চি ঠি প ত্র
জেএসসি পরীক্ষাসারা দেশে বিদ্যালয়ভিত্তিক পাবলিক পরীক্ষার ক্ষেত্রে সর্বশেষ সংযোজন জেএসসি পরীক্ষা। ২০১০ সালে প্রথমবারের মতো অনুষ্ঠিত এ পরীক্ষায় আট হাজারের কিছু বেশি শিক্ষার্থী জিপিএ-৫ লাভ করে। কিন্তু পূর্ববর্তী সর্ববৃহৎ পাবলিক পরীক্ষা, এসএসসির ২০১০ সালের ফলাফল পর্যালোচনা করে দেখা যায়, ৮২ হাজারের বেশি শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে।জেএসসি ও এসএসসি পরীক্ষার এ রকম ব্যক্তিক্রমের কারণ চতুর্থ বিষয়। প্রথম যেবার এসএসসি ও এইচএসসির ফলাফল জিপিএর ভিত্তিতে প্রকাশ করা হয়, তখন চতুর্থ বিষয়ের সুবিধা না থাকায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী ছিল খুবই কম, ফলে তারা সানন্দচিত্তে এই নতুন পদ্ধতিকে স্বাগত জানায়নি। কিন্তু পরবর্তী সময় জিপিএ পদ্ধতিতে পুনর্বিন্যাস করে, চতুর্থ বিষয় যোগ করে ফলাফল প্রকাশের মাধ্যমে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে বহুগুণ। ফলে জিপিএ পদ্ধতি একই সঙ্গে গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা লাভ করেছে। জেএসসি পরীক্ষায় ঐচ্ছিক বিষয় পদ্ধতি চালু করলে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা এসএসসির সঙ্গে ভারসাম্যপূর্ণ হবে, যা কোমলমতি কিশোর-কিশোরীদের আরও উৎসাহিত করবে এবং পরীক্ষাভীতি হ্রাস পাবে। তাই কৃষিশিক্ষা অথবা গার্হস্থ্য অর্থনীতি বিষয়কে ঐচ্ছিক বিষয় হিসেবে বিন্যস্ত করে জেএসসি পরীক্ষার জিপিএ পদ্ধতি পুনর্বিন্যাস কামনা করছি।তাহমিদ শাহরিয়ারসেহড়া, ধোপাখলা, ময়মনসিংহ।ভাসানী বিশ্ববিদ্যালয়আমরা মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের শিক্ষার্থীরা প্রায় ১০ মাস ধরে বিএসসি (অনার্স) ডিগ্রির পরিবর্তে বিএসসি (ইঞ্জিনিয়ারিং)-এর দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করে আসছি। কিন্তু প্রশাসন শুরুতে দাবি মেনে নিতে অপারগতা জানালে আন্দোলনের সর্বশেষ পদক্ষেপ হিসেবে আমরা গত ২০ মার্চ টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন কর্মসূচি নিতে বাধ্য হই।অবশেষে অনশনের তৃতীয় দিন গত ২২ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেননের হস্তক্ষেপে মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয় দাবি মেনে নিয়ে তা বাস্তবায়নে সব রকম প্রচেষ্টা গ্রহণ করার প্রতিশ্রুতি দিয়ে আমাদের অনশন ভাঙান, যা পরদিন দেশের কয়েকটি উল্লেখযোগ্য পত্রিকার মাধ্যমে দেশবাসী জানতে পারে। কিন্তু প্রতিশ্রুতি দেওয়ার পর প্রায় দেড় মাস অতিবাহিত হওয়া সত্ত্বেও প্রশাসন তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে কোনো ফলপ্রসূ পদক্ষেপ নিচ্ছে না। আমরা কাজের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলেও তারা যথেষ্ট আন্তরিকতা দেখাচ্ছে না। কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগকে পুরোপুরি অচল রেখে এবং তা সমাধানের চেষ্টা না করে প্রশাসন কীভাবে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে নিয়ে যাচ্ছে, তা সত্যিই বোধগম্য নয়! অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কা নিয়ে আমরা আর কত দিন ক্লাসের বাইরে থাকব? আমরা অতি দ্রুত প্রতিশ্রুতির বাস্তবায়ন চাই।সজীব, মাসুম, তাহমিনা, নিশাত, আমিনুল, শিক্ষার্থী, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।বাইসাইকেলবহুকাল আগে থেকে বাংলাদেশের যাতায়াতের জনপ্রিয় মাধ্যম ছিল বাইসাইকেল। মানুষ কাছে ও দূর-দূরান্তে যাতায়াতে বাইসাইকেল ব্যবহার করত। বাইসাইকেল ব্যবহার যেমন পরিবেশবান্ধব, তেমনি খরচ নেই বললেই চলে। স্বাস্থ্য সুরক্ষায় বাইসাইকেলের ভূমিকাও আছে। হূদরোগের ঝুঁকি হ্রাস, ডায়াবেটিস নিয়ন্ত্রণ, অতিরিক্ত মেদ কমানো, শারীরিক সক্ষমতা বৃদ্ধিতে সাইকেল চালানোর ভূমিকা আছে। কিন্তু বর্তমানে সাইকেল ব্যবহার কমে গেছে অনেকাংশে। বাইসাইকেল ব্যবহারে আমাদের উৎসাহী হতে হবে। বাইসাইকেল ব্যবহারে শহরে যানজট কমানোসহ পরিবেশদূষণও কম হবে। চীন, জাপান, ভিয়েতনামসহ বিশ্বের বিভিন্ন দেশে সাইকেল এখনো জনপ্রিয় বাহন। সাতক্ষীরা জেলায় বিভিন্ন স্থানে যাত্রী বহনের ক্ষেত্রে বাইসাইকেল ব্যবহার হয়। শুধু যাত্রী নয়, মালামাল পরিবহনেও সাইকেলের ব্যবহার হয়। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব বা গ্রিন হাউস ইফেক্ট হ্রাসে মোটরযান ব্যবহার কম করে এ হেন পরিবেশবান্ধব যান ব্যবহারের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।সৈয়দা শারমীন আক্তারমালতীনগর, বগুড়া।দুর্গন্ধযুক্ত ফুটপাতঢাকা শহরের ব্যস্ততম এলাকাগুলোতে প্রতিনিয়ত দেখা যায়, ব্যস্ত সড়কের ফুটপাতের ওপর অথবা কোনো ভবনের দেয়ালঘেঁষে প্রকৃতির ডাকে সাড়া দিতে দাঁড়িয়ে যায় পথচারীরা। অন্য পথচারীদের প্রতি খেয়াল নেই তাদের। দুর্গন্ধে কিছু কিছু ফুটপাত দিয়ে হাঁটা মুশকিল হয়ে পড়ে। কাঁটাবন মসজিদের উল্টোদিকে শাহবাগ মোড়ের দিকে যাওয়ার পথে ডান পাশের ফুটপাত দিয়ে হাঁটার উপায় নেই। নাকে রুমাল দিয়েও ফুটপাত দিয়ে হাঁটা যায় না প্রস্রাব জমে থাকার কারণে। এর ফলে বেশি সমস্যায় পড়েন নারী পথচারীরা। কাঁটাবন থেকে শাহবাগ মোড়ে যাওয়ার পথে শুরুতে প্রস্রাবের গন্ধ, আরেকটু সামনে গেলে টিকিট কাউন্টারের যাত্রী ও বাসের ভিড়, আরও একটু সামনে গেলে ফুটপাত ভরে থাকা হকার। আবার রাস্তা দিয়ে চলতে গেলে দুর্ঘটনার ঝুঁকি। এ দৃশ্য শুধু শাহবাগ এলাকায় নয়, ঢাকা শহরের ব্যস্ততম অনেক এলাকায়ই দেখা যায়। এর কোনো প্রতিকার নেই। ঢাকা সিটি করপোরেশন এ ব্যাপারে উদ্যোগ নেয় না। বিভিন্ন সময় শহরের সৌন্দর্যবর্ধনে নানা পদক্ষেপ নেওয়া হয়। কিন্তু এই অনাচার বন্ধে কখনো সক্রিয় হতে দেখা যায় না। নগরবাসী একটু সচেতন হলে এই দুর্গন্ধযুক্ত ফুটপাত থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। ঢাকা সিটি করপোরেশনের কাছে অনুরোধ, ঢাকার ব্যস্ততম সড়কগুলোর পাশে পাবলিক টয়লেটের ব্যবস্থা করা হোক। আলমগীর হোসেনরামগঞ্জ, লক্ষ্মীপুর।বাড়িভাড়াবাড়িভাড়ার ঊর্ধ্বগতিতে মধ্য ও নিম্নআয়ের মানুষের নাভিশ্বাস দশা। তাদের কাছে অভিশাপ হিসেবে দেখা দিয়েছে এ বিষয়টি। ঢাকায় বসবাসরত মানুষের বেতনের বড় অংশই বাসাভাড়ায় চলে যায়। বাড়িওয়ালা বছরে দুবার করে বাসাভাড়া বাড়িয়ে ভাড়াটেদের সমস্যার মধ্যে ফেলে দেন এবং বাসাভাড়া দেওয়ার সময় ভাড়াটেদের কাছ থেকে মোটা অঙ্কের অগ্রিম টাকা আদায় করেন। বাড়িভাড়াসংক্রান্ত নীতিমালা থাকলেও এর কোনো প্রয়োগ নেই। তাই বাড়িওয়ালা ও ভাড়াটেদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটছে। এটা করোরই কাম্য নয়। তাই এ ব্যাপারে কর্তৃপক্ষের নজর দেওয়া প্রয়োজন। জানে আলম, শিক্ষার্থীসরকারি তিতুমীর কলেজ, ঢাকা।