কোভিড–১৯ মহামারির প্রাদুর্ভাব ঘটেছে এক বৈশ্বিক যুদ্ধের আকারে। এ যুদ্ধে সামনের সারির যোদ্ধারা হলেন চিকিৎসক ও নার্সরা। করোনা-আক্রান্ত প্রতিটি দেশেই তাঁদের দায়িত্ব অনেক বেড়ে গেছে। তাঁরা রোগীদের চিকিৎসার জন্য দিনরাত পরিশ্রম করছেন। কিন্তু এ কাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। চীন থেকে শুরু করে ইতালি পর্যন্ত সব দেশেই করোনা রোগীদের চিকিৎসা দিতে গিয়ে চিকিৎসক ও চিকিৎসাকর্মীরা আক্রান্ত হয়েছেন। অনেকে মারা গেছেন। বাংলাদেশেও একজন চিকিৎসক করোনায় মারা গেছেন, আক্রান্ত হয়েছেন অন্তত ৯০ জন চিকিৎসক ও ৪০ জন নার্স।
এ অবস্থায় করোনা মহামারি মোকাবিলার জন্য এবং আক্রান্ত রোগীদের প্রাণ রক্ষার জন্য চিকিৎসাব্যবস্থাকে শক্তিশালী করতে হবে। কিন্তু কীভাবে তা করা যাবে? চিকিৎসাব্যবস্থার মেরুদণ্ড হলো চিকিৎসকসহ মেডিকেল স্টাফ; সুদক্ষ, দায়িত্বশীল ও আন্তরিক লোকবল। এ মুহূর্তে আমাদের এ লোকবলের মানসিক ও লজিস্টিক অবস্থা কী? চিকিৎসকদের পক্ষ থেকে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামের দাবি এবং এটাকে কেন্দ্র করে সরকারি অব্যবস্থাপনা নিয়ে অনেক কথা হয়েছে, কিন্তু সমস্যার সমাধান হয়নি। চিকিৎসকদের অভিযোগ, পিপিইর ব্যাপক ঘাটতি রয়ে গেছে। আর যেসব পিপিই সরবরাহ করা হয়েছে, সেগুলোর সিংহভাগই মানসম্মত নয়। এন-৯৫ মাস্ক ছাড়া করোনা রোগীর সামনে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ—এটা চিকিৎসকেরা জানেন, কিন্তু তাঁদের এন-৯৫ মাস্ক সরবরাহ করা হয়নি। বিদেশ থেকে এন-৯৫ মাস্ক আমদানির খরচ দেখিয়ে সরবরাহ করা হয়েছে দেশে তৈরি নিম্নমানের মাস্ক, এমন অভিযোগ উঠেছে
কিন্তু চিকিৎসক ও নার্সদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আর কোনো অভিযোগ উচ্চারিত হচ্ছে না। দৃষ্টান্তস্বরূপ, উপজেলা পর্যায়ে দায়িত্বরত চিকিৎসকেরা মানসম্মত পিপিই ও এন-৯৫ মাস্ক পাননি, এমন কথা তাঁরা ব্যক্তিগত পর্যায়ে জানাচ্ছেন, কিন্তু চাকরির সমস্যার আশঙ্কায় সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে রাজি হচ্ছেন না। এদিকে সম্প্রতি নার্সদের প্রতি নির্দেশ জারি করা হয়েছে, তাঁরা যেন সংবাদমাধ্যমের সঙ্গে কথা না বলেন। সামাজিকভাবেও নার্সরা বিপদাপন্ন হচ্ছেন। যাঁরা ভাড়া বাসায় থাকেন, বাসার মালিকেরা তাঁদের বাসা ছেড়ে দিতে বলছেন। অবশ্য এটা বন্ধ করার জন্য সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে খবর বেরিয়েছে।
করোনা হাসপাতালগুলোতে দায়িত্ব পালন করছেন, এমন চিকিৎসক ও নার্সদের একটি সমস্যা হলো তাঁদের পরিবারের সদস্যদের সুরক্ষা। তাঁদের থাকার জন্য আলাদা জায়গার ব্যবস্থা করা প্রয়োজন। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের করোনা মোকাবিলায় উদ্বুদ্ধ করতে সরকার পাঁচ লাখ টাকার বিমা ঘোষণা করেছে। এটা ভালো উদ্যোগ; বিশেষত নার্সদের জন্য। চিকিৎসকদের পক্ষ থেকে আর্থিক প্রণোদনার দাবি এখনো উচ্চারিত হয়নি। তাঁদের প্রধান মনোযোগের বিষয় তাঁদের ব্যক্তিগত সুরক্ষা, সেই সূত্রে পরিবারের সদস্যদের সুরক্ষা। তাঁদের সুরক্ষা নিশ্চিত করার জন্য অবিলম্বে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মানের পিপিই ও এন-৯৫ মাস্ক পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করতে হবে। ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করা হলেই তাঁদের মনোবল বাড়বে। সরকারকে, বিশেষত প্রশাসনিক আমলাদের এমন পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকতে হবে, যা চিকিৎসক ও নার্সদের মনোবলের জন্য ক্ষতিকর হতে পারে।
আমাদের চিকিৎসক ও নার্সরা নিশ্চয়ই উপলব্ধি করছেন, এই গুরুতর সংকটকালে তাঁরাই আমাদের প্রধান ভরসা। নানা সীমাবদ্ধতা ও ঝুঁকি সত্ত্বেও জাতি তাঁদের আন্তরিকতা সেবা প্রত্যাশা করে।