চি ঠি প ত্র
অর্পিত সম্পত্তিঅর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন, ২০০১ (সংশোধিত ২০১১) অনুযায়ী সরকার অর্পিত সম্পত্তিসংক্রান্ত বিভিন্ন বিষয় সুরাহা করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। কিন্তু সংশ্লিষ্ট কার্যালয়ের কর্মচারীদের অসাধু কার্যকলাপের কারণে তা জনগণের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন, ২০০১ (সংশোধিত ২০১১)-এর ৬ ধারা অনুযায়ী যেসব সম্পত্তি প্রত্যর্পণযোগ্য সম্পত্তির তালিকায় অন্তর্ভুক্তি নিষিদ্ধ, তার বিবরণী রয়েছে। কিন্তু ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা তা না মেনে যেসব সম্পত্তি বর্ণিত আইন প্রবর্তনের আগে ওই আইনের ৬ ধারায় উল্লেখিত কর্তৃপক্ষ কর্তৃক অবমুক্ত করা হয়েছে, নামজারিক্রমে সংশ্লিষ্ট সম্পত্তির খাজনা নেওয়া হয়েছে, চলতি আরএস জরিপে মালিক-দখলদারদের নামে রেকর্ড হয়ে চূড়ান্তভাবে প্রচারিত হয়েছে এবং তার মূলে খাজনা আদায় করা হয়েছে, সেসব সম্পত্তি সাম্প্রতিক কালে বাংলাদেশ গেজেটে অর্পিত সম্পত্তি হিসেবে প্রকাশ করা হয়েছে। অবশ্য ওই আইনের ১০(৪) ধারায় এ-সংক্রান্তে প্রতিকার চাওয়ার বিধান রাখা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, যেখানে আইনের ৬ ধারা অনুযায়ী, আইনটি প্রবর্তনের আগে যেসব সম্পত্তি যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অবমুক্ত করা হয়েছে, তা কেন পুনরায় অর্পিত সম্পত্তি হিসেবে গেজেটে প্রকাশিত হলো? একটি বিষয়ে দুবার বিচার হতে পারে না, তা আইনপরিপন্থী। এ অবস্থায় ন্যায়বিচারের স্বার্থে এবং জনগণ যাতে হয়রানি থেকে পরিত্রাণ পায়, এ মর্মে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন, ২০০১ (সংশোধিত ২০১১) প্রবর্তনের আগে যেসব সম্পত্তি বর্ণিত আইনের ৬ ধারা মোতাবেক বর্ণিত ধারায় উল্লেখিত কর্তৃপক্ষ কর্তৃক অবমুক্ত করা হয়েছে, সেসব অবমুক্তকৃত সম্পত্তি সম্বন্ধে বাংলাদেশ গেজেটে সংশোধনী প্রকাশের ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রী, ভূমিমন্ত্রী ও ভূমি মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় কমিটির দৃষ্টি আকর্ষণ করছি।আলী মনসুর, দামোদরপুর, নোয়াখালী।অপরাধীদের শাস্তি হবে কি?পুরান ঢাকার নিরীহ এক যুবক বিশ্বজিৎ দাসকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নামধারী উন্মত্ত দলীয় কয়েকজন ক্যাডারের হিংস্রতার শিকারে নির্মমভাবে প্রাণ বিসর্জন দিতে হলো। মিডিয়ার কল্যাণে তা সমগ্র দেশবাসী, এমনকি বিশ্বের অনেক মানুষ প্রত্যক্ষ করে বিস্ময়ে বিমূঢ় এবং হতবাক হয়েছে। বিশেষত অভিযুক্ত ব্যক্তিদের প্রকৃত দলীয় পরিচয় আড়াল করতে গিয়ে বাপ-চাচার রাজনৈতিক পরিচয় নিয়ে অযথা টানাটানি করে জনগণকে ধোঁকা দেওয়ার অপচেষ্টা। ভাগ্যিস কেউ বলেনি যে এটি ছিল মিডিয়ার ক্যামেরার কারসাজি এবং ষড়যন্ত্র। ঘটনাস্থলে উপস্থিত থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিষ্ক্রিয়তার অভিযোগ কিংবা গুরুতর আহত বিশ্বজিতের চিকিৎসার ব্যাপারে হাসপাতালের ডাক্তারদের অবহেলার অভিযোগ মানুষের ক্ষোভ আর হতাশাকে আরও বৃদ্ধি করেছে। মিডিয়ার চাপেই হোক বা অন্য কোনো কারণেই হোক পুলিশ বাহিনীর সদস্যরা শেষ পর্যন্ত অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মূল আসামিদের অধিকাংশকে গ্রেপ্তারে সক্ষম হয়েছে। এখন দেখার পালা, পরবর্তী সময়ে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ অভিযোগপত্র দাখিলের মাধ্যমে উপযুক্ত শাস্তির আওতায় আনা হবে, নাকি রাজনৈতিক বিবেচনায় অন্যথা করার চেষ্টা চলবে।শাহীদুল আযম, মিরপুর, ঢাকা।