চি ঠি প ত্র
মাকে ভালোবাসি‘মা’ শব্দটির মাধ্যমেই শুরু হয় একটি শিশুর প্রথম কথা বলা। বেশির ভাগ মানুষেরই মাকে বলা হয়নি, ‘মা, আমি তোমাকে খুব ভালোবাসি’। আজকাল বাংলাদেশেও ‘মা দিবস’ বেশ গুরুত্বসহকারে পালন করা হয়ে থাকে। বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে ‘মা দিবস’ পালিত হয়। কারণ, দিবসটি পালনের সূত্রপাত বিভিন্ন দেশে বিভিন্ন রকম। তবে বেশির ভাগ দেশেই মে মাসের দ্বিতীয় রোববার এই দিবস পালন করা হয়।মায়ের কাছে আমাদের ঋণ শোধ হওয়ার নয়। কিন্তু এই যান্ত্রিকতার জীবনে ব্যস্ততায় ডুবে গেছে মানুষের জীবন। এখন ঘড়ির কাঁটায় বেঁধে থাকে মানুষের জীবন। মায়েরা আমাদের কাছে বেশি কিছু চান না, শুধু চান সন্তানের একটু ভালোবাসা। এই চাওয়াটুকুও আমরা অনেকেই পূরণ করতে অক্ষম। সেই অক্ষমতার দৃষ্টিকোণ থেকে মা এক সময় হয়ে ওঠেন বোঝা। এই বোঝা নামানোর জন্য অনেকেই তাঁদের পাঠিয়ে দেন বৃদ্ধাশ্রমে। বৃদ্ধাশ্রমে থাকা অনেক মায়ের কাছ থেকে জানা যায়, সন্তানেরা তাঁদের খোঁজ নেন না। সন্তানদের জন্য কাঁদতে কাঁদতে অনেক মায়ের চোখের জল শুকিয়ে গেছে।শুধু ‘মা দিবস’-এ নয়, মাকে ভালোবাসুন প্রতিক্ষণে। মাকে বলুন, ‘মা, আমি তোমাকে খুব ভালোবাসি’।প্রীতি রাহা, ময়মনসিংহ।মেসিরা আসছে!সেপ্টেম্বরে মেসির দল আর্জেন্টিনা আসছে আমাদের ফুটবলকে জাগাতে। এমনকি ব্রাজিল দলও আমাদের দেশে আসতে পারে। উদ্দেশ্য, বাংলাদেশে ফুটবলকে জাগিয়ে তোলা। এটা আমরা সবাই জানি যে ফুটবল এখনো গ্রামগঞ্জে সবচেয়ে জনপ্রিয় খেলা। কিন্তু স্কুলের ক্রীড়া শিক্ষকদের কার্যক্রম ক্লাস নেওয়ার মধ্যে সীমাবদ্ধ। স্কুলে ফুটবল প্রশিক্ষণের কোনো ব্যবস্থা নেই। গ্রামাঞ্চলে নিয়মিত টুর্নামেন্টের আয়োজন করা হয় না। ফুটবলের উন্নয়নের জন্য বিত্তবান ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোনো পৃষ্ঠপোষকতা নেই, যার কারণে ফুটবলে প্রতিভা বিকাশ কিংবা অনুসন্ধানের তেমন সুযোগ নেই, যা কিছু হয় তা অনেকটা ঢাকাকেন্দ্রিক। সে কারণেই মনে হচ্ছে, মেসিরা আসুক ভালো কথা, কিন্তু ফুটবলকে কি শুধু এভাবে জাগানো যাবে? ফুটবলকে জাগাতে হলে আমাদেরই সে কাজটি করতে হবে।যদি নিয়মিত প্রতিটি থানা পর্যায়ে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়, থানা পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে এবং বাছাই করা খেলোয়াড়দের প্রশিক্ষণের ব্যবস্থাসহ আর্থিকভাবে সহযোগিতা করা হয়, তাহলে ফুটবলের উন্নয়ন হতে বাধ্য। সেই সঙ্গে স্কুল পর্যায়ে ক্রীড়া শিক্ষকদের মাধ্যমে প্রতি মাসে দুই দিন (১৫ দিন পর পর) ফুটবল প্রশিক্ষণের ব্যবস্থা রাখলে তৃণমূল পর্যায়ে ফুটবলের উন্নয়ন হবে।অভিজিত বড়ুয়া [email protected]ধর্মের নামে ভাঙচুর১ মে সন্ধ্যায় মতিঝিল থেকে বাসে আশুলিয়ায় যাচ্ছিলাম। আমাদের বাসটি বঙ্গবন্ধু এভিনিউ হয়ে গুলিস্তানের দিকে যাচ্ছিল। দেখলাম, বিপরীত দিক থেকে একটি মিছিল আসছে। আমাদের বাসচালক গাড়ি থামিয়ে মিছিলটিকে যেতে দিলেন, হঠাৎ মিছিলের বেশ কয়েকজন পিকেটার আমাদের গাড়ির কাচ ভাঙতে শুরু করল। আতঙ্কিত যাত্রীরা ভয়ে চিৎকার শুরু করল, কেউ গাড়ির মেঝেতে শুয়ে পড়ল, আমার পাশের আসনে একজন বৃদ্ধা ভয়ে কাঁপতে লাগলেন, আতঙ্কে তাঁর চোখ-মুখ ছাইয়ের মতো ফ্যাকাসে হয়ে গিয়েছিল। গাড়িতে বেশ কিছু শিশু ছিল, ওরা ভয়ে কাঁদতে শুরু করল। কয়েকটি কাচ ভেঙে মিছিলটি চলে গেল। ভাঙা কাচ লেগে দুজন যাত্রীর হাত সামান্য কেটে গিয়েছিল। আমি নিজেও অসম্ভব ভয় পেয়েছিলাম। পিকেটারদের লাঠি হাতে উন্মত্ত রূপ দেখে আমি আতঙ্কিত হয়ে পড়েছিলাম, কোনো কিছু ঘটে যেতে পারত।এই ভাঙচুরকারীরা নাকি ইসলামি আইন বাস্তবায়ন করতে চায়! গাড়ির কাচ ভেঙে সাধারণ মানুষকে আতঙ্কিত করে শান্তির ধর্ম ইসলামকে কলুষিত করার অধিকার এদের কে দিয়েছে?অনিমেষ হক, ঢাকা।পরিত্রাণের উপায় কী?৬ মে প্রথম আলোয় প্রকাশিত ‘নারায়ণগঞ্জে কারখানা বন্ধ: পোশাকশ্রমিকদের আবারও বিক্ষোভ, সড়ক অবরোধ’ শিরোনামে প্রতিবেদনটি পড়ে মর্মাহত হলাম। বেতন-ভাতার দাবিতে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ ও মিছিলের খবর কয়েক বছর ধরে প্রায়ই পত্রিকার পাতায় দেখা যায়। আর কত কাল পড়তে হবে এ ধরনের সংবাদ?দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাসা ভাড়াসহ আনুষঙ্গিক খরচ যখন লাগামহীন গতিতে বেড়ে চলছে, তখন সাধারণ পোশাকশ্রমিক ও নিম্ন আয়ের মানুষ দিশেহারা। প্রতিদিন বাজারে-মহল্লায় তাঁরা খোলাবাজারে বিক্রি করা চালের খোঁজ করেন। তার মধ্যে যদি আবার প্রাপ্য বেতন-ভাতা বকেয়া থাকে, তাহলে তাঁদের উপায় কী? কর্তৃপক্ষ কি বিষয়টি ভেবে দেখেছে কখনো? তাদের তো ভাবার অবকাশ নেই। কেননা, সামান্য বেতনের কর্মচারীদের খাটিয়ে অর্থের পাহাড় গড়াই তাদের কাজ। শ্রমিক-কর্মচারীদের সুখ-দুঃখ, ক্ষুধা-তৃষ্ণার প্রতি দৃষ্টি দেওয়া তো তাদের কাজ নয়। গার্মেন্টস মালিকদের যদি এতটুকু বিবেচনা বোধ থাকত, তাহলে তাঁরা এই কর্মীদের রক্ত পানি করা শ্রমের টাকা নিয়ে টালবাহানা করতেন না কখনো। এসব রুই-কাতলা মালিকের মতো আমাদের সরকারেরও সময় নেই এ বিষয়টি দেখার।পাওনা টাকা চাইতে গেলে শ্রমিকদের লাঞ্ছিত এবং পুলিশ দিয়ে লাঠিপেটা করিয়েই ক্ষান্ত হয় না মালিকপক্ষ। ফ্যাক্টরি ভাঙচুরের মামলা দিয়ে তাঁদের বাড়ি ছাড়া করা হয়। এর কি কোনো প্রতিকার আমাদের শ্রমমন্ত্রী মহোদয় করবেন না? এই লাখ লাখ শ্রমিকের দুঃখ-কষ্ট লাঘব করার মতো কোনো সরকার কি নেই এ দেশে? আলমগীর হোসেনরামগঞ্জ, লক্ষ্মীপুর।