চি ঠি প ত্র
জবি সাইবারকেন্দ্রছাত্র-শিক্ষকদের সহজে ইন্টারনেট-সেবা দিতে ২০১১ সালের জানুয়ারি মাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (বি) সাইবারকেন্দ্র চালু করা হয়। বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সহযোগিতায় এবং বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এই কেন্দ্র চালু করা হয়। ৩০টি কম্পিউটার নিয়ে চালু হওয়া এই সাইবারকেন্দ্রে ঘণ্টায় পাঁচ টাকা খরচে ছাত্র-শিক্ষকেরা ইন্টারনেট ব্যবহার করে থাকেন। ৩০টি কম্পিউটারের মধ্যে ২৪টি ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ আর শিক্ষকদের জন্য সংরক্ষিত ছয়টি। কিন্তু দুঃখের বিষয়, দুই বছর পর এসে দেখা যাচ্ছে, সাইবারকেন্দ্রে কম্পিউটারের সংখ্যা তো বাড়েনি বরং একের পর এক কম্পিউটার অকেজো হয়ে পড়ায় ছাত্রছাত্রীদের সমস্যা বেড়েছে। এখন থেকে দুই বছর আগে সাইবারকেন্দ্র উদ্বোধনের সময় উপাচার্য ছাত্রছাত্রীদের আশ্বাস দিয়েছিলেন, শিগগিরই এই কেন্দ্রের সুযোগ-সুবিধা বাড়ানো হবে। কিন্তু দুঃখের বিষয়, সুযোগ-সুবিধার বিপরীতে গত বছরের সেপ্টেম্বর মাস থেকে আটটি কম্পিউটার অকেজো হয়ে পড়ে রয়েছে। ফলে ছাত্রছাত্রীরা প্রয়োজনীয় তথ্য, সংবাদ এবং প্রযুক্তি সহজেই জানতে পারছেন না। এ ব্যাপারে কর্তৃপক্ষের কাছে বলা হলেও বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবছে বলে মনে হচ্ছে না। সকালে সাইবারকেন্দ্র খোলার পর ছাত্রছাত্রীদের দীর্ঘ লাইন পড়ে সাইবারকেন্দ্রে ঢোকার জন্য। কিন্তু কম্পিউটার সংকটের কারণে অধিকাংশ ছাত্রছাত্রীকে ফিরে যেতে হচ্ছে। ফলে পড়াশোনার দরকারি জিনিস, তথ্য ও সংবাদ সংগ্রহ এবং প্রয়োজনীয় কাজ করতে সমস্যায় পড়তে হচ্ছে। তাই ছাত্রছাত্রীদের সুবিধার্থে যত দ্রুত সম্ভব অকেজো হয়ে পড়া কম্পিউটার ব্যবহার উপযোগী করার পাশাপাশি সাইবারকেন্দ্রে কম্পিউটারের সংখ্যা বাড়ানো দরকার। সাধন সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা। জিপিএ-৫ চাই নাআমি ২০১০ সালে মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে এসএসসি এবং ২০১২ সালে মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে এইচএসসি পাস করেছি। প্রথম প্রথম কেউ যখন আমার রেজাল্ট জানতে চাইত, তখন কিছুটা গর্বের সঙ্গেই বলতাম—আমি জিপিএ-৫ পেয়েছি। এ গর্ব অহেতুক গর্ব নয়। ছোটবেলা থেকেই আমি পড়ালেখার প্রতি যথেষ্ট আগ্রহী। পাশাপাশি সৃজনশীল লেখালেখিরও চর্চা করি। আমার মেধা, আগ্রহ ও পরিশ্রমের বিনিময়ে আমি অর্জন করেছি জিপিএ-৫। কিন্তু এত সাধের অর্জনের কথা বলতে বর্তমানে আমার কেমন যেন সংকোচ বোধ হয়। প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক—সর্বত্রই এখন বইছে জিপিএ-৫-এর জোয়ার। কেউ যদি ভাবে, আমি সেই জোয়ারে ভেসে আসা একটি জিপিএ-৫। বর্তমানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনেক নামকরা শিক্ষকও জিপিএ ব্যবস্থার গলদ এবং জিপিএ-৫ স্ফীতির ভয়াবহতা নিয়ে লিখেছেন। চলমান প্রেক্ষাপটে যা খুবই প্রয়োজনীয়। কিন্তু কষ্ট লাগে তখন, যখন সব জিপিএ-৫ ধারীকে একই পাল্লায় মাপা হয়। হীনম্মন্যতায় ভুগি, যখন কিছু সুযোগসন্ধানী শিক্ষার্থীর কারণে অন্যদের গায়েও লেগে যায় ‘অযোগ্য’ তকমা। কী লাভ হলো জিপিএ-৫ পেয়ে, যখন জিপিএ-৫-এর বিশেষ কোনো মূল্যায়নই রইল না? এই ত্রুটিপূর্ণ শিক্ষাব্যবস্থার পরিবর্তন চাই। জিপিএ-৫ চাই না। চাই একটি মানসম্মত শিক্ষাপদ্ধতি, যেখানে মেধা ও সৃজনশীলতার স্বীকৃতি থাকবে। সত্যিকার স্বীকৃতি। জান্নাতুল ফেরদাউস সরকারি নাজিমউদ্দিন কলেজ, মাদারীপুর।পাঠাগারমৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার অন্তর্গত ২ নম্বর ভূমবীর ইউনিয়নের ‘শাসন’ একটি সমৃদ্ধ ও জনবহুল গ্রাম। এ গ্রামে বিভিন্ন সম্প্রদায়ের প্রায় ১০ হাজার লোক বাস করে। এ গ্রামে দুটি প্রাথমিক বিদ্যালয় ও একটি বাজার রয়েছে। কিন্তু পরিতাপের বিষয়, এই গ্রামে কোনো পাঠাগার নেই। তাই জ্ঞানপিপাসুদের কষ্ট করে উপজেলা শহরে গিয়ে বই পড়তে হয়। অথচ এলাকায় একটি পাঠাগার থাকলে সাধারণ মানুষ থেকে শুরু করে শিক্ষার্থীরাও বই পড়ার সুযোগ পেত। এ ব্যাপারে বিভিন্ন অনুদান এলেও সংশ্লিষ্ট ব্যক্তিদের দুর্নীতির কারণে তা আর বাস্তবায়িত হয়নি। স্থানীয় শিক্ষার্থীদের সম্পৃক্ত করে একটি গ্রন্থাগার স্থাপনের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। রতন সিদ্দিকীশ্রীমঙ্গল, মৌলভীবাজার।অবৈধ লেনদেন বন্ধ করুনদেশীয় অর্থনীতিতে বিরূপ প্রভাবের কারণ বিশ্ব অর্থনৈতিক অস্থিরতা, দেশি ও বিদেশি বিনিয়োগ কমে যাওয়া, বিদেশে শ্রমবাজার সংকুচিত হওয়া এবং সর্বস্তরে টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করা। এই সংকট উত্তরণের উপায় বের করা জরুরি। তাই সবার আগে মনুষ্যত্ববোধ ও দেশপ্রেম জাগিয়ে তুলতে হবে। বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের কর্তব্য সমবায় সমিতির নামে বিভিন্ন স্থানে অবৈধ মহাজনি ও অবৈধ ব্যাংকিং কার্যক্রম বন্ধ করা। কারণ, অধিক মুনাফার আশায় অসচেতন মানুষ সেসব প্রতিষ্ঠানে সঞ্চয় শুরু করে এবং একসময় নিঃস্ব হয়ে পড়েন। এ ছাড়া বিপুল অর্থ ওসব প্রতিষ্ঠানে জমা হওয়ার কারণে সরকার যেমন রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে, তেমন ব্যাংকের তারল্যসংকট তীব্র হচ্ছে। এ প্রেক্ষাপটে আমরা চাই অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক সমবায়ের নামে সব ধরনের অবৈধ লেনদেন বন্ধে কার্যকর উদ্যোগ নিক। মোহাম্মাদ জসিমউদ্দিনরূপনগর আ/এ, মিরপুর, ঢাকা।