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি ‘সৃজনশীল পদ্ধতি’ চালু করার জন্য। এই পদ্ধতির ফলে আমাদের বাচ্চাগুলোর চিন্তাশক্তির চর্চা হচ্ছে এবং তারা চিন্তাভাবনা করে প্রশ্নের উত্তর করতে শিখেছে। তাদের প্রশ্নগুলোর উত্তরও আমাদের অনেক চিন্তাভাবনা করে দিতে হচ্ছে। আমার ছেলে যখন প্রশ্ন করল, মা ও খাতায় ১০০ নম্বরের উত্তর না দিয়ে কীভাবে জিপিএ-৫ পেল? আমি সারা বছর ভালো লেখাপড়া করে কেন জিপিএ-৫ পেলাম না? শিক্ষামন্ত্রীর কাছে আবেদন, যদি খাতা পুনঃপরীক্ষার সুযোগ থাকে, সে সুযোগ যেন আমার সন্তানকে দেওয়া হয়। লাজিনা কবির আজিমপুর, ঢাকা। ঝুঁকিপূর্ণ সেতুমানিকগঞ্জে কালীগঙ্গা নদীর ওপর নির্মিত সেতু ঝুঁকির মুখে পড়ছে। অবৈধভাবে সেতুর নিচ থেকে খননযন্ত্রের মাধ্যমে মাটি কাটা হচ্ছে। মাটি তোলার কারণে ঢাকা-আরিচা মহাসড়কের বৃহত্তম এই সেতুর পিলার দেবে যেতে পারে। এতে সেতুটি ক্ষতিগ্রস্ত হতে পারে। কোনো স্থাপনা বা সেতুকে ঝুঁকিপূর্ণ অবস্থায় ফেলে মাটি বা বালু তোলা কোনোভাবেই উচিত নয়। কিন্তু এ ক্ষেত্রে স্থানীয় ব্যক্তিরা ক্ষমতার অপব্যবহার করে সেতুকে ক্রমান্বয়ে ঝুঁকির মুখে ফেলছে। সেতুর উভয় পাশে ৫০ থেকে ২০০ গজের মধ্যে পাঁচটি খননযন্ত্র দিয়ে মাটি কাটা হচ্ছে। এরপর ট্রাকযোগে মাটি বিভিন্ন স্থানে নেওয়া হচ্ছে। যেভাবে সেতুর নিচ থেকে বালু তোলা হচ্ছে, তাতে সেতুর নিচে গভীর খাদ হয়ে যেকোনো দিন পিলার দেবে যেতে পারে। বিষয়টি স্থানীয় প্রশাসনের গুরুত্ব দিয়ে দেখা দরকার। ব্যক্তিস্বার্থে যাতে বৃহত্তর বিষয়ের ক্ষতি না হয়, সেদিকে সবার দৃষ্টি দেওয়া প্রয়োজন। যত দ্রুত সম্ভব এই সেতু রক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। জাহেদুর রহমান ইকবাল পুরানা পল্টন, ঢাকা।পিয়াদা পাড়ায় স্কুল চাইএ দেশে এমন সব এলাকা আছে, যেখানে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। আবার, দেশে এমন অনেক গ্রামগঞ্জ আছে, যেখানে একটি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত নেই। পঞ্চগড় জেলার বোদা উপজেলার পিয়াদা পাড়া গ্রাম এমনই একটি অজপাড়াগাঁ। গ্রামের শিক্ষকেরা পাশের গ্রামের স্কুলে গিয়ে বিদ্যা দান করেন। এখন গ্রামের মানুষের মধ্যে জাগরণের জোয়ার বইছে। তারা যাবতীয় বঞ্চনা থেকে মুক্তি চায়। মুক্তির জন্য শিক্ষা চায়। শিক্ষার জন্য একটি প্রাথমিক বিদ্যালয় গ্রামের মানুষের দাবি। বিদ্যালয় ছাড়া গ্রামের শিশুরা আর এগোনোর পথ দেখছে না।প্রাথমিকভাবে গ্রামটিতে একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করার জন্য সরকারের দৃষ্টি কামনা করছি।মো. আবদুল হাইবাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা।‘শীতের কম্বল বর্ষায় ভেজে’সারা বাংলাদেশে এখন তীব্র শীত পড়েছে। শীতে বেশি কষ্ট পাচ্ছে দরিদ্র মানুষেরা। আমরা সবাই শীতার্তদের পাশে দাঁড়াব—এটাই আমাদের কর্তব্য। প্রতিবছরই আমরা শীতবস্ত্র দান করে আসছি। ভবিষ্যতেও করব। কিন্তু আমরা কি একটু ভেবে দেখেছি এই শীতবস্ত্রগুলো রাখবে কোথায় দরিদ্র মানুষেরা। তারা কেউ রাস্তায় ঘুমায়। কেউ ঘুমায় জীর্ণ-শীর্ণ খড়ের ঘরে। এমন একটা ব্যবস্থা করা যায় না প্রতিটা শহর-গ্রামে দরিদ্র মানুষের বাসস্থানের জরিপ করে তাদের থাকার মতো টিনের ঘর আর শীতবস্ত্র রাখার একটা টিনের বাস্কোর ব্যবস্থা করা। এ রকম উদ্যোগ সরকারি-বেসরকারি সংস্থা করতে পারে। করতে পারে অঞ্চলভিত্তিক কাজের ব্যবস্থাও। দক্ষিণ অঞ্চলের সাতক্ষীরার শ্যামনগরের গাবুরার কিছু মানুষ এত সাহায্য পায় যে, তারা বাড়ির বাইরে গিয়ে কাজও করতে চায় না। ভবদহের জলাবদ্ধতার কোনো সমাধান নেই। কপোতাক্ষ নদ খনন করা হয় না। শুধু তাদের কষ্ট, আর সাহায্য—এটা তো তাদের স্থায়ী সমাধান না। সাহায্য দেওয়া হোক পাশাপাশি তাদের কর্মসংস্থানও করা হোক। বিভিন্ন সংগঠনের মাধ্যমে যারা সাহায্য দেন, তাঁরা বিষয়টা একটু ভেবে দেখবেন।নূরজাহান আহমেদ, ষষ্টিতলা, যশোর।