চি ঠি প ত্র
সাফারি পার্কস্থানীয় জনগণের স্বাধীন মতামত ও সম্মতি ছাড়া গাজীপুরের শ্রীপুর রেঞ্জের রাথুরা বিটে বঙ্গবন্ধু সাফারি পার্ক তৈরির উদ্যোগ নিয়েছে বন বিভাগ। সেখানে আদিবাসী বর্মণ ছাড়াও শত শত বাঙালি পরিবার বসবাস করে আসছে। বঙ্গবন্ধু সাফারি পার্কের প্রকল্প পরিচালক তপন কুমার দে বলেন, জমি অধিগ্রহণ করলে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না, এই অভিযোগ সত্য নয়। বড় রাথুরা মৌজার ইন্দ্রপুরে একরপ্রতি জমির জন্য স্থানীয় অধিবাসীদের প্রায় ২৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়। এ ছাড়া বড় রাথুরা মৌজায় কোনো আদিবাসী নেই। (প্রথম আলো, ১১ এপ্রিল ২০১১) চমৎকার উদ্ধৃতি দিয়েছেন সাফারি পার্কের প্রকল্প পরিচালক। আমরা এখনো টাকা দিয়ে সবকিছু কেনার চিন্তা নিয়ে আছি। আমরা কী করে ভুলে যাই, মা ও মাতৃভূমির তুলনা কারও কাছে কোনো অর্থের বিনিময়ে চলে না? তা না হলে রক্তের বিনিময়ে আমাদের মাতৃভূমিকে রক্ষা করা হতো না। রাথুরা মৌজার ভেরামতলীতে দীর্ঘকাল ধরে বসবাস করে আসছে অর্ধশতাধিক বর্মণ পরিবার (যদিও প্রকল্প পরিচালক তাদের অস্তিত্ব অস্বীকার করেছেন)। বর্মণদের জন্ম, বেড়ে ওঠা ও মৃতদেহ পোড়ানোর শ্মশান এ জায়গাটিতেই। তাদের সম্মতি ব্যতিরেকে মাতৃভূমি থেকে এভাবে উচ্ছেদ করা কি সম্ভব? রাজনীতিবিদ পঙ্কজ ভট্টাচার্য, লেখক সৈয়দ আবুল মকসুদসহ আমরা কয়েকজন গত ১০ এপ্রিল গাজীপুরের সেই রাথুরা অঞ্চলে পরিদর্শনে যাই। লক্ষ করি সাফারি পার্কের বিরুদ্ধে সেই অঞ্চলের লোকজনদের অসম্মতি ও হতাশা।এই ক্ষয়িষ্ণু শালবনে সেনাবাহিনী ও বিমানবাহিনীর ফায়ারিং চর্চায় সে অঞ্চলের ঘরবাড়ির দেয়াল ফেটে যায়। বনের পশুগুলো দৌড়ে পালায়, শঙ্কিত হয় স্থানীয় শিশুরা। বন, বন্য প্রাণী ও বনের অধিবাসীদের ক্ষতি করে বন বিভাগের নির্মিতব্য সাফারি পার্ক পরিবেশ ও বন রক্ষায় কতটুকু কার্যকর হবে, তা আরও ভেবে দেখতে হবে। সোহেল হাজং, ঢাকা।বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবিশ্ববিদ্যালয় শুধু ডিগ্রি নেওয়ার জায়গা নয়, এখানে যুগোপযোগী ও মানসম্মত গবেষণা হওয়া প্রয়োজন। সরকারি পৃষ্ঠপোষকতায় যেসব বিশ্ববিদ্যালয় চলে, সেখানে দেশীয় উৎপাদনমুখী গবেষণা একান্ত জরুরি। জনগণের টাকায় পড়াশোনা করে মেধাবী ছাত্ররা দেশের উন্নয়নের জন্য কিছু অর্জন করলে দেশবাসীর ঋণ কিছুটা হলেও শোধ হয়। সুতরাং বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও একজন প্রার্থীর গবেষণার মূল্যায়ন থাকা আবশ্যক। কিন্তু সাম্প্রতিক নিয়োগগুলোতে এ বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছে। একজন শিক্ষার্থী স্বপ্ন দেখে, গবেষণার পাশাপাশি শিক্ষকতা করে তার গবেষণাকে প্রায়োগিক রূপ দান করবে, কিন্তু নিয়োগের ক্ষেত্রে তাকে যথাযথ মূল্যায়ন না করে অন্য অযোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হচ্ছে, যাদের কোনো গবেষণালব্ধ অভিজ্ঞতা নেই। ফলে ওই গবেষক শিক্ষার্থী উদ্যম হারিয়ে ফেলে এবং বিশ্ববিদ্যালয় ও সর্বোপরি দেশের প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়ে। বিশ্বের অন্যান্য দেশ এ ধরনের শিক্ষার্থীদের লুফে নিচ্ছে এবং ফলস্বরূপ দেশ মেধাশূন্য হয়ে পড়ছে। অনিমেষ হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।