চি ঠি প ত্র
অপহূত কল্পনা৪ জানুয়ারি সম্পাদকীয় পাতায় ইলিরা দেওয়ানের ‘নারীর প্রতি সহিংসতা: জ্বলুক প্রতিবাদের অগ্নিশিখা’ শীর্ষক নিবন্ধটি প্রকাশিত হয়েছে। বর্তমানে সমতল ও পাহাড়ে যেভাবে নারী নির্যাতনের ঘটনা বেড়ে চলেছে, সেই আলোকে লেখাটি সময়োপযোগী হয়েছে। তবে, লেখক কল্পনা চাকমা অপহরণবিষয়ক তথ্য ভুলভাবে উপস্থাপন করেছেন। লেখকের নিশ্চয় জানা আছে, কল্পনা চাকমাকে ১৯৯৬ সালের ১১ জুন দিবাগত রাতে নিজ বাড়ি থেকে একজন সেনা কর্মকর্তার নেতৃত্বে অপহরণ করা হয়েছিল। আজ পর্যন্ত কল্পনা চাকমার কোনো খোঁজ পাওয়া যায়নি। কাজেই কল্পনার হত্যাকারী নয়, ১৬ বছর ধরে অপহরণকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে আসছে কল্পনার পরিবার ও পাহাড়ি জনগণ। সীমা চাকমারাঙামাটি পার্বত্য জেলা।আইইবিবাংলাদেশের অন্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর পাশাপাশি দ্য ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) প্রতিষ্ঠানটি প্রকৌশল শিক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে যাঁদের শিক্ষা বিরতি ছিল এবং যাঁরা সরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেননি, তাঁদের জন্য এই প্রতিষ্ঠানটি আশীর্বাদস্বরূপ। দুঃখজনক হলেও সত্য, ১৯৩৮ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটির আজ পর্যন্ত কোনো একাডেমিক উন্নতি হয়নি। ফলে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ভালো রেজাল্ট করে পাস করতে নানা বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। এই প্রতিষ্ঠানটিতে নিয়মিত ক্লাস এবং একাডেমিক সব কার্যক্রম চালু করার মাধ্যমে প্রতিষ্ঠানটিকে একটি পূর্ণাঙ্গ প্রকৌশল প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব। বিভিন্ন সমাবর্তন এবং সেমিনারে প্রতিষ্ঠানসংশ্লিষ্ট ব্যক্তিরা একাডেমিক কার্যক্রম চালু করার প্রতিশ্রুতি দিলেও তার কোনোটিই আজ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। ডিজিটাল বাংলাদেশ গড়তে প্রকৌশলীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। তাই এই প্রতিষ্ঠানে অধ্যয়নরত সব শিক্ষার্থী এবং ভবিষ্যতে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের কথা বিবেচনা করে প্রতিষ্ঠানটির সব একাডেমিক সমস্যার সমাধান এবং উপযুক্ত একাডেমিক কার্যক্রম চালু করার জন্য মাননীয় শিক্ষামন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। নাসিম আহমেদদ্য ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, ঢাকা।