চিংড়িঘের বনাম নদীর বাঁধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণাঞ্চলে চিংড়িঘের ব্যবসার সঙ্গে কৃষি আবাদের সংঘাত নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে উঠেছে। ঘেরমালিকেরা বাঁধ কেটে লোনা পানি ঢুকিয়ে আবাদের জমিকে চিংড়ি চাষের জন্য উপযোগী করতে চান, যা আবার অনেক সময় জমির মালিকেরা চান না। অনেক ক্ষেত্রে জোর করে পানি ঢুকিয়ে জমিকে লবণাক্ত করাও হয়। এরই সাম্প্রতিক উদাহরণ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধ কেটে পাইপ বসিয়ে চিংড়িঘেরে পানি ঢোকানোর ঘটনা।
গত বৃহস্পতিবারের প্রথম আলোয় বেআইনিভাবে বাঁধ কেটে চিংড়িঘেরে পানি ঢোকানোর সংবাদ প্রকাশিত হয়েছে। সংবাদের বিবরণ অনুসারে স্পষ্টতই পাউবোর শ্যামনগর শাখা কর্মকর্তার সঙ্গে যোগসাজশে বাঁধ কাটার ঘটনা ঘটেছে। কালিন্দী নদীর বাঁধে ১৫ ফুট গভীর গর্ত করে পাইপ বসানো হয়েছে। আর অভিযুক্ত ঘেরমালিকের স্বীকারোক্তি মোতাবেক এই কাজ করা হয়েছে পাউবোর কর্মকর্তাকে হাত করে।
আইলা-সিডরের সময় দেখা গিয়েছিল, ঘেরের জন্য কাটা বাঁধ সহজেই পানির তোড়ে ভেঙে পড়ে। ঘেরে পানি ঢোকাতে গিয়ে বাঁধের ক্ষতি করা অপরাধ। এ ব্যাপারে সে সময় প্রধানমন্ত্রী সরাসরি হুঁশিয়ারি উচ্চারণ করায় পাউবো পাঁচ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলাও করে। কিন্তু এখন সম্ভবত পাউবো শিথিলতা দেখাচ্ছে, সে কারণেই বারবার বাঁধ কাটার ঘটনা ঘটতে পারছে।
বাঁধের বিষয়টি দেখভাল করার দায়িত্ব পাউবোর। তা ছাড়া, কৃষি ও মৎস্য বিভাগেরও চিংড়িঘের করার নিয়মাবলি পালিত হচ্ছে কি না, তা দেখা প্রয়োজন। চিংড়িঘের নিয়ে রেষারেষি, খুনোখুনি যথেষ্টই হয়। একশ্রেণির প্রভাবশালী অস্ত্র ও ক্ষমতার জোরে সাধারণ আবাদি জমিকে যেমন ঘেরে রূপান্তরিত করেন, আবার এক মৌসুমের জন্য ইজারা নিয়ে পানি ঢুকিয়ে সেখানে স্থায়ীভাবে চিংড়ির চাষবাসও চলে। চিংড়ি রপ্তানি অর্থকরী কাজ, কিন্তু কৃষকের জীবিকা ও খাদ্য উৎপাদনের জমির চরিত্র রক্ষা করাও জরুরি। আমরা আশা করব, সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো, বিশেষত পাউবো তার প্রশাসনকে দায়িত্বশীল করে তুলবে এবং অসাধু কর্মকর্তাদের বিষয়ে ব্যবস্থা নেবে।