চিকনগুনিয়ার প্রকোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকনগুনিয়া ও ডেঙ্গু দুটি রোগই যেহেতু মশাবাহিত, তাই শুরুতেই এর পৃথক রোগ-লক্ষণগুলোর ব্যাপারে সচেতন থাকা জরুরি। বিশেষজ্ঞ চিকিৎসকদের সূত্রে জানা যাচ্ছে, ডেঙ্গুতে রক্তে প্লাটিলেট কমে যায়, রক্তক্ষরণ হয়। অন্যদিকে চিকনগুনিয়ায় তীব্র জ্বর এবং শরীরে, বিশেষ করে হাড়ের গোড়ায় গোড়ায় তীব্র ব্যথা হয় এবং র‍্যাশ ওঠে। আমরা মনে করি, চিকনগুনিয়া রোগের ব্যাপারে জনসচেতনতা সৃষ্টির কাজটিই এখন সবচেয়ে জরুরি। এই রোগের লক্ষণ ও আক্রান্ত রোগীর ক্ষেত্রে করণীয় কী, সে ব্যাপারে ব্যাপক প্রচার-প্রচারণা দরকার। স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের উচিত গণমাধ্যমে এ ব্যাপারে দৃশ্যমান প্রচার-প্রচারণা চালানো। একই সঙ্গে রাজধানীতে স্বাস্থ্যসেবার সঙ্গে জড়িত সরকারি প্রতিষ্ঠানগুলোকেও পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত ও সতর্ক থাকতে হবে। এ ধরনের রোগীরা যাতে বিশেষ মনোযোগ পান, সে ব্যাপারে নির্দেশনা দেওয়া জরুরি।

তবে পাশাপাশি এই রোগ যাতে ছড়াতে না পারে, সে ব্যাপারে মনোযোগী হতে হবে। মশা থেকে দূরে থাকতে হবে এবং এডিস মশা যেহেতু দিনে কামড়ায়, তাই এ ব্যাপারেও সতর্ক থাকতে হবে। দিনে ঘুমালেও মশারি ব্যবহার করতে হবে। ঘরের কোনো পাত্রে যাতে পানি না জমে, সে ব্যাপারে নাগরিকদের সচেতন হতে হবে।

তবে নগরবাসীকে মশার উপদ্রব থেকে মুক্তি দেওয়ার দায়িত্ব দুই সিটি করপোরেশনের। দুর্ভাগ্যজনকভাবে মশা নিয়ন্ত্রণে সিটি করপোরেশনগুলো ধারাবাহিক ব্যর্থতার পরিচয় দিয়ে আসছে, যা অগ্রহণযোগ্য। তাদের টনক নড়ুক—সেটাই আমাদের প্রত্যাশা।