শেরপুরের ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে প্রয়োজনীয়সংখ্যক চিকিৎসক না থাকায় সেখানে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। চিকিৎসা পেতে রোগীদের দেড় থেকে দুই ঘণ্টা হাসপাতালে অপেক্ষা করতে হয়। শুধু চিকিৎসক না থাকার কারণে রোগীদের এই ভোগান্তি মেনে নেওয়া যায় না।
রোববার প্রথম আলোয় প্রকাশিত খবর অনুযায়ী, জেলা হাসপাতালের চিকিৎসকের ৩৬টি পদের মধ্যে ১৭ জন কর্মরত আছেন। অথচ হাসপাতালটির বহির্বিভাগে প্রতিদিন গড়ে ৪০০ থেকে ৪৫০ জন রোগী চিকিৎসা নিতে আসেন। আর গড়ে প্রতিদিন ২০০ থেকে ২৫০ রোগী ভর্তি থাকেন। কিন্তু পর্যাপ্ত চিকিৎসকের অভাবে তাঁরা দুর্ভোগ ও হয়রানির শিকার হন। মাত্র ১৭ জন চিকিৎসক এত বেশি রোগী দেখতে গিয়ে হিমশিম খাচ্ছেন।
তবে এমন পরিস্থিতি শুধু এই হাসপাতালের নয়। ঢাকার বাইরে অনেক সরকারি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে এমন পরিস্থিতি বিরাজ করছে। বরিশাল জেলাসহ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর জন্য মোট ২২৮ জন চিকিৎসকের পদ রয়েছে। এর মধ্যে ১৩০ জন চিকিৎসক বহাল থাকলেও ৯৮টি পদ রয়েছে শূন্য। যশোরের চৌগাছা হাসপাতালে চিকিৎসকসহ ৫১ পদ দীর্ঘদিন ধরে শূন্য। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় মোট ২৪ জন চিকিৎসকের পদে ১০ জনই নেই। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১টি পদের মধ্যে জুনিয়র কনসালট্যান্ট গাইনি, জুনিয়র কনসালট্যান্ট সার্জারি, মেডিসিন ও আবাসিক মেডিকেল অফিসার পদ শূন্য রয়েছে। এ রকম অনেক হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে পদ থাকলেও কোনো চিকিৎসক নেই। ফলে রোগীরা যথাযথ স্বাস্থ্যসেবা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন।
সরকারি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো কার্যত দেশের সাধারণ ও দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসাসেবা পাওয়ার একমাত্র প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানে চিকিৎসক সংকট কোনোভাবেই কাম্য হতে পারে না। দেশের সব জেলা ও উপজেলার হাসপাতালগুলোতে শূন্য পদের তালিকা তৈরি ও চিকিৎসক নিয়োগের বিষয়টিকে গুরুত্বে সঙ্গে বিবেচনা করতে হবে।