চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাকসু নির্বাচনগত ২৬ এপ্রিল ভোর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হলে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে দেশের বিবেকবান মানুষ ও ছাত্রসমাজ হতবাক। স্বভাবতই প্রশ্ন জাগে, এরা কি আসলেই ছাত্র? নাকি ছাত্র নামধারী লুটেরা, দখলবাজ? ছাত্রত্ব থাকাকালে যদি এরা এ ধরনের অপকর্মে লিপ্ত হতে পারে, তাহলে অদূর ভবিষ্যতে এরা যখন ক্ষমতার মসনদে আরোহণ করবে, তখন তাদের রূপ আরও ভয়াবহ হবে! ডাকসুর নির্বাচন হয় না দীর্ঘ ২১ বছর। এই দীর্ঘদিন দেশ শাসন করেছে আওয়ামী লীগ ও বিএনপি। ক্ষমতার আসনে থাকাকালে এই দুই রাজনৈতিক দল মুখে গণতন্ত্র বললেও আসলে কি তারা গণতন্ত্র চায়? যদি তারা গণতন্ত্র চাইত, তাহলে ছাত্রলীগ বা ছাত্রদল দিয়ে রক্তের হোলি খেলায় মেতে উঠত না।ছাত্রসংগঠনগুলোর এই হানাহানিতে একবার ছাত্ররাজনীতি বন্ধেরও হাঁকডাক উঠেছিল পত্রিকায়, কিন্তু ছাত্ররাজনীতি বন্ধের পক্ষে কোনো দল বা সংগঠন সমর্থন করেনি। একটা ছাত্র বা একটা ছাত্রীকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনা করাতে একজন অভিভাবকের কতটা বেগ পেতে হয়, তা শুধু ভুক্তভোগীরাই জানেন। সেই ছাত্র বা ছাত্রী বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় যদি সন্ত্রাসী কর্মকাণ্ডের শিকার হন, আর যদি তাতে তাঁর জীবনাবসান ঘটে, তাহলে ওই অভিভাবকের মানসিক পরিস্থিতি কী দাঁড়ায়? সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন ডাকসু নির্বাচন করতে চায় না, তা আমাদের কাছে বোধগম্য নয়। আমাদের দেশে ছাত্ররাজনীতির প্রয়োজন আছে কি নেই, তা নির্ধারণ করার দায়িত্ব শুধু রাষ্ট্রের নীতিনির্ধারকদের। তবে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আন্দোলনের মাধ্যমে ডাকসু নির্বাচন আদায় করে নেবেন—এই প্রত্যাশায় রইলাম। মো. আশরাফ হোসেন৩৬৯/বি, আহম্মদনগরমিরপুর ঢাকা বিশ্ববিদ্যালয়ে র্যাগিংগত ২৮ এপ্রিল প্রথম আলোয় প্রকাশিত চট্টগ্রাম মেরিটাইম ইউনিভার্সিটিতে (মেরিন একাডেমি) জ্যেষ্ঠ ভাইদের দ্বারা নবাগত ক্যাডেটদের প্রতি র্যাগিংয়ের নামে নিষ্ঠুর ও অমানবিক নির্যাতনের বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং আমি খুবই মর্মাহত হয়েছি, যা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এখনো প্রচলিত আছে। পত্রিকার খবর অনুযায়ী, জ্যেষ্ঠ ক্যাডেটদের নির্যাতনে নবাগত কিছুসংখ্যক ক্যাডেট গুরুতর অসুস্থ হয়েছেন এবং কেউ কেউ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। কারও কারও আঙুলের নখ উপড়ে ফেলা হয়েছে, কাউকে কাপড় শুকানোর হ্যাঙ্গার দিয়ে নির্দয়ভাবে প্রহার করা হয়েছে। কিছুসংখ্যক ক্যাডেট নির্যাতনের ভয়ে একাডেমি ছেড়ে দিয়েছেন। আমার প্রশ্ন, এরা কি ছাত্র, না সন্ত্রাসী—যাদের মানবতাবোধ, বিবেক বলতে কিছু নেই। এমনিতেই নবাগত শিক্ষার্থীরা, উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে এসে নতুন পরিবেশ, নতুন জীবনধারা, নতুন মানুষ নিয়ে নার্ভাস থাকেন, তার ওপর বড় ভাইদের এমন আচরণে নবাগত শিক্ষার্থীরা বিস্মিত, মর্মাহত হন, প্রতিষ্ঠান সম্পর্কে জ্যেষ্ঠ ভাইদের আচরণে বিরূপ ধারণা পোষণ করেন এবং হীনম্মন্যতায় ভুগতে থাকেন, যা তাঁদের মেধা বিকাশের পথে অন্তরায় সৃষ্টি করে। আমি আরও অবাক হয়েছি যে প্রশাসন এ ক্ষেত্রে জ্যেষ্ঠ ক্যাডেটদের বিরুদ্ধে কোনো শাস্তিযোগ্য ও আইনানুগ ব্যবস্থা এখন পর্যন্ত নেয়নি। তারা পুরো ব্যাপারটি পাশ কাটিয়ে গেছে। আক্রান্ত শিক্ষার্থীরাও ভবিষ্যতে জ্যেষ্ঠ হয়ে নবাগত শিক্ষার্থীদের ওপর নির্যাতন চালাবেন, তাঁরা র্যাগিংকে অধিকার হিসেবে গ্রহণ করবেন। অর্থাৎ, প্রথাটি যুগ যুগ ধরে চলতে থাকবে এবং নবাগত শিক্ষার্থীরা লাঞ্ছিত, নির্যাতিত হতে থাকবেন, যতক্ষণ না প্রথাটি বিলোপ করা হয়, যতক্ষণ না বিশ্ববিদ্যালয় প্রশাসন আইনগত ব্যবস্থা নেয়।মুস্তাফিজ, মানিকগঞ্জ।১৮ মাসে বছরজাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কে পত্রিকায় প্রায়ই লেখা হয়। তাই আমি এই আশায় লিখছি, হয়তো লেখাটি পড়ে কর্তৃপক্ষ সঠিকভাবে দায়িত্ব পালন করবে। আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০০৮-০৯ শিক্ষাবর্ষে অনার্স (সম্মান) কোর্সে ভর্তি হই। দীর্ঘ ১৮ মাস পর গত নভেম্বরে পার্ট-১ চূড়ান্ত পরীক্ষা হয়। উল্লেখ্য, ছয় মাস অতিবাহিত হলেও এখনো ফল প্রকাশিত হয়নি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৮ মাসে বছর শিক্ষার্থীর জন্য নির্মম অভিশাপ। প্রতিবছর অসংখ্য শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সরকার পরিবর্তিত হয় কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো পরিবর্তন হয় না। তাই শিক্ষামন্ত্রীর কাছে বিনীত আবেদন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের দিকে নজর দিন, লাখ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ রক্ষায় এগিয়ে আসুন।মাহবুবুল হাসান ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, গাজীপুর।