চি ঠি প ত্র
খেলার ধারাভাষ্যগত ২৭ এপ্রিল এবং ১ মের প্রথম আলোর চিঠিপত্র বিভাগে ‘বিটিভির ধারাভাষ্য’ ও ‘বেতারে নিম্নমানের ধারাভাষ্য’ শিরোনামে দুটি পৃথক লেখার সূত্রে বলতে চাই, বাংলাদেশ বেতার ও টেলিভিশন সরকারনিয়ন্ত্রিত দুটি জনপ্রিয় গণমাধ্যম। অতীতে সব সরকারের আমলেই এই দুটি প্রতিষ্ঠানের মান, নিরপেক্ষতা ও সংবাদের বস্তুনিষ্ঠতা নিয়ে বিতর্ক ছিল, এখনো আছে। এই দুটি গণমাধ্যমের অনুষ্ঠানের মান নিয়েও আছে নানা রকম বিতর্ক। অতি সম্প্রতি লক্ষ করলাম, স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল ও ফাইনালসহ মোট তিনটি ম্যাচ সরাসরি সম্প্রচারের সময় বেতার ও বিটিভিতে খুবই নিম্নমানের ও ভুলে ভরা ধারাভাষ্য সম্প্রচার করা হলো। ভাষ্যকারেরা অজস্র ভুল শব্দ ব্যবহার করেছেন, কারও কারও উচ্চারণ নেওয়ার মতো ছিল না। তথ্য মন্ত্রণালয়ের অধীনে এই দুটি জনপ্রিয় গণমাধ্যম পরিচালিত হয়ে থাকে। তাহলে তথ্য মন্ত্রণালয় কি এসব বিষয় পর্যবেক্ষণ করে না? সচেতন দর্শক ও শ্রোতা হিসেবে তথ্যমন্ত্রীকে অনুরোধ জানাব, বাংলাদেশ বেতার ও টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ধারাবিবরণীর মান যাতে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হয় এবং মান নিয়ন্ত্রণের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের তাগাদা দেওয়া হয়। আশা করি, ভবিষ্যতে বাংলাদেশ বেতার ও টেলিভিশনে মানসম্মত ভাষ্যকারদের সমাবেশ ঘটবে এবং মানের ব্যাপারে দুটি প্রতিষ্ঠানই সজাগ ও সচেতন হবে।মো. বেলাল হোসেন, প্রভাষকনাটোর মহিলা কলেজ, নাটোর।জাতীয় পতাকার সম্মানআমাদের পতাকায় সবুজের বুকে লাল রং এ দেশের স্বাধীনতার জন্য আত্মদানকারী শহীদদের রক্তের স্বীকৃতি বহন করে। সেদিক থেকে এই জাতীয় পতাকা বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন, গৌরব ও সম্মানের বিষয়। দেশ-বিদেশসহ সব ধরনের সরকারি, আধাসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মন্ত্রীদের চলাচলের গাড়িসহ নানা জায়গায় জাতীয় পতাকা ব্যবহার করতে দেখা যায়। বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় দিবস, ধর্মীয় উৎসব, এমনকি খেলাধুলা উপলক্ষেও এই জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এমনকি প্রেক্ষাগৃহগুলোতেও চলচ্চিত্র শুরুর আগে জাতীয় পতাকা প্রদর্শনকালে দর্শকদের দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করতে হয়। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, সাম্প্রতিক সময়ে বিভিন্ন খেলাধুলাকে কেন্দ্র করে বিভিন্ন ভবনে এবং বাসাবাড়িতে এই জাতীয় পতাকা উত্তোলন করা হচ্ছে নিয়মবহির্ভূতভাবে। পতাকা উত্তোলন ও তা নামানোর জন্য সরকারি নিয়ম রয়েছে; যেমন—সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পতাকা উত্তোলন এবং সূর্যাস্তের সঙ্গে সঙ্গে পতাকা নামানো। কিন্তু জাতীয় পতাকা ব্যবহারের এই নিয়ম অনেকেই পালন করেন না এবং অনেক ক্ষেত্রেই তা পালিত হয় না। সরেজমিনে খোঁজ নিলে দেখা যাবে, দিনের পর দিন অনেকে বাসভবনে বিভিন্ন দেশ ও গোষ্ঠীর সমর্থক (খেলাধুলাবিষয়ক) হয়ে এ দেশের জাতীয় পতাকার পাশাপাশি ওই সব দেশের পতাকা উত্তোলন করছে নিয়মবহির্ভূতভাবে। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে আমাদের জাতীয় পতাকা বিভিন্ন বাসভবনে এমনকি যানবাহনে বিবর্ণ অবস্থায় উড়তে দেখা যায়, যা সত্যিকার অর্থেই দুঃখজনক। জাতীয় পতাকার প্রতি এ ধরনের অবজ্ঞা, অবহেলা প্রদর্শন করা থেকে আমাদের সবারই দূরে থাকা উচিত।তামান্না জামিল শিক্ষার্থী, আইন বিভাগ, চতুর্থ বর্ষইউআইটিএস, রাজশাহী।