চি ঠি প ত্র
সরিষাখেতের মধুএখন শীতকাল। কৃষিপ্রধান চলনবিলের মাঠে-মাঠে হলুদ সরিষা ফুলের সমারোহ। যে দিকে তাকানো যায় শুধু হলুদ আর হলুদ। হেমন্ত ও শীত ঋতুর এই হলুদ সরিষা ফুলের দৃষ্টি কাড়া সৌন্দর্য যেকোনো মানুষকে মুগ্ধ করে। এ সময় আমরা প্রকৃতির এক অন্য রকম সৌন্দর্য অনুভব করি। সরিষা শুধু শীতকালের অর্থকরী ফসলই নয়, বর্তমানে এ ফুলের সংগৃহীত মধু আমাদের অর্থনীতির এক গুরুত্বপূর্ণ অংশ। কৃষিপ্রধান চলনবিলের সরিষাখেতে মৌ-বাক্স বসিয়ে প্রতিবছর প্রচুর মধু সংগ্রহ করা হয়। এ সময় খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, নাটোর, সিরাজগঞ্জসহ দেশের অভ্যন্তরীণ বিভিন্ন জেলা থেকে মধু সংগ্রহে আসে শত শত প্রশিক্ষণপ্রাপ্ত মৌচাষির দল। সরিষা ফুল ফোটার সঙ্গে সঙ্গে মৌ-বাক্স বসিয়ে শুরু করেন মধু সংগ্রহ। কার্তিক থেকে মাঘ পর্যন্ত চলে এই মধু সংগ্রহ। সংশ্লিষ্ট সূত্রমতে, চলতি বছর চলনবিলের নয় উপজেলায় সরিষা চাষের পরিমাণ প্রায় ৩৫ হাজার হেক্টর জমি। এসব খেত থেকে প্রায় এক হাজার থেকে এক হাজার ২০০ টন মধু সংগ্রহের সম্ভাবনা রয়েছে। যার বাজারমূল্য প্রায় ২০ কোটি টাকা। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, চাহিদা অনুযায়ী রিফাইনিং মেশিন সংকট ও উদ্যোক্তার অভাবে দেশের সম্ভাবনাময় এই মধুশিল্প সঠিক বাজার পাচ্ছে না। সার্বিক সহযোগিতা পেলে মৌচাষিদের পক্ষে দ্বিগুণ পরিমাণ মধু সংগ্রহ করা সম্ভব। মূলত ওষুধ ও অন্যান্য শিল্পের জন্য মধুর ব্যাপক চাহিদা রয়েছে। এ চাহিদা পূরণে চলনবিলসহ দেশের কৃষিপ্রধান অঞ্চলগুলোতে সরিষার চাষ বৃদ্ধি করতে হবে এবং সেই সঙ্গে কৃষকদের মৌ চাষ সম্পর্কে ব্যাপক সচেতন করে তুলতে হবে, যাতে তাঁরা মৌ চাষে উৎসাহিত হন। এ ব্যাপারে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে উদ্যোক্তা হিসেবে এগিয়ে আসতে হবে এবং তা যথাযথ বাস্তবায়ন করতে হবে। আর এসব করতে পারলে দেশের চাহিদা পূরণ করে এই মধু বিদেশেও রপ্তানি করা সম্ভব হবে। তাই আসুন, শীতকালের অলংকার সরিষার চাষ বৃদ্ধির পাশাপাশি মৌ চাষে মধু সংগ্রহে সবাই এগিয়ে আসি এবং সংসারের বাড়তি আয় করি। সৌরভ সোহরাব আয়েশ, সিংড়া, নাটোর। অনুরোধসামনে জাতীয় পরিষদের নির্বাচন আসছে। রাজনীতিও চাঙা হয়ে উঠবে। সরগরম হয়ে উঠবে রাজনৈতিক কর্মকাণ্ড ও রাস্তাঘাট। মিটিং মিছিলে ভরে যাবে দেশের রাজধানীসহ অত্যন্ত অঞ্চলগুলো। রাজপথ জনস্রোতে উত্তাল হবে। রাজনৈতিক দলগুলোর নেতাদের প্রতি অনুরোধ, আপনাদের মিটিং বা সমাবেশগুলো যান চলাচলের রাস্তার ওপর করবেন না। মানুষের কষ্ট সম্পর্কে সবাই জ্ঞাত আছেন। যেমন হাসপাতালগামী অ্যাম্বুলেন্স, স্কুলগামী গাড়ি, সাধারণ যাত্রী পরিবহন, খাদ্যদ্রব্য বহনকারী গাড়ি এবং নিত্যপ্রয়োজনীয় মালামাল বহনের কাজে ব্যবহূত যানবাহন দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকে আপনাদের সমাবেশ অথবা মিছিলের কারণে। গোদের ওপর বিষফোড়ার মতো যানজট আছেই। রোগী মরছে অ্যাম্বুলেন্সের ভেতর। অফিস কামাই হচ্ছে অফিসগামীদের। ক্লাসে যেতে বিলম্ব হচ্ছে শিক্ষার্থীদের, বাজারে যেতে পারছে না যথাসময়ে নিত্যপ্রয়োজনীয় মালামাল। সবচেয়ে কষ্ট হলো রাস্তাজুড়ে আপনাদের মিটিংয়ের কারণে চিকিৎসার অভাবে যদি পথেই রোগী মরে যায়। এর দায় নেবে কে? কে কাকে বলবে? দেশে যদি মৌলিক অধিকার থেকে জনগণ বঞ্চিত হতে থাকে, তাহলে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই কার জন্য? তাই বিনীত অনুরোধ, দলমত-নির্বিশেষে সবাই বিষয়টি নিয়ে একটু ভাবুন। পথ আটকে যদি পথিকের ক্ষতি করা হয়, তাহলে মানুষ মানুষের জন্য কথাটা কি অমূলক হয়ে গেল না? বাবুল সরকার দত্তের হাট, নোয়াখালী। বিশ্ব পাখি দিবস৫ জানুয়ারি বাংলাদেশসহ সারা বিশ্বে পালিত হলো বিশ্ব পাখি দিবস। বিরল প্রজাতির পাখির বিলুপ্তিরোধ, নির্বিচারে পাখি শিকার বন্ধ, পাখির প্রজনন এবং বিচরণ আবাসমূল নষ্ট না করা ইত্যাদি ক্ষেত্রে সচেতনতা সৃষ্টি করাই দিবসটির উদ্দেশ্য। আমাদের দেশে বিভিন্ন বিচিত্র প্রজাতির পাখির বসবাস। প্রকৃতির সম্পদ এই পাখিকুল জীববৈচিত্র্যকে সমৃদ্ধ করেছে। পাখি গুরুত্বপূর্ণ প্রাণীসম্পদ। পাখি পরিবেশ রক্ষার জন্য এবং ক্ষতিকারক পোকামাকড় খেয়ে কৃষির উৎপাদন বৃদ্ধিতে অবদান রেখে চলেছে। আমাদের দেশে শীত মৌসুমে বিভিন্ন দেশ থেকে প্রচুর অতিথি পাখি আসে। এই অতিথি পাখিদের রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। দেশি-বিদেশি পাখিরা যেন বিপন্ন না হয় এবং পাখি কেনাবেচার অবৈধ ব্যবসা এবং পাখির আবাসস্থল ধ্বংস না করা ইত্যাদি বিষয়ে জনসচেতনতা গড়ে তুলতে হবে। অনুকূল পরিবেশ সংরক্ষণের স্বার্থে পরিবেশবান্ধব পাখিদের রক্ষা করা একান্ত প্রয়োজন। অতএব, সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ এবং সচেতন বিবেকবান মানুষেরা দেশি-বিদেশি পাখি রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণে যেন সচেষ্ট হন, সেদিকে দৃষ্টি আকর্ষণ করছি। মাহতাব আলী, মিরপুর, ঢাকা।