চি ঠি প ত্র
প্রতিবাদপ্রথম আলোর ২৪ এপ্রিল সংখ্যার চতুর্থ পৃষ্ঠায় ‘প্রকল্প অনুমোদনের আগেই বাস্তবায়ন’ শীর্ষক সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদে উল্লেখ করা হয়েছে, অনুমোদন হওয়ার আগেই প্রকল্প বানিয়ে কাজ শেষ করেছেন কয়েকজন জনপ্রতিনিধি। এ তথ্য সঠিক নয়। ইতিমধ্যে মাননীয় সংসদ সদস্যের কোটায় ৯০ লাখ টাকার উন্নয়ন বরাদ্দের কাজ প্রায় শেষ হওয়ার পথে এবং সরকারি বিধি মোতাবেক এর বিলও বহুলাংশে পরিশোধ করা হয়ে গেছে মর্মে আমরা জানতে পেরেছি।প্রকল্প তৈরি এবং সংবাদে যেসব জনপ্রতিনিধির উদ্ধৃতি দেওয়া হয়েছে প্রকল্পের বিষয়ে, তাঁদের সঙ্গে আমার কোনো ধরনের যোগাযোগ হয়নি। সংবাদে আমার যে বক্তব্য প্রকাশ করা হয়েছে, সে ধরনের কোনো কথাও আমার সঙ্গে প্রতিবেদকের হয়নি। সংবাদ প্রতিবেদক সম্পূর্ণ মনগড়াভাবে আমার বক্তব্য উল্লেখ করেছেন। সংবাদে উপজেলা বিএনপির সাবেক সভাপতি হিসেবে যাঁর বক্তব্য প্রকাশ করা হয়েছে, তাঁকে অনেক আগেই শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির নেতা-কর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির অসৎ উদ্দেশ্যে তাঁর বক্তব্য প্রকাশ করা হয়েছে। আমি এ ধরনের মনগড়া তথ্যসংবলিত সংবাদের প্রতিবাদ জানাচ্ছি।আবু তালেব, সাধারণ সম্পাদকবাংলাদেশ জাতীয়তাবাদী দল পরশুরাম উপজেলা শাখা, ফেনী।পাকিস্তান ক্ষমা চাইবে কবে?‘পাকিস্তান’ শব্দটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক বিভীষিকাময় একাত্তর; বাঙালির রক্ত হননের ইতিহাসধিকৃত কালো অধ্যায়। ৩০ লাখ প্রাণ ও দুই লাখ মা-বোনের ইজ্জত হারানোর শোকাবহ করুণতম এক অধ্যায়ের নাম একাত্তর। গণহত্যা আর বর্বরতার এমন নজির পৃথিবীর ইতিহাসে বিরল। এই বাংলার মাটিতে এখনো দগদগে ক্ষত বয়ে বেড়ান কত মুক্তিযোদ্ধা তাঁর হূদয়ে; কত মা আজও বিলাপ করেন সন্তান হারানোর শোকে। এমন হূদয়বিদারক ইতিহাস ভুলি কী করে?আমরা মুক্তিযুদ্ধ দেখিনি। দেখিনি এর ধ্বংসযজ্ঞ, বিভীষিকাময় রূপ। কিন্তু অনুভব করেছি। অনুধাবন করেছি কোনো শিল্পীর রং-তুলির ক্যানভাস, পত্রপত্রিকা, প্রামাণ্যচিত্র কিংবা গণমাধ্যমের বদৌলতে।দুঃখ হয় তখনই, যখন এ দেশের একশ্রেণীর পাকিস্তানপ্রেমী দুপেয়ে প্রাণীদের দেখি বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে, এ দেশের রস-গন্ধ-সুধা গায়ে মেখে, এ দেশের আলো-বাতাসে বেড়ে উঠছে যাদের শরীর, তারাই কিনা দেশের প্রতি অকুণ্ঠ সমর্থনের পরিবর্তে একসময়ের পাপীষ্ঠ শত্রুকে পরমভাবে বুকে লালন করে। দুঃখ লাগে এদের এমন পাকিস্তানপ্রীতি দেখে। ক্রিকেটে তো বটেই, অনেক ক্ষেত্রে পাকিস্তানকে অগ্রাধিকার দিতে দেখে সত্যিই অবাক হই।যারা স্বাধীনতার ৪০ বছর পরও জঘন্য কৃতকর্মের জন্য অনুতপ্ত নয়, ক্ষমা প্রার্থনা তো দূরের কথা, যাদের এখনো এ দেশের প্রতি অসমর্থিত কথাবার্তা চলে, তাদের নিয়ে এত মাতামাতি দেশের ও শহীদদের প্রতি অবজ্ঞা ও অসম্মান ছাড়া আর কিছু নয়।৩০ লাখ শহীদের আত্মা সেদিনই শান্তি পাবে, যেদিন পাকিস্তান সত্যিকার অর্থে আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করবে।নূরনবী বেলালউপশহর, রংপুর।অবহেলিত চারু ও কারুকলা২২ এপ্রিল ২০১১ প্রথম আলোর চিঠিপত্র কলামে জনৈক শিক্ষকের চারুকলা বিষয়ে লেখাটির সঙ্গে একমত প্রকাশ করছি। চারুকলা বিষয়টি নিছক ছবি আঁকা নয়, বিজ্ঞান বিষয়ে এর প্রয়োজনীয়তা আছে। বাণিজ্যিক বিভিন্ন ক্ষেত্রে আছে এর প্রয়োজনীয়তা, আছে প্রত্নতত্ত্ব বিষয়েও। সমসাময়িক বিষয়ে একজন কার্টুনিস্ট তাঁর কলমের কয়েকটি আঁচড়ে সহজভাবে সর্বসাধারণকে যা বোঝাতে সক্ষম, একজন লেখক বেশ কিছু বাক্যেও সর্বসাধারণকে তা বোঝাতে সক্ষম হন না।উল্লেখ্য, আমি নাটোর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের এক ছাত্রীর অভিভাবক। তার কাছে শুনলাম, চারুকলায় প্রাপ্ত নম্বর মার্কশিটে ওঠানো হবে, কিন্তু মোট প্রাপ্ত নম্বরের সঙ্গে যোগ করা হবে না। বিষয়টি আমার বোধগম্য হলো না। কারণ, চারুকলা বিষয়টি সপ্তম শ্রেণী পর্যন্ত আবশ্যিক বিষয় হিসেবে নিয়মিত ক্লাস হয়, পরীক্ষা হয়; অথচ প্রাপ্ত নম্বর যোগ হয় না।এটা কেমন কথা, কোনো বিষয় যদি মূল্যায়ন না হয়, তাহলে সেই বিষয়ের প্রতি ছাত্রছাত্রী বা শিক্ষকদের আগ্রহ থাকবে কেন? তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন, চারুকলা বিষয়টিকে অবহেলা না করে এবং বিষয়টির গুরুত্ব অনুধাবন করে ব্যবস্থা নেওয়া হোক।শফিউর রহমান, নাটোর।সংশোধনীগতকাল (২৮ এপ্রিল) সম্পাদকীয় পাতায় ‘সংবিধান সংশোধন নিয়ে অলীক ভাবনা’ শিরোনামে সময়ের প্রতিবিম্ব কলামটিতে ‘পাকিস্তানের সংবিধান ১৯৫৪ সালে প্রণয়ন করা হয়েছিল’ বলে উল্লেখ করা হয়েছে। প্রকৃতপক্ষে সালটি হবে ১৯৫৬। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য দুঃখিত। —এবিএম মূসা।