চি ঠি প ত্র
ম্যালেরিয়া২৫ এপ্রিল পালিত হয়েছে বিশ্ব ম্যালেরিয়া দিবস। এ বছরের প্রতিপাদ্য—ম্যালেরিয়া নিয়ন্ত্রণে অগ্রগতি ও সাফল্য অর্জন। বিশ্বজুড়ে গত কয়েক বছরের অর্জিত সাফল্যের ধারায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০১৫ সালের মধ্যে ম্যালেরিয়ায় শূন্য মৃত্যুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। ভয়াবহ রোগ ম্যালেরিয়ায় বিশ্বব্যাপী বিশেষত আফ্র্রিকা ও এশিয়ায় প্রতিবছর লাখ লাখ মানুষ মারা যায়। কোটি কোটি মানুষ ম্যালেরিয়ায় আক্রান্ত হয়। সাম্প্রতিককালে গৃহীত ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কার্যক্রম আলোর দিশা নিয়ে আসছে। দ্রুত রোগ শনাক্তকরণ, সঙ্গে সঙ্গে সুচিকিৎসা এবং বাহক মশার কামড় নিবারণে কীটনাশকসংযুক্ত মশারির ব্যবহার বিশ্বজুড়ে মানুষের ম্যালেরিয়ায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমিয়ে আনছে উল্লেখযোগ্য হারে। আফ্রিকার বেশ কিছু দেশে ম্যালেরিয়ায় আক্রান্ত মানুষের সংখ্যা ৫০ শতাংশ কমেছে, ২০০৯ সালে ইউরোপে ম্যালেরিয়ায় আক্রান্ত কোনো রোগী শনাক্ত হয়নি। মরক্কো ও তুর্কমেনিস্তানকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ম্যালেরিয়ামুক্ত হিসেবে ঘোষণা করেছে। বাংলাদেশেও ম্যালেরিয়ায় আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা কমছে। দ্রুত রোগ শনাক্তকরণ, সঙ্গে সঙ্গে সুচিকিৎসা এবং বাহক মশার কামড় নিবারণে কীটনাশকসংযুক্ত মশারির ব্যবহার জোরদার করা হয়েছে। আমরাও আশা করতে পারি মৃত্যুহীন ম্যালেরিয়া এমনকি ম্যালেরিয়ামুক্ত বাংলাদেশের। সবাই মিলে সম্মিলিতভাবে এগিয়ে এলে তা সম্ভব। অধ্যাপক বে-নজির আহমেদপরিচালক, রোগনিয়ন্ত্রণ, স্বাস্থ্য অধিদপ্তর।পলিথিনপরিবেশের জন্য ক্ষতিকর বিবেচনা করে বিগত সরকার পলিথিন ব্যবহার নিষিদ্ধ করে। পলিথিনসামগ্রী পচনশীল না হওয়ায় জমির উর্বরতা হ্রাস, ড্রেনেজ ব্যবস্থায় জলাবদ্ধতাসহ বিভিন্ন অসুবিধার মধ্যে আমাদের পড়তে হয়। সার্বিক পরিস্থিতিতে পলিথিন ব্যবহারের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি করে উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। দীর্ঘদিন প্রকাশ্যে পলিথিন ব্যবহার বন্ধ ছিল। পাটের ব্যাগ ব্যবহারের ওপর জোর দেওয়া হয়। পাটের ব্যাগ যেমন পরিবেশবান্ধব, তেমনি আমাদের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু বর্তমানে আবার প্রকাশ্যে পলিথিন ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। কাঁচামালের দোকান থেকে মুদি, ওষুধের দোকানসহ সব ধরনের দোকানে যথেচ্ছহারে পলিথিন ব্যবহূত হচ্ছে। এ ব্যাপারে সরকারকে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। রাজিয়া সুলতানামাগুরা, সাতক্ষীরা।আইনের অপব্যবহার১৮ এপ্রিল প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত গায়ক ও সংস্কৃতিকর্মী মাহমুদুজ্জামান বাবুর ‘ক্রাচ’ শিরোনামের লেখাটি আমাদের বিবেককে নাড়া দিয়ে যায়। সেখানে তথাকথিত ‘ক্রসফায়ার’ ‘এনকাউন্টার’ ও ‘নিখোঁজ’ শব্দ তিনটির শিরোনামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিচারবহির্ভূত হত্যাকাণ্ড তথা ক্ষমতা ও আইনের অপব্যবহারের বেশ কিছু তথ্যের উল্লেখ রয়েছে। তাতে রয়েছে দেশজুড়ে আলোচিত-সমালোচিত একটি সংবাদের বিশ্লেষণ; যার নায়ক র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের গুলিতে চিরদিনের জন্য পঙ্গু হয়ে যাওয়া ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার ইদুরহাটি গ্রামের দরিদ্র পরিবারের সন্তান লিমন। যার ছিল সুস্থ দুটি পা নিয়ে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সোনালি স্বপ্ন। কিন্তু তার সেই স্বপ্ন এখন কুয়াশাচ্ছন্ন, ধূসর ও মলিন। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ৬ এপ্রিল প্রথম আলোয় প্রকাশিত লিমনের সচিত্র প্রতিবেদনের প্রতিবাদ জানালেও লিমনের গ্রামের মানুষের সরল উক্তি, তাঁদের প্রত্যক্ষ সাহায্য-সহযোগিতা ও লিমনের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের মন্তব্যের কাছে পরাজিত হয় তাদের সেই প্রতিবাদ। অন্যদিকে ১১ এপ্রিল সংবাদ সম্মেলনে র্যাবের মহাপরিচালক ‘লিমন পরিস্থিতির শিকার’ শীর্ষক যে নির্লিপ্ত বক্তব্য দিয়েছেন, সে নির্লিপ্ততা আমরা তাঁর কাছে আশা করিনি। লিমনের এই দুর্ঘটনার জন্য র্যাব অনুতপ্ত না হলে, তা দেশের আইনের প্রতি অশ্রদ্ধা হবে। জনগণও র্যাবের ওপর আস্থা হারাবে। পরিশেষে আমরা দেশের বিচার বিভাগ ও রাষ্ট্রের কাছে লিমনের এই করুণ পরিস্থিতির জন্য দায়ী ব্যক্তিদের শাস্তিসহ তার ভবিষ্যৎ আর্থিক অসহায়ত্ব দূর করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি।আলী আহমেদ, শিক্ষার্থীসরকারি বাঙলা কলেজ, ঢাকা।সংশোধনীগত ২৩ এপ্রিল খোলা কলম পাতায় ‘নেতৃত্ব নির্বাচন, ছাত্রলীগ, ছাত্রদল’ লেখাটির প্রথম প্যারায় ছাপা হয়েছে, ‘সেই যে ১৯৮১ সালের ৩০ মে জিয়া হত্যার দেড় মাস পর ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠিত হলো, সেখান থেকে শুরু।...ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ইলিয়াস আলী গ্রেপ্তার হন...’ তথ্যটি ভুল এই অর্থে যে দুটি ছাত্র হত্যার ঘটনা ঘটেছিল আরও এক দশক পরে, এরশাদ সরকারের পতনের পর যখন খালেদা জিয়া নির্বাচনে জিতে ক্ষমতায় বসেন, তখন। একটি বড় লেখা থেকে প্রাক্কলন করতে গিয়ে এই ভুলটি হয়েছে এবং এ ভুলের জন্য আমিই দায়ী।—মাহমুদুর রহমান মান্না