চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতি জেলায় শ্রম আদালত শ্রমিকের মৃত্যু-পঙ্গুত্ব-নির্যাতন আমরা স্বাভাবিক বলে ধরে নিয়েছি। আগুনে মৃত্যু, ভবন ধসে মৃত্যু, বাস-ট্রাক উল্টে মৃত্যু, বয়লার বিস্ফোরণে মৃত্যু, ভবন নির্মাণকালে মৃত্যু, গৃহকর্ত্রী আর হোটেলমালিকের নির্যাতনের মৃত্যু প্রতিকারহীনভাবে চলছে, মৃত্যুর যেন শেষ নেই। উৎপাদন বৃদ্ধি আর মধ্য আয়ের দেশ হওয়ার দৌড়ে সবাই এই মৃত্যুর মিছিল মেনে নিয়েছে। পাকিস্তান আমলে জিডিপিতে কৃষি খাতের অবদান ছিল ৮০ শতাংশ আর এখন শিল্প ও সেবা খাত মিলে ৮০ শতাংশ। উপরন্তু কৃষি খাতেও কৃষিশ্রমিকের ভূমিকা আছে। অর্থাৎ স্বাধীন বাংলাদেশে শ্রমিকের সংখ্যা বেড়ে গেছে বহু গুণ। কিন্তু পাকিস্তান আমলে শ্রমিকদের ইউনিয়ন রেজিস্ট্রেশন করার জন্য যুগ্ম শ্রম পরিচালকের কার্যালয় ও বিচার পাওয়ার জন্য শ্রম আদালতের সংখ্যা যে সাতটি ছিল, তা-ই আছে, একটিও বাড়েনি। এগুলো ছিল ঢাকা ও চট্টগ্রামে দুটি করে এবং খুলনা, বরিশাল ও রাজশাহীতে একটি করে। অথচ ইপিজেড, শিল্পাঞ্চল, বিসিকসহ অলিগলিতে অজস্র কলকারখানা গড়ে উঠেছে; রাষ্ট্রীয় খাতকে অতিক্রম করেছে বেসরকারি খাত; গ্রামগঞ্জে গড়ে উঠেছে রিকশা-লেদ-গার্মেন্টস-মোবাইল-কম্পিউটার ইত্যাদি খুচরা কারখানা; দুর্গম চর ও চা-বাগানে হোটেল-রেস্তোরাঁ। কিন্তু দাবি আদায় তো দূরে থাক, সংগঠিত হওয়ার আর বিচার পাওয়ার পথ বন্ধ। চিলমারীর চর বা হবিগঞ্জের চা-বাগান থেকে কোন শ্রমিক যাবে মহানগরগুলোতে বিচারের আশায়? মালিকের দয়া ছাড়া পথ বন্ধ। সংবিধানে আছে, “অনুচ্ছেদ-১৪: কৃষক ও শ্রমিকের মুক্তি—রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব হইবে মেহনতী মানুষকে-কৃষক ও শ্রমিককে-এবং জনগণের অনগ্রসর অংশসমূহকে সকল প্রকার শোষণ হইতে মুক্তি দান করা।” আমাদের মালিকপক্ষ ততটুকুই শ্রমিক অধিকার রক্ষা করতে প্রস্তুত, বিদেশি রাষ্ট্র জেএসপি-সুবিধা বন্ধের হুমকিতে যতটুকু চায়, ফলে রপ্তানিমুখী শিল্পের শ্রমিকেরাই অতটুকু সুবিধাপ্রাপ্ত হবে আর বাকি বিপুলসংখ্যক শ্রমিক থেকে যাবে এর বাইরে। আজ যদি আমরা যথার্থ ভবিষ্যৎ গড়ে তুলতে চাই, তাহলে শ্রমিকশ্রেণীকে সংগঠিত হওয়ার আর বিচার পাওয়ার সুযোগ নিশ্চিত করতে প্রধান শহরগুলোতে যুগ্ম শ্রম পরিচালকের কার্যালয় ও প্রতি জেলা শহরে শ্রম আদালত প্রতিষ্ঠা করা জরুরি। নাহিদ হাসানচিলমারী, কুড়িগ্রাম।[email protected] হরতালহরতাল গণতান্ত্রিক অধিকার। বাহান্ন, উনসত্তর ও নব্বইয়ের আন্দোলনে হরতাল পালিত হতো, যা ছিল আন্দোলনের অংশ হিসেবে জনগণের জোরালো প্রতিবাদ। জনগণ স্বতঃস্ফূর্ত হরতাল পালন করত। কোনো রকম সহিংস এবং জ্বালাও-পোড়াওয়ের ঘটনা ঘটত না। হরতালের আগের দিন সন্ধ্যায় হরতালের সমর্থনে জনগণ রাজপথে খালি হাতে মিছিল করত। কোনো কোনো রাজনৈতিক দল মশাল মিছিল করত। কোনো প্রকার জ্বালাও-পোড়াও এবং হতাহতের ঘটনা ঘটত না। হরতাল ডাকা হতো সম্পূর্ণ জনগণের স্বার্থের পরিপন্থী সরকারি কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ। ইদানীং বিরোধী দল হরতাল ডাকে নিজেদের স্বার্থ আদায়ের জন্য। যেখানে জনগণের কোনো প্রকার স্বার্থের সংশ্লিষ্টতা থাকে না। এখন হরতালের নামে চলে সহিংসতা, হরতালের আগের দিন সন্ধ্যায় এবং হরতালের দিন আগুন, বোমাবাজি যানবাহন পোড়ানো এবং প্রাণহানি ঘটানো হয়। জনগণ এখন সম্পূর্ণ হরতালের বিরুদ্ধে। হরতালের দিনে ভীতসন্ত্রস্ত জনগণ ব্যক্তিগত গাড়ি বের করেন না, দোকানপাট খোলেন না। কিন্তু অফিস-আদালত, বাণিজ্যিক, আর্থিক প্রতিষ্ঠান এবং কলকারখানা সবই খোলা থাকে। হরতালের আগের দিন সন্ধ্যায় এবং হরতালের দিন যদি কোনো সহিংসতার ঘটনা ঘটে বা জ্বালাও-পোড়াও হয়, তাহলে যেসব প্রতিষ্ঠান বা রাজনৈতিক দল হরতাল ডাকে, তাদের দায়ী করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। তা ছাড়া, যারাই জ্বালাও-পোড়াও এবং সহিংস ঘটনা ঘটায়, অকুস্থলে দেখামাত্র তাদের গুলি করার আইন করা হোক।হরতাল রাজনৈতিক অধিকার। হরতাল হতে হবে জনগণের একান্ত দাবি-দাওয়া আদায়ের জন্য প্রতিবাদ। তাই হরতাল পালিত হবে সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও অহিংস।মাহতাব আলীমিরপুর, ঢাকা।