চি ঠি প ত্র
বুকে তো বাংলাদেশই৮ এপ্রিল ২০১১-এর প্রথম আলোর ‘ক্রিকেট ও রাজনীতি’ শিরোনামে একটি কলাম লিখেছেন হাসান ফেরদৌস। প্রথমেই বলে নিই, ক্রিকেট আজ আর স্রেফ একটি খেলা নয়। এটি অর্থনীতি তো বটেই, রাজনীতিতেও হয়ে উঠছে ক্রমাগত ‘অনুঘটক’। শ্রদ্ধেয় হাসান ফেরদৌসের দুটি বক্তব্যের সঙ্গে আমি একমত নই। তিনি বলেছেন, ‘ভারতের সঙ্গে খেলার আগের দিন পুরো পাকিস্তানি দল খেলার মাঠে সারিবেঁধে নামাজ পড়েছে। একবার নয়, দুবার। তাবৎ ক্যামেরা তাদের দিকে তাক করা। যে দলের সেরা খেলোয়াড়েরা খেলা নিয়ে জুয়া খেলতে গিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছে, তাদের আর যা-ই হোক, ধার্মিক সাজা মানায় না।’ আমার প্রশ্ন হচ্ছে, পাকিস্তানের কে জুয়া খেলেছে, কে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছে, তার জন্য অন্য পাকিস্তানি ক্রিকেটাররা নামাজ পড়তে পারবে না? তারা ধার্মিক হতে পারবে না? ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন ম্যাচ গড়াপেটার কারণে ক্রিকেট থেকে আজীবন নিষিদ্ধ হয়েছিলেন। এখন ভারতীয় খেলোয়াড়েরা মন্দিরে যাবে না? আজহারউদ্দিনের পাপের দায় শচীন টেন্ডুলকারদের বহন করতে হবে? হাসান ফেরদৌস ঢাকায় অনুষ্ঠিত ২৩ মার্চের পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজের কোয়ার্টার ফাইনাল খেলায় বাংলাদেশের দর্শকদের ‘বাড়াবাড়ি’ রকমের পাকিস্তান-সমর্থনের সমালোচনা করেছেন। স্টেডিয়ামের দর্শকদের প্রশ্ন রেখেছেন, ‘...কিন্তু তাই বলে বুকে পাকিস্তানি পতাকা এঁকে স্টেডিয়াম মাতিয়ে বেড়াবে?’ আবারও বলতে হয়, এটি খেলা। বুকে পাকিস্তানি পতাকার মানে কোনোভাবেই এই নয় যে, বাংলাদেশটা পাকিস্তান হয়ে গেছে। তাই যদি হতো, তাহলে তো বাংলাদেশ ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেনও। বিশ্বকাপ ফুটবলে বাঙালির বুকেই শুধু নয়, বাড়ির ছাদেও পতপত করে ওড়ে সমর্থিত দেশটির জাতীয় পতাকা। তাহলে কি এত সব সমালোচনার কারণ, দেশটির নাম পাকিস্তান? তাই যদি হয়, তাহলে ইংল্যান্ড আমাদের ১৯০ বছর শোষণ করেছে, আমরা ইংল্যান্ডকে সমর্থন করব না? আমাদের সাকিব আল হাসানকে কাউন্টি ক্রিকেট খেলতে ইংল্যান্ড পাঠাব না? একাত্তরে যারা গণহত্যা করেছে, ৩০ লাখ তাজা প্রাণ যারা ছিনিয়ে নিয়েছে, অসংখ্য মা-বোনের সম্মান যারা হরণ করেছে, সেই নরপশুদের একজন বাঙালিও ক্ষমা করবে না, করতে পারে না। কিন্তু প্রিয় পাঠক, ইয়াহিয়া, ভুট্টোর সেই অপকর্মের দায় আমরা কেন শহীদ আফ্রিদি, ইউনুস খানদের ওপর চাপাব? পাকিস্তানের কি ভারতের পতাকা নিয়ে মাতামাতি হয়ে থাকলে তা আনন্দেরই প্রতীক। আসলে তো বুকে বাংলাদেশ।রফিকুজ্জামানপ্রভাষক, বেসরকারি বিশ্ববিদ্যালয়[email protected]মেঘনার শাখা নদীইদানীং সরকার ও পরিবেশবাদী সংগঠনগুলো বিভিন্ন নদনদীকে অবৈধ দখলমুক্ত করতে সোচ্চার হলেও নরসিংদীতে একটি প্রবহমান নদী অবৈধ দখলদারদের কবলে পড়ে আজ সংকীর্ণ খালে পরিণত হতে যাচ্ছে এবং এ অবস্থা অব্যাহত থাকলে অচিরেই নদীটি নৌ-চলাচলের অনুপযোগী হয়ে পড়বে। নরসিংদী সদর উপজেলার করিমপুর ইউনিয়নের শ্রীনগর বাজারসংলগ্ন মেঘনার শাখা নদীর দক্ষিণ তীর ঘেঁষে সাত-আট বছর আগে একটি ইটভাটা চালু হয়। ইট প্রস্তুত করার জন্য স্তূপাকারে জমিয়ে রাখা মাটি এবং বিনষ্ট ইট ফেলে নদীর প্রায় এক-তৃতীয়াংশ জায়গা ইতিমধ্যেই দখল করা হয়েছে। ফলে নদীটি সংকীর্ণ খালে পরিণত হওয়ায় নৌযান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। উল্লেখ্য, এ নদী দিয়ে নরসিংদী থেকে নবীনগর, ভৈরব ও ব্রাহ্মণবাড়িয়ায় লঞ্চ সার্ভিস চালু আছে এবং এ অঞ্চলের মালবাহী নৌকাগুলোও এ নদী দিয়েই চলাচল করে। নদীটিকে অবৈধ দখলমুক্ত করে এর স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত না করা গেলে লঞ্চ ও নৌ-চলাচল বন্ধ হয়ে যেতে পারে। তাই অবিলম্বে নদীটিকে অবৈধ দখলমুক্ত করতে জনমত সৃষ্টির জন্য পরিবেশবাদী সংগঠনগুলোর দৃষ্টি আকর্ষণ করছি এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। মো. উবায়দুল হকপশ্চিম কান্দাপাড়া, নরসিংদী।সম্ভাবনাময় পাট একসময়ের বন্ধ কওমী জুট মিল তার হারানো গৌরব সঙ্গে নিয়ে উদ্বোধন করা হলো, এর জন্য প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই। বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপে পাট খাত আজ সত্যিই সম্ভাবনাময়। প্রতিবেশী দেশ ভারতের মতো আমাদের দেশেও খাদ্যশস্য মোড়কজাত করার কাজে বাধ্যতামূলকভাবে পাটজাত দ্রব্য ব্যবহারের বিধান কার্যকর হলে তা এই শিল্পকে উৎকর্ষের শিখরে পৌঁছাতে পারবে নিঃসন্দেহে। এরই মধ্যে বাংলাদেশের বিজ্ঞানীরা পাটের জিন-নকশা আবিষ্কার করে ফেলেছেন। এতে পাটের লোনাসহিষ্ণু, বন্যাসহিষ্ণু ও উচ্চফলনশীল জাত উদ্ভাবন করাও সহজ হবে।তবে বন্ধ থাকা মিলগুলো চালু করে বা পাটনীতি গ্রহণ করে শুধু নির্বাচনী ইশতেহারই বাস্তবায়ন হবে, এর সোনালি সুদিন ফিরিয়ে আনা সম্ভব হবে না। সরকার গৃহীত প্রতিটি পদক্ষেপেই চাই দূরদর্শিতা। প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টি করতে হবে, সরকারি-বেসরকারি পর্যায়ে ব্যাপক প্রচারণা চালাতে হবে, যাতে জনগণ পাটপণ্য ব্যবহারে সচেতন হয়, মোড়কীকরণ আইন কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে, আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে হবে, বাজার ব্যবস্থাপনা ঢেলে সাজাতে হবে, যাতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমে এবং কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত হয়, তবেই সম্ভব এই শিল্পকে টিকিয়ে রাখা।বিশ্বজিৎ রায়হাজুমি, চট্টগ্রাম।