চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাসের হার বনাম মেধাসমাপনী ও জেএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। পাসের হার বেড়েছে। জিপিএ-৫ পাওয়া ছাত্রছাত্রীর সংখ্যাও বেড়েছে। নিঃসন্দেহে তা খুবই আনন্দের। কিন্তু প্রশ্ন হলো, যে হারে পাসের হার বাড়ছে, সেই হারে কি মেধার মান বাড়ছে? গাইড বই নিষিদ্ধ হলেও নির্ভরশীলতা কমছে না। সাজেশনভিত্তিক পড়ালেখায় প্রতিভা সুপ্তই থেকে যাচ্ছে। বিকশিত হওয়ার সুযোগ থাকছে না। আগে দেখা যেত শিক্ষার্থীরা একসময় পাঠ্যবইয়ের প্রশ্নের চেয়ে পাঠের রস আহরণের দিকে মনোযোগ দিত বেশি। এখন পাঠ্যবইয়ের বাইরে অন্যান্য জ্ঞান-বিজ্ঞানের বইয়ের প্রতিও মনোযোগ কমছে শিক্ষার্থীদের। যার কারণে জ্ঞানের ঘাটতি নিয়ে তারা বড় হচ্ছে। এটা খুবই দুঃখজনক, যা কখনোই কাম্য নয়। কেননা, দেশ মেধাসম্পন্ন মানুষ চায়, যারা হবে গবেষক, বিশেষজ্ঞ কিংবা বড় চিকিৎসক। মেধার মান বাড়াতে যা আমাদের করণীয়: ১. সৃজনশীল প্রশ্নের ওপর সর্বাধিক গুরুত্ব দেওয়া। পাঠের ভেতর থেকে প্রশ্নগুলো সর্বাত্মক আকারে সাজিয়ে এনে প্রশ্ন তৈরি করতে হবে। ২. কবি পরিচিতি, লেখক পরিচিতি, পাঠ পড়িয়ে মূল আলোচনায় যাওয়া, শিক্ষার্থীদের তাৎক্ষণিক প্রশ্নের সমাধান করতে দেওয়া ইত্যাদি জ্ঞানের গভীরতা বাড়ায়। ৩. সাজেশন নামক ছোট পরিসরের দিকে শিক্ষার্থীদের উৎসাহিত করা যাবে না। ৪. পাঠ্যপুস্তকের বাইরে জ্ঞান-বিজ্ঞানের নানা জানা-অজানাকে জানার জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করতে হবে নানা গবেষণাধর্মী, শিক্ষামূলক, মহামনীষীদের নিয়ে বই পড়ানোর মধ্য দিয়ে। ৫.শিক্ষার্থীদের মনে এই মানসিকতা জাগাতে হবে যে শ্রেণীর পাঠ্যপুস্তকের মধ্যেই তারা তদের সব প্রশ্নের উত্তর খুঁজে পাবে। সেখানে কোনো বিকল্প সহায়িকার প্রয়োজন নেই। ৬.‘এসো বই পড়ি’—এই শিক্ষায় দীক্ষা নিতে হবে শিক্ষার্থীদের। তবে সেটা জানার জন্য, মুখস্থবিদ্যার জন্য নয়। ৭. কৃত্রিমতা বাদ দিয়ে সৃজনশীলতার দিকে শিক্ষার্থীদের ধাবিত করতে হবে। বিজ্ঞান পড়ে বিজ্ঞানী না হতে পারলেও বিজ্ঞানের চিন্তা-ভাবনাগুলো যাতে শিক্ষার্থীদের মনে প্রভাব ফেলে, সেই ধরনের সৃষ্টিশীল প্রতিভা গড়ে তুলতে হবে। সঞ্জয় কুমার ভৌমিক বসুন্ধরা আ/এ, শ্রীমঙ্গল।দুর্নীতি-পরিস্থিতিট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) ২০১২-এর রিপোর্টে দুর্নীতির ধারণাসূচকে বাংলাদেশের দুর্নীতি-পরিস্থিতির অবনতি হয়েছে। বিশ্বের মোট ১৭৬টি দেশের মধ্যে নিম্নক্রম অনুসারে বাংলাদেশ গত বছরের মতো ১৩তম স্থানেই আছে। কিন্তু উচ্চক্রম অনুসারে ২৪ ধাপ কমেছে। গত বছর উচ্চক্রম অনুসারে বাংলাদেশের অবস্থান ১২০, চলতি বছর তা বেড়ে দাঁড়িয়েছে ১৪৪তম। তবে দুঃখের কথা হলো, দক্ষিণ এশিয়ার সাতটি দেশের মধ্যে উচ্চক্রম অনুসারে বাংলাদেশের অবস্থান ষষ্ঠ। আমাদের মতো উন্নয়নশীল দেশের ক্ষেত্রে উন্নত বিশ্বের তুলনায় দুর্নীতির চ্যালেঞ্জ অনেক বেশি উদ্বেগের কারণ। এখানে বলা যেতে পারে ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত পরপর পাঁচবার বাংলাদেশ দুর্নীতি ধারণার এই সূচকে শীর্ষে অবস্থান করেছিল। এ দেশে নীরব দুর্নীতি যে হচ্ছে কিংবা দুর্নীতির সূচকে এই যে নিম্নমুখী স্কোর ও অবস্থান, তার যথেষ্ট কারণ রয়েছে। দুর্নীতিবিরোধী নির্বাচনী অঙ্গীকারের পরিপ্রেক্ষিতে কিছু কিছু ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ইতিবাচক উদ্যোগ সত্ত্বেও কার্যকরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণে অনুকরণীয় দৃষ্টান্তের ঘাটতি। বিশেষ করে পদ্মা সেতুর মতো হাই প্রোফাইল দুর্নীতির অভিযোগ। সংসদই হলো সরকারের জবাবদিহি করার মাধ্যম। কিন্তু বিরোধী দলের অনুপস্থিতি প্রতিষ্ঠানটিকে অকার্যকর করে তুলেছে। দুর্নীতি দমন কমিশন স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে পারছে কি? দুর্নীতি কমাতে হলে রাজনৈতিক সদিচ্ছা জরুরি। জনগণের আশা-প্রত্যাশা পূরণ করা যে সাংসদদের দায়িত্ব, তাঁরা কি ন্যূনতম আকাঙ্ক্ষা পূরণ করতে পারছেন। সাংবিধানিক সংস্থাগুলো যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে, সেই নিশ্চয়তা চাই। দুর্নীতি দমনের পূর্বশর্ত হলো পক্ষপাতহীনভাবে আইনের প্রয়োগ। জনগণ চাইবে, যারা দুর্নীতি করে, তারা দৃষ্টান্তমূলক শাস্তি ভোগ করুক। রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়িত হোক। অন্য কোনো স্বার্থের ঊর্ধ্বে জনগণের চাওয়া-পাওয়াকে গুরুত্ব দেওয়া হোক। সাধন সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।