চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রেনহীন রেলপথবিগত সরকারের আমলে শত শত কিলোমিটার জুড়ে খাম্বা বসানোর গল্প আমরা শুনেছি। শুনেছি, কতিপয় প্রভাবশালী ব্যক্তির খাম্বা সাপ্লাই দিয়ে অর্থ কামানোর কাহিনি। বিদ্যুতের কোনো ব্যবস্থা না করে ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে তখনকার সরকার খাম্বা ক্রয় করে জনগণের অর্থ অপচয় শুধু করেনি, বিদ্যুৎপ্রত্যাশী জনগণের সঙ্গে তারা তামাশাও করেছে। বর্তমানেও আমরা একই ধারা লক্ষ করছি সরকারের আরেকটি সেক্টরে। যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ে কয়েক বছর যাবৎ রেলপথ পুনর্বাসন, নতুন রেলপথ নির্মাণের জন্য অনেক প্রকল্প ইতিমধ্যে সরকারের অনুমোদন পেয়েছে এবং অনেকগুলো সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে বলে জানা যায়। ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে লাকসাম-নোয়াখালী, ঢাকা-নারায়ণগঞ্জ, সিলেট-ছাতক, শ্যামগঞ্জ-জারিয়া ইত্যাদি লাইন পুনর্বাসন প্রকল্প। বাস্তবায়নাধীন রয়েছে রাজশাহী-আমনুরা-রোহনপুর, শ্যামগঞ্জ-মোহনগঞ্জ, লালমনিরহাট-কুড়িয়ারী, ফৌজদারহাট-চট্টগ্রাম বন্দর রেললাইন পুনর্বাসন ও তারাকান্দি-যমুনা সেতু নতুন লাইন নির্মাণ প্রকল্প। শুরুর পর্যায়ে রয়েছে চট্টগ্রাম-নাজিরহাট, চট্টগ্রাম-দোহাজারী, লাকসাম-চাঁদপুর, পার্বতীপুর-পঞ্চগড়, সৈয়দপুর-চিলাহাটি লাইন পুনর্বাসনের কাজ। সরকারের বিবেচনাধীন রয়েছে কুলাউড়া-শাহবাজপুর, পাচুরিয়া-ফরিদপুর, কালুখালী-ভাটিয়াপাড়া লাইন পুনর্বাসন ও লাকসাম-চিনকিআস্তানা, ভৈরববাজার-টঙ্গী ডাবল লাইন এবং দোহাজারী-কক্সবাজার নতুন লাইন নির্মাণ প্রকল্প। সব মিলিয়ে কয়েক হাজার কোটি টাকার পূর্তকাজ। সবই ভালো। বাংলাদেশে রেল পরিবহন ব্যবস্থাকে নতুন করে সাজানো হচ্ছে, আপাতদৃষ্টিতে তা-ই মনে হয়। কিন্তু বাস্তবে আমরা দেখতে পাচ্ছি মস্ত ফাঁকি। বিদ্যুৎ ছাড়া খাম্বার অবস্থা যেমন, ট্রেনহীন রেললাইনের অবস্থা তেমনই। কেননা রেলপথ নির্মাণ ও পুনর্বাসনের পাশাপাশি পর্যাপ্ত ইঞ্জিন, কোচ ও ওয়াগনের ব্যবস্থা একই সময় করা না হলে নির্মাণ ও পুনর্বাসনে ব্যয়িত অর্থ দেশ-জনগণের কোনো কাজেই আসবে না। আমরা এখনই দেখতে পাচ্ছি, পুনর্বাসিত লাকসাম-নোয়াখালী, সিলেট-ছাতক লাইনে ইঞ্জিন ও কোচের অভাবে শিডিউলমতো ট্রেন চলে না। ঢাকা-নারায়ণগঞ্জ, শ্যামগঞ্জ-জারিয়া লাইনে সেই পুরোনো, জীর্ণ, ভাঙা বগি, বহু পুরোনো ইঞ্জিন। বাস্তবায়নাধীন প্রকল্পগুলো সমাপ্ত হলেও সেসব লাইনে ট্রেন চালানোর মতো ইঞ্জিন-বগি সংগ্রহের বাস্তবমুখী কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না এখনো। এমতাবস্থায় নতুন ও পুনর্বাসিত রেলপথের পরিণতি হবে বিদ্যুৎবিহীন খাম্বার মতো। শুনেছি, রেলওয়ের ব্যবস্থাপনাকে ঢেলে সাজানো হচ্ছে। এ লক্ষ্যে পরামর্শক বাবদ শত শত কোটি টাকা ব্যয় হয়েছে ইতিমধ্যে। নতুন ব্যবস্থাপনায় ট্রেনহীন রেলপথের জন্য অর্থ ব্যয় তথা অপচয় বন্ধ করার মতো উপযুক্ত জবাবদিহিমূলক সাংগঠনিক ব্যবস্থা থাকবে কি?আমিনুর রহমানটাইগার পাস, চট্টগ্রাম।ফলাফলের প্রতীক্ষায়!প্রতিদিন সকালে ঘুম ঘুম চোখে প্রথম তাকাই দৈনিক পত্রিকার চাকরির বিজ্ঞাপনের দিকে। নাহ্! চাকরির জন্য আমরা এখনো যোগ্য হইনি। কেননা আমাদের হাতে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কোনো সনদ নেই। আমরা কজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) এমবিএ প্রোগ্রামের শিক্ষার্থী। ২০০৮ সালের এপ্রিল মাসে আমাদের ক্লাস শুরু হয়। পাঁচ সেমিস্টার (৬০ ক্রেডিট আওয়ার) শেষ হয়েছে গত বছরের জুলাই মাসে। তখনই ইনস্টিটিউট কর্তৃক একটি পরীক্ষায় অংশগ্রহণের সনদপত্র দেওয়া হয়। তারপর আমরা ডিসেম্বরে ইন্টার্নশিপ রিপোর্ট (নন-ক্রেডিট) জমা দিই। জানুয়ারি মাসের মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃক সাময়িক সনদ পাওয়ার কথা। যেখানে দুই বছরে ডিগ্রি শেষ হওয়ার কথা, সেখানে তিন বছর পার হয়ে গেল। কিন্তু আজ পর্যন্ত কোনো ট্রান্সক্রিপ্ট বা সনদ পাইনি আমরা। উল্লেখ্য, বিগত ব্যাচগুলোর পরীক্ষার ফলাফল এক মাসের মধ্যে প্রকাশিত হয়েছে। এবার কেন দেরি হচ্ছে, এ বিষয়ে আইবিএর পরিচালক কোনো মন্তব্য করেননি। শিক্ষকেরাও এর কারণ জানেন না। এদিকে সময়ের চাকা ঘুরে আমাদের সরকারি চাকরির বয়সও যে শেষ প্রান্তে। এ বছরও চাকরি হবে না? সবার এই প্রশ্নবোধক দৃষ্টি কখনো উপেক্ষা করে, কখনো করুণাও করে। আইবিএ পরিচালকের কি কোনো ভ্রুক্ষেপ নেই? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি ইনস্টিটিউট কীভাবে তাদের কার্য পরিচালনা করছে, তা কি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গোচরে আসে না? আশা করি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অচিরেই পরীক্ষার ফল প্রকাশের বন্দোবস্ত করে আমাদের ৪০ জন শিক্ষার্থীর প্রতি সদয় হবে।সজীব, রিয়াদ, লিমন, অমি ও রোটনএমবিএর (৭ম ব্যাচ) শিক্ষার্থীইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ), রাজশাহী বিশ্ববিদ্যালয়।