চি ঠি প ত্র
নিম্নমানের ধারাভাষ্যগত ২৭ এপ্রিল প্রথম আলোর চিঠিপত্র বিভাগে ‘বিটিভির ধারাভাষ্য’ শিরোনামে একটি লেখা পড়ে উদ্বুদ্ধ হয়ে বলতে চাই, বাংলাদেশ বেতারও দীর্ঘদিন ধরে দেশ-বিদেশের মাঠ থেকে বিভিন্ন খেলার ধারাবিবরণী সরাসরি সম্প্রচার করে আসছে। কিন্তু শ্রোতারা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছে যে সাম্প্রতিক সময়ে বেতারে খুব নিম্নমানের ধারাভাষ্য সম্প্রচার করা হচ্ছে। বেতারের শুরুর দিকের অনেক ধারাভাষ্যকার ইতিমধ্যে প্রবীণ হয়েছেন এবং তাঁদের বেশির ভাগের বয়স সত্তরোর্ধ্ব। অথচ এখনো তাঁদের দিয়েই বেতার কর্তৃপক্ষ দিনের পর দিন সরাসরি ধারাভাষ্য প্রচারের কাজ করাচ্ছে। প্রবীণ এসব ক্রীড়া ভাষ্যকার তাঁদের যৌবনে ভালো ধারাভাষ্য দিয়ে জনপ্রিয়তা অর্জন করলেও, বর্তমানে বার্ধক্যজনিত কারণে এবং দৃষ্টিশক্তি লোপ পাওয়ায় কমেন্ট্রি বক্সে বসে মাঠের খেলোয়াড়দের সঠিকভাবে চিনতে পারছেন না এবং স্মৃতিশক্তি দুর্বল হওয়ায় ধারাবাহিক গতিতে ধারাভাষ্য প্রদান করতে ব্যর্থ হচ্ছেন। আমরা শ্রোতারা আশা করি, এখন থেকে ভবিষ্যতে বেতার কর্তৃপক্ষ ক্রীড়া ধারাবর্ণনার মানের ব্যাপারে সজাগ ও সচেতন হবে।আতাউর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।অপপ্রচারপার্বত্য জেলা রাঙামাটির ঐতিহ্যবাহী রাজবন বিহার বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম তীর্থস্থান। শুধু তীর্থস্থান বললে ভুল বলা হবে। রাজবন বিহার দেশের অন্যান্য ধর্মাবলম্বীর জন্যও আকর্ষণীয় ও দর্শনীয় স্থান। রাজবন বিহারের নাম নিলে যাঁর নাম প্রথমে আসে, তিনি আমাদের সর্বজনশ্রদ্ধেয় ভদন্ত সাধনানন্দ মহাস্থবির, যিনি অসীম ত্যাগ ও কঠোর সাধনার কারণে বৌদ্ধ সম্প্রদায়ের কাছে পরম পূজনীয় ও আলোকিত ব্যক্তিত্ব। শ্রদ্ধেয় ভদন্ত সাধনানন্দ মহাস্থবিরকে সবাই ‘বনভন্তে’ নামে চেনে ও জানে। শ্রদ্ধেয় ভন্তে বর্তমানে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত। ভন্তে হঠাৎ দেহত্যাগ করলে (বাঙালি-পাহাড়ি বৌদ্ধ ধর্মাবলম্বী) আমরা অনেকটা অভিভাবকহীন হয়ে পড়ব। কিন্তু পরিতাপের বিষয়, ইদানীং কিছু স্বার্থান্বেষী লোক শ্রদ্ধেয় ভন্তের নামে মুঠোফোনে মেসেজের মাধ্যমে অপপ্রচার শুরু করেছে। এতে বলা হচ্ছে, শ্রদ্ধেয় ভন্তের বাণী সাত দিনের মধ্যে ১১ জনের কাছে এসএমএসের মাধ্যমে প্রচার না করলে নাকি মুঠোফোন ব্যবহারকারী ব্যক্তিরা বিনাশ হয়ে যাবে এবং প্রচার করলে নাকি মঙ্গল হবে।একজন সচেতন নাগরিক হিসেবে শ্রদ্ধেয় ভন্তের নামে মুঠোফোনের মাধ্যমে প্রচারের নামে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাই। আশা করি, রাজবন বিহার কমিটি মুঠোফোনের মাধ্যমে প্রচারের নামে স্বার্থান্বেষী ব্যক্তিদের অপপ্রচার বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।অভিজিত বড়ুয়া ইছামতী, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।