দেশের স্বাস্থ্য খাতে কী ধরনের বিশৃঙ্খলা ও অনিয়ম চলছে, তার একটি দৃষ্টান্ত হচ্ছে চিকিৎসক নিয়োগের সাম্প্রতিক ঘটনাটি। প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এই মাসে নিয়োগ পাওয়া ছয় হাজােরর বেশি চিকিৎসকের মধ্যে এক হাজার ৬৪৭ জন চিকিৎসকেরই কোনো পদ নেই। শূন্য পদের বিপরীতে নিয়োগ দেওয়ার যে বিধান, তা মানা হলে এত বিপুলসংখ্যক চিকিৎসকের চাকরিজীবনের শুরুটা ওএসডি (বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা) হিসেবে হওয়ার কথা নয়। স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের মধ্যে সমন্বয়হীনতা ও দায়িত্বহীনতার ফল হচ্ছে এই নজিরবিহীন ঘটনা।
স্বাস্থ্যসচিবের সহজ যুক্তি হচ্ছে, পদের চেয়ে বেশি নিয়োগের কারণে বাড়তি চিকিৎসকদের ওএসডি করতে হয়েছে। আমাদের প্রশ্ন হচ্ছে, পদ না থাকলে কিসের ভিত্তিতে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে ছয় হাজারের বেশি চিকিৎসকের চাহিদা পাঠানো হলো? এর জবাব কে দেবে? ওএসডি চিকিৎসকদের জন্য প্রতিবছর সরকারের খরচ হবে ৩৫ কোটি টাকা। চিকিৎসকের চাহিদা কি ফুরিয়ে গেল?
শুধু বাড়তি চিকিৎসক নিয়োগ নয়, পদায়ন নিয়েও হয়েছে চরম অনিয়ম। পদায়নের ক্ষেত্রে মেধাক্রম মানা হয়নি। ওএসডি হিসেবে এত বেশিসংখ্যক চিকিৎসক কেন ঢাকার আশপাশে নিয়োগ পেলেন, তার ব্যাখ্যা বা জবাব দেবে কে? গ্রামের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য চিকিৎসক নিয়োগের বিষয়টি প্রধানমন্ত্রীর মুখে আমরা অনেকবার শুনেছি। পদায়নের দায়িত্ব পালনকারী স্বাস্থ্য মন্ত্রণালয় কি এর উল্টো পথই বেছে নিচ্ছে?
চিকিৎসক নিয়োগ ও পদায়ন নিয়ে এই নৈরাজ্যের একটি সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। দায়িত্বহীনতা ও অনিয়মের সঙ্গে জড়িতদের শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যদিকে, স্বাস্থ্যসেবার বিষয়টিকে শুধু অপরিকল্পিতভাবে চিকিৎসক নিয়োগের মধ্যে সীমাবদ্ধ না রেখে চিকিৎসকের চাহিদা, সে অনুযায়ী পদ সৃষ্টি এবং বিশেষায়িত চিকিৎসকের প্রয়োজনীয়তার বিষয়টি মাথায় রেখে নিয়োগ ও সে অনুযায়ী উচ্চশিক্ষার সুযোগ করে দিতে হবে।