চি ঠি প ত্র
আবাসন সমস্যাপ্রতিষ্ঠার অর্ধযুগ পেরিয়ে গেলেও একজন শিক্ষার্থীর জন্য আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে পারেনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন। বেদখলে থাকা ১১টি হল এখনো উদ্ধার হয়নি। সাধারণ শিক্ষার্থীরা আবাসিক হলের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বিকার। হল উদ্ধারের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের বিভিন্ন রকম আশ্বাস দেয়। যা ফাঁকা বুলি ছাড়া আর কিছুই নয়। বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে গত বছরের জুলাই মাসে প্রকল্পের ১০০ কোটি টাকা ছাড় করেছে সরকার। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন নাকি খরচ করার জায়গা খুঁজে পাচ্ছে না। তিন বছরের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার বাধ্যবাধকতা রয়েছে, অন্যথায় টাকা ফেরত দিতে হবে। এত সব সমস্যার মধ্যেও উপাচার্যের গাড়িবিলাস, দুর্নীতি থেমে নেই।শিক্ষার্থীদের পুরান ঢাকার ঘিঞ্জি এলাকায় মেস ভাড়া করে যে কত কষ্টের মধ্যে থাকতে হচ্ছে, তা শুধু ভুক্তভোগীরাই জানেন। ক্যাম্পাসের আশপাশে ঠাঁই না পেয়ে কেউ থাকছেন ঢাকার বাইরে। এ ছাড়া গ্যাস, বিদ্যুৎ ও পানির সমস্যা তো আছেই। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পূর্ণাঙ্গ সুযোগ-সুবিধা পাচ্ছেন, শুধু পিছিয়ে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অবস্থা গৃহহীন একটা পরিবারের মতো হয়ে গেছে কিন্তু এভাবে আর কত দিন। বিশ্ববিদ্যালয়ের পাশে একটি ছাত্রী হলের নির্মাণকাজ শুরু হয়েছে। যত দ্রুত শেষ হয় ততই মঙ্গল। বেদখলে যে পুরোনো হলগুলো রয়েছে, সেগুলো উদ্ধার করে ভেঙে সেখানে নতুন হল নির্মাণ করা যেতে পারে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে আন্তরিকতার যথেষ্ট অভাব রয়েছে। ২০ হাজার শিক্ষার্থীর অভিভাবক হয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কি পারে না সবকিছুর ঊর্ধ্বে স্থান দিয়ে শিক্ষার্থীদের আবাসন সমস্যার সমাধান করতে। বিশ্ববিদ্যালয় প্রশাসন, সরকারের শিক্ষা মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয় আন্তরিকভাবে চেষ্টা করলে হল উদ্ধার সময়ের ব্যাপারমাত্র। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা সবচেয়ে বেশি। যত দ্রুত সম্ভব হল উদ্ধার কিংবা নতুন হল নির্মাণ করে শিক্ষার্থীদের আবাসন সমস্যার সমাধান করা হোক।সাধন সরকারশিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।কৃষি প্রকৌশলবিদ্যাবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি প্রকৌশলবিদ্যায় স্নাতক ডিগ্রি দেওয়া হয়। কিন্তু শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) এখনো পর্যন্ত এটা চালু করা হয়নি। কৃষি প্রকৌশলবিদ্যা একটি আন্তসমন্বিত প্রকৌশলবিদ্যা, যাতে কৃষি ও গ্রামীণ উন্নয়নে প্রকৌশলবিদ্যার সফল প্রয়োগ করা হয়ে থাকে। বুয়েটের প্রতিষ্ঠালগ্নে প্রকৌশল বিষয়সমূহের মধ্যে কৃষি প্রকৌশলও খোলার প্রস্তাব ছিল। বিশ্বের বিভিন্ন দেশে বিশ্ববিদ্যালয়-গুলোর যৌথ উদ্যোগে বিভিন্ন বিষয়ে ডিগ্রি প্রদানের প্রচলন রয়েছে। বুয়েট ও শেকৃবির যৌথ উদ্যোগে কৃষি প্রকৌশলবিদ্যায় স্নাতক কোর্স চালু করার জন্য আবেদন জানাচ্ছি।এম এ মতিন শিকদার, মিরপুরহাউজিং এস্টেট, রূপনগর, ঢাকা।