চি ঠি প ত্র
চারুকলার শিক্ষকআমি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের চারু ও কারুকলা বিষয়ের একজন শিক্ষক। বড় আশা নিয়ে বিদ্যালয়ের চাকরিতে ঢুকেছিলাম প্রাণহীন, উদ্যমহীন এই শিক্ষাব্যবস্থায় কিছুটা অবদান রাখব বলে। চাকরির কিছুদিন যেতেই বুঝতে পারছি, সে আশায় গুড়ে বালি। ফুটবল দলের দ্বাদশ খেলোয়াড়ের মতোই শিক্ষাব্যবস্থায় আমাদের অবস্থান। নিজের যোগ্যতা ও লব্ধ জ্ঞানের প্রয়োগ এখানে প্রায় অসম্ভব।আমাদের মাধ্যমিক শিক্ষাব্যবস্থায় অষ্টম শ্রেণী পর্যন্ত চারু ও কারুকলা বিষয়টি আবশ্যক করা আছে। এর জন্য বিনা মূল্যে বই ও প্রায় সব জেলা স্কুলে শিফটপ্রতি একজন করে শিক্ষক আছেন। অধিকন্তু নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ঐচ্ছিক বিষয় হিসেবে চারু ও কারুকলা নেওয়ার সুযোগ আছে। কিন্তু অষ্টম শ্রেণীর সমাপনী পরীক্ষায় বিষয়টি নেই। তাই ছাত্রছাত্রীরা সপ্তম শ্রেণী পর্যন্ত বিষয়টি পড়ে আর এগিয়ে নিতে চায় না। আর যাদের বিষয়টির ওপর বিশেষ আগ্রহ আছে, তাদেরও কেন জানি নবম শ্রেণীতে ঐচ্ছিক বিষয় হিসেবে চারু ও কারুকলা নিতে দেওয়া হয় না। অথচ আধুনিক শিক্ষাব্যবস্থায় শিশুর মনোবিকাশে চারুকলার ভূমিকা অনস্বীকার্য। বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে এসব পেশাভিত্তিক শিক্ষার গুরুত্ব ও ক্ষেত্র দুটোই বাড়ছে। তার আলোকে দেশের সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয় ও সাতটি মহাবিদ্যালয়ে বিষয়টি পড়ানো হয়। এই বিষয় থেকে পাস করে বিসিএস ক্যাডার সার্ভিসে অংশ নেওয়া থেকে শুরু করে সরকারি-বেসরকারি প্রায় সব ধরনের চাকরি করার সুযোগ সৃষ্টি হয়েছে। কিন্তু বিদ্যালয় পর্যায় থেকে বিষয়টি যথাযথ গুরুত্বের সঙ্গে না পড়ানোয় বিশ্ববিদ্যালয় থেকেও উপযুক্ত জনশক্তি তৈরি হচ্ছে না। চারুকলার ক্রমবর্ধমান বিশাল কর্মসংস্থানের সুযোগ তাই হাতছাড়া হয়ে যাচ্ছে।নাম প্রকাশে অনিচ্ছুকজিন্দাবাজার, সিলেট।